হায়দ্রাবাদ, ১৫ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইসিএলের প্রথম সেঞ্চুরিটি করেও ঢাকা ওয়ারিয়র্সকে জেতাতে পারলেন না অলক কাপালি। বুধবার হায়দ্রাবাদের লালবাহাদুর শাস্ত্রী স্টেডিয়ামে মাত্র ৫৯ বলে সেঞ্চুরি করেছেন বাংলাদেশের জাতীয় দল ছেড়ে আইসিএলে যোগ দেওয়া এই অলরাউন্ডার, কিন্তু তারপরও তার দল হেরে শ্বাসরুদ্ধকর এক ম্যাচে চার উইকেটে হেরে গেছে হায়দ্রাবাদ হিরোজের কাছে।
অলকের জন্য দিনটা যদি স্মরণীয় হয়, তাহলে ফরহাদ রেজার জন্য হবে ঠিক উল্টোটা। দিনটাকে ভুলে যেতেই চাইবেন তিনি। শেষ সাত বলে দরকার ১৭ রান, এমন অবস্থায় মোহাম্মদ রফিকের করা ঊনিশতম ওভারের শেষ বলে লংঅফে হায়দ্রাবাদের অধিনায়ক ক্রিস হ্যারিসের দেওয়া সহজ ক্যাচ ফেলেছেন তিনি, তার হাত ফস্কে বল চলে গেছে বাউন্ডারি পেরিয়ে। তারপর শেষ ওভারে বল করতে এসে প্রথম চার বলেই দিয়েছেন ১৩ রান। দুটি চার আর একটি ছক্কা মেরে জয়টা নিশ্চিত করেছেন হ্যারিসই।
অলকের ৬০ বলে ১০০ রানের ইনিংসটিতে ভর করে ২০ ওভারে ওয়ারিয়র্সরা তুলেছিল ৯ উইকেটে ১৬৮ রান। হ্যারিসের ১৭ বলে ৩৭ আর স্টুয়ার্ট বিনির ১৭ বলে ৩০ রানের দুটি ইনিংসের কল্যাণে দু বল হাতে রেখেই জয় পেয়ে গেছে হিরোজরা।
কদিন আগেই বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সবচেয়ে কম বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে কোনোভাবে তুলনীয় নয় আইসিএল, তারপরও বুধবারের সেঞ্চুরিটি কোনো বিদেশী দলের বিপক্ষে যে কোনো পর্যায়ে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের দ্রুততম সেঞ্চুরি। মূলত টোয়েন্টি-টোয়েন্টি টুর্নামেন্ট হিসেবেই শুরু হওয়া আইসিএলের একটা ৫০ ওভারের টুর্নামেন্টও আছে, সেখানে অভিষেক ঝুনঝুনওয়ালা একটা সেঞ্চুরি করেছিলেন। কিন্তু মূল আসরে এটাই প্রথম সেঞ্চুরি। ১১টি বাউন্ডারি আর পাঁচটি ছক্কায় সাজানো এই সেঞ্চুরি করার পরের বলেই অবশ্য আউট হয়ে গেছেন অলক, আরেকটি ছক্কা মারতে গিয়ে ডিপ মিডউইকেটে আব্দুল রাজ্জাকের হাতে ধরা পড়েছেন তিনি। বোলার ছিলেন ইন্দর শেখর রেড্ডি।
সেঞ্চুরি দিয়ে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের মাতালেও মাঠ থেকে বেরিয়েই অবশ্য সেই আনন্দে কিছুটা কালি ছিটিয়েছেন অলক, জিটিভির উপস্থাপিকাকে হিন্দিতে সাক্ষাৎকার দিয়ে।
অলক ছাড়া ওয়ারিয়র্সের ইনিংসে উল্লেখযোগ্য রান আর একজনেরই
bdnews24