চট্টগ্রাম, ১৭ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দল ৪৪ রানে ৪ উইকেট হারানোর পর মাশরাফি বিন মর্তুজা ভেবেছিলেন প্রথম দিনেই তাকে ব্যাট করতে নামতে হবে। অথচ দিনের শেষে তাকে সারাদিন সাজঘরে বসে থাকার জড়তা কাটাতে সতীর্থদের সঙ্গে ফুটবল খেলে গা ঘামাতে হল। বাংলাদেশ দলের এক নাম্বার বোলারকে সামনে পেয়ে প্রধান নির্বাচক রফিকুল আলমও তাই না বলে পারলেন না, "মাশরাফি, অনেকদিন পর টেস্টের প্রথম দিন তুই ব্যাট করলি না।" চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ
দল ৪৪ রানে ৪ উইকেট হারানোর পর মাশরাফি বিন মর্তুজা ভেবেছিলেন প্রথম দিনেই তাকে ব্যাট করতে নামতে হবে। অথচ দিনের শেষে তাকে সারাদিন সাজঘরে বসে থাকার জড়তা কাটাতে সতীর্থদের সঙ্গে ফুটবল খেলে গা ঘামাতে হল। বাংলাদেশ দলের এক নাম্বার বোলারকে সামনে পেয়ে প্রধান নির্বাচক রফিকুল আলমও তাই না বলে পারলেন না, "মাশরাফি, অনেকদিন পর টেস্টের প্রথম দিন তুই ব্যাট করলি না।" চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ
মাশরাফি নিজেও মনে করতে পারলেন না, শেষ কবে এমন পরিস্থিতির পরও অলআউট না হয়েই প্রথম দিন পার করে দিয়েছে বাংলাদেশ। স্কোর ওই ৪ উইকেটেই ১৮৩ - স্কোরবোর্ডের এই চেহারাই বলে দিচ্ছে ভীষণ অস্বস্তি নিয়ে শুরু হওয়া দিনের শেষে বাংলাদেশ শিবিরে স্বস্তির হিমেল হাওয়াই বয়ে গেছে। শিষ্যদের ফুটবল নিয়ে মেতে থাকা দেখতে দেখতে বললেন, "শেষপর্যন্ত যেখানে পৌছালাম, সেটা সন্তোষজনক। আমি খুশী। দারুণভাবে ফিরে এসেছি আমরা। তবে এখনো অনেকদূর যেতে হবে।"
অনেকদূর যাওয়ার স্বপ্ন দেখানো মেহরাব হোসেন জুনিয়র ও মুশফিকুর রহিমদের ব্যাটিং নিয়ে ভীষণ উচ্ছ্বসিতই শোনালো বাংলাদেশ দলের অস্ট্রেলিয়ান কোচের কন্ঠ, "ওহ, মেহরাব যেমন তেমনি মুশিও (মুশফিক) অসাধারণ ব্যাটিং করলো।" কিন্তু কোচের মতো এখানেই পথের শেষ দেখছেন না মেহরাবও, "আমরা কিন্তু এখনো ভালো অবস্থায় নেই। আর জানেন তো, টেস্ট ম্যাচে উত্থান-পতন হয় খুব। কাল (শনিবার) যদি আরো দুটো সেশন ব্যাট করতে পারি, তাহলে আশা করি ভালো অবস্থায় চলে যাব আমরা।"
মেহরাব-মুশফিক মিলে টেস্টে বাংলাদেশের পঞ্চম উইকেট পার্টনারশিপের রেকর্ড (অবিচ্ছিন্ন ১৩৯ রান) নতুন করে লেখার আগে যা যা ঘটে গেছে, তা ভেবে বিরক্তও হয়েছেন সিডন্স। ৪৪ রানে ৪ উইকেট হারানোর প্রসঙ্গ উঠতেই বোঝা গেল তার বিরক্তিটা, "ধুর, আবারো এমন হল।" শুরুর দিকে প্রচন্ড ধীরগতির ব্যাটিং নিয়েও বক্তব্য আছে তার, "প্রথম দুই ঘন্টায় মাত্র ৩৪ রান হয়েছে। ওই সময়ে আরো দুটো উইকেট পড়ে গেলে ভীষণ বিপদে পড়ে যেত দল। শেষপর্যন্ত কিন্তু আমরা বিপদে পড়েওছিলাম। আজকে আমরা ৪০ রান কম করে ফেলেছি।"
তামিম ইকবালের মতো ব্যাটসম্যান যেমন ১৮ রান করতেই খেলে ফেললেন ৯০ বল। তবে সেটা রাজিন সালেহ'র সঙ্গে তুলনীয় হওয়ার মতো নয়। ১৫১ মিনিট উইকেটে থেকে ১২৯ বলে মাত্র ২০ রান করে তিনি আউট হওয়ার পর বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমীন স্টেডিয়ামের প্রেসবক্সে ধীরগতির ব্যাটিং পরিসংখ্যান ঘাটাঘাটিও শুরু হয়ে গেল। বেশি সময় উইকেটে থেকে কম রান করার রেকর্ডটি যার, কাকতালীয়ভাবে তিনিও নিউজিল্যান্ডের। ১৯৯৮-৯৯ তে অকল্যান্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০১ মিনিট উইকেটে থেকে অবশ্য রান করতে পারেননি জি অ্যালট!
