চট্টগ্রাম, ১৭ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ৪৪ রানে চতুর্থ উইকেট হারিয়ে বাংলাদেশ তখন ভীষণ বিপদে। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৮৩ রান। মেহরাব হোসেন জুনিয়র ও মুশফিকুর রহিমের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ের জন্যই বিপদ কাটিয়ে উঠতে পেরেছে বাংলাদেশ। দুজনে পঞ্চম উইকেটে বাংলাদেশের রেকর্ড জুটি গড়ে দলকে নিয়ে গেছেন স্বস্তিকর একটা জায়গায়। দিনশেষে মেহরাব ৭৯ ও মুশফিকুর ৫৯ রানে অপরাজিত।
এতদিন টেস্ট ক্রিকেটে পঞ্চম উইকেট জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ রান ছিল ১২৬ রানের। ২০০১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে অভিষেক টেস্টেই সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসাবে সেঞ্চুরি গড়ার পথে আমিনুল ইসলামকে নিয়ে রেকর্ডটা গড়েছিলেন মোহাম্মদ আশরাফুল। শুক্রবার বাংলাদেশ অধিনায়ক এবং বাংলাদেশের অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ানের সেই রেকর্ড ম্লান করে দিয়ে মেহরাব ও মুশফিকুর গড়েছেন ১৩৯ রানের অবিচ্ছিন্ন জুটি। এবং সেটাও দলের মহাবিপদের সময়ে।
অথচ এটা মেহরাবের মাত্র দ্বিতীয় টেস্ট, আর মুশফিকের নবম। বয়সেও তারা একেবারেই তরুণ। মেহরাবের বয়স ২১, আর মুশফিকের ২০। কিন্তু দুজনের কারো ব্যাটিংয়ে অনভিজ্ঞতার ছাপ তো ফুটে ওঠেইনি বরং প্রকাশিত হয়েছে তারুণ্যের জয়গান। ভালো বল দেখে-শুনে খেলে এবং বাজে বলের ওপর চড়াও হয়ে কিউই বোলারদের হতাশায় ডুবিয়েছেন তারা। প্রথম টেস্ট ফিফটি করা মেহরাবের ১৬৪ বলের ইনিংসে বাউন্ডারি ১০টি। তার চেয়ে ১৯ বল কম খেলে একটা কম বাউন্ডারি কম মারলেও দিনের একমাত্র ছক্কাটা এসেছে দ্বিতীয় টেস্ট ফিফটি পাওয়া মুশফিকের ব্যাট থেকে। অফস্পিনার জিতান প্যাটেলের বল সীমানার বাইরে উড়িয়ে মেরে চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামের গ্যালারি উন্মাতাল করে তুলেছেন বাংলাদেশের উইকেটরক্ষক।
অথচ এর আগে আরেকটি ব্যাটিং ব্যর্থতার আশঙ্কা উঁকি দিচ্ছিল বাংলাদেশ শিবিরে। ১ উইকেটে মাত্র ৩৪ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতি থেকে ফেরার পর ড্যানিয়েল ভেট্টোরির জোড়া আঘাতে নিমেষেই পাল্টে গেছে সব। দু'বার জীবন ফিরে পাওয়া তামিম ইকবাল (১৮) দ্বিতীয় সেশনের দ্বিতীয় বলেই ভেট্টোরির ওভারপিচ বলে ড্রাইভ খেলতে গিয়ে হয়েছেন কট বিহাইন্ড। কিছুক্ষণ পর ১২৯ বলে মাত্র ২০ রান করা রাজিন সালেহ প্লেড অন হয়েছেন পেসার ইয়ান ও'ব্রায়েনের বলে। পরের ওভারেই তাকে অনুসরণ করেছেন আশরাফুল (২)। ভেট্টোরির বলে লেগ বিফোরের ফাঁদে পড়েছেন বাংলাদেশ অধিনায়ক, আর তার দল পরিণত হয়েছে ৪ উইকেটে ৪৪ রানে। কিন্তু তারপর থেকে মেহরাব-মুশফিকের দৃঢ়তায় বিপদ অনেকখানি কাটিয়ে উঠেছে বাংলাদেশ।
অবশ্য নিউজিল্যান্ড একের পর এক ক্যাচ ফেলার মহড়া না দিলে দিনের প্রথম সেশনেই চরম বিপদে পড়ে যেত স্বাগতিকরা। ওই সময়ে কিউই ফিল্ডাররা ফেলেছেন তিন তিনটি ক্যাচ। যদিও সাফল্যের মুখ তারা দেখেছিল দ্রুতই। ও'ব্রায়েনের করা ম্যাচের দ্বিতীয় ওভারের প্রথম বলেই এলবিডব্লু হয়েছেন ওপেনার জুনায়েদ সিদ্দিকী। তখনো স্কোরবোর্ডে কোনো রান জমা করতে পারেনি বাংলাদেশ। পরের বলেই দুই উইকেট হারানো দলে পরিণত হতে পারতো তারা। মাত্রই নামা রাজিনের ব্যাটের কানা নিয়ে চলে যাওয়া বল গ্লাভসবন্দী করতে পারেননি কিউই উইকেটকিপার ব্রেন্ডন ম্যাককালাম। কাইল মিলসের করা পরের ওভারে দ্বিতীয় স্লিপে অন্য ওপেনার তামিমের ক্যাচ ছেড়েছেন অ্যারন রেডমন্ড। একই ফিল্ডার শূন্য রানে জীবন ফিরে পাওয়া তামিমকে ৯ রানে আবার জীবন দিয়েছেন। এবার অফস্পিনার জিতান প্যাটেলের বলে ক্যাচ উঠেছিল শর্ট লেগে।
এই ম্যাচ দিয়েই টেস্ট অভিষেক হচ্ছে বাংলাদেশের নাঈম ইসলাম ও নিউজিল্যান্ডের জেসি রাইডারের।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ ১ম ইনিংস : ৯৪ ওভারে ১৮৩/৪ (তামিম ১৮, জুনায়েদ ০, রাজিন ২০, আশরাফুল ২, মেহরাব ৭৯*, মুশফিকুর ৫৯*, অতিরিক্ত ৫; মিলস ০/২৫, ও'ব্রায়েন ২/২৫, ওরাম ০/৯, রাইডার ০/১০, প্যাটেল ০/৫৯, ভেট্টোরি ২/৫০)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/১৭৩৪৩ঘ.
bdnews24