তার মতো কোনো কীর্তি রচিত না হলেও এক পর্যায়ে টেস্টের প্রথম দিনে সবচেয়ে কম রানের রেকর্ডও বাংলাদেশের ধরা-ছোঁয়ার মধ্যেই আছে বলে মনে হচ্ছিল। ১৯৫৬-৫৭ সালে করাচীতে পাকিস্তান ও অস্ট্রেলিয়া, দু'দল মিলে তুলেছিল মাত্র ৯৫ রান। ৪৩ ওভার শেষে বাংলাদেশের ৪ উইকেটে ৪৪ রান দেখার পর ওরকম কিছুর কথা কেউ ভেবে থাকলে দোষের কিছু নয়। ওভারপ্রতি ১ রান করে তোলার একটা ব্যাখ্যা দিতে চাইলেন মোহাম্মদ আশরাফুল, "সাত মাস পরে টেস্ট খেলতে নামলাম। সবাই ঠিক করেছিলাম লুজ বল না পেলে মারবো না। ওরা তখন লুজ বলও প্রায় দিচ্ছিলই না।"
দিনের শুরুতে বাংলাদেশকে চেপে ধরা কিউইরা দিনের শেষে নিজেরাই চাপে। প্রতিপক্ষকে চাপে ফেলার জন্য যেটার দরকার ছিল তা পাওয়াতে ভীষণ খুশী বাংলাদেশ অধিনায়ক, "দ্রুত চারটা উইকেট হারানোর পর আমাদের খুব বড় একটা পার্টনারশিপ দরকার ছিল। মুশফিক আর মেহরাব তা এনে দেওয়ায় ভালোই লাগছে।" দ্বিতীয় দিন আরো দুটো সেশন ব্যাটিং করতে পারলে কিউইদের আরো চেপে ধরার সুযোগও আসবে বলে মনে করছে বাংলাদেশ শিবির।
এখানকার গরমে কিউই ক্রিকেটারদের অস্বস্তি ধরা পড়েছে মেহরাবের চোখেও, "হ্যাঁ, ওদেরকে ক্লান্ত মনে হয়েছে। বিশেষ করে পেস বোলারদের। আমাদের আউট করার জন্য খুব চেষ্টা করেও যখন পারছিল না, তখন ওদের হতাশাটাও বুঝতে পারছিলাম।" গরমে কিউইদের হাঁসফাঁস আরো বাড়িয়ে দিচ্ছেন তার ব্যাটসম্যানরা, এটা দেখার জন্যই মুখিয়ে আছেন সিডন্স, "গরমে ওদের ক্লান্ত করার পরিকল্পনা আমাদের শুরু থেকেই ছিল। কাল (শনিবার) আরো গরম পড়বে। সুতরাং আমরা যতো বেশি ব্যাট করবো ততোই ক্লান্ত হবে ওরা।"
সেই ক্লান্তির সুবিধাটাই নিতে চায় বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯৪০ঘ.
bdnews24