২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অথচ অভিজ্ঞতায় টেলর-হাউরা আশরাফুলদের চেয়ে অনেক পেছনে!

তারা হতে পারেন বড় দলের ক্রিকেটার। অবশ্য অভিজ্ঞতা বিবেচনায় নিলে রস টেলর এবং জেমি হাউ'রা ছোট দল বাংলাদেশের অনেকের চেয়েই পিছিয়ে থাকবেন। কিন্তু দায়িত্ববোধ দিয়ে আবার তারা ঠিকই এগিয়ে গেছেন মোহাম্মদ আশরাফুল ও সাকিব আল হাসানদের চেয়ে। মঙ্গলবার সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ড ১৩ রানে ২ উইকেট হারানোর পরও যে শেষপর্যন্ত ২৪৯ রান তুলতে পারলো, এর পেছনে তৃতীয় উইকেটে এই দু'জনের ১২৫ রানের পার্টনারশিপটিরই সবচেয়ে বড় ভূমিকা। আশরাফুল-সাকিবরা সেখানে কী করলেন?

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2008, 04:26 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

চট্টগ্রাম, ১৪ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- তারা হতে পারেন বড় দলের ক্রিকেটার। অবশ্য অভিজ্ঞতা বিবেচনায় নিলে রস টেলর এবং জেমি হাউ'রা ছোট দল বাংলাদেশের অনেকের চেয়েই পিছিয়ে থাকবেন। কিন্তু দায়িত্ববোধ দিয়ে আবার তারা ঠিকই এগিয়ে গেছেন মোহাম্মদ আশরাফুল ও সাকিব আল হাসানদের চেয়ে। মঙ্গলবার সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ড ১৩ রানে ২ উইকেট হারানোর পরও যে শেষপর্যন্ত ২৪৯ রান তুলতে পারলো, এর পেছনে তৃতীয় উইকেটে এই দু'জনের ১২৫ রানের পার্টনারশিপটিরই সবচেয়ে বড় ভূমিকা। আশরাফুল-সাকিবরা সেখানে কী করলেন? নিজ নিজ উইকেট ছুঁড়ে দিয়ে এসে দলের হার নিশ্চিত করাতেই রাখলেন অবদান। অথচ আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা তাদের দায়িত্বশীল হওয়ারই দাবি জানায়। জেমি হাউ যেখানে মঙ্গলবার তার ক্যারিয়ারের মাত্র ২৮-তম ওয়ানডে খেললেন, সেখানে সাকিব খেলে ফেলেছেন ৫৪টি ম্যাচ। আর আশরাফুলের ১৩১ ম্যাচের বিপরীতে টেলরের অভিজ্ঞতা এক তৃতীয়াংশের কিছু বেশি (৪৮টি)। ওয়ানডে খেলার হাফসেঞ্চুরি পূরণ করার আগেই এদিন তিনি করে ফেলেছেন তার ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। আর এই সেঞ্চুরির জন্য তার ত্রিশ ম্যাচের অপেক্ষাও অবশেষে কাটলো। অভিজ্ঞতায় পিছিয়ে থেকেও সিরিজ নির্ধারণী ম্যাচে দলের ব্যাটিংয়ের হাল ধরতে পারার একটা ব্যাখ্যাই হতে পারে- দায়িত্ববোধ। ১০৩ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া টেলর বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমীন স্টেডিয়ামের উইকেটে স্বাচ্ছন্দ্যেই রান করেছেন এবং সংবাদ সম্মেলনে এসে যা বললেন তাতে আশরাফুলদের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠে গেছে আরো, "ঢাকার চেয়ে এখানকার উইকেটে রান করাটা সহজ ছিল।" আশরাফুল নিজেও এরসঙ্গে একমত পোষণ করার পর দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্নের মুখোমুখি হওয়াটা অনিবার্যই হয়ে পড়েছিল। সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে অসহায় আত্মসমর্পণই যেন করলেন বাংলাদেশ অধিনায়ক, "আজকের দিনের কথা যদি বলেন তাহলে বলবো আমি দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংই করেছি।" জয় দিয়ে সিরিজ শুরু করার পর দিন দিন তার দলের ব্যাটিং খারাপই হয়েছে শুধু। এর পেছনে দায়িত্বহীনতার অভিযোগ উঁড়িয়েও দিতে পারলেন না কোচ জেমি সিডন্স। তার ভাষায়, "আমাদের বেশ কয়েকজন ব্যাটসম্যান ততোটা পারফরম করেনি যতোটা তাদের করা উচিত ছিল। অ্যাশ জানে ও আজকে একটা ভূল করেছে। নিজেদের আরেকটু মেলে ধরা প্রয়োজন আমাদের অভিজ্ঞ খেলোয়াড়দের। এবং সেই সঙ্গে দায়িত্ব নিয়েও খেলা উচিত।" প্রথম দুই ম্যাচের মতো এদিনও শুরুর বিপর্যয়ের পর যেমন খেললেন রস টেলর ও জেমি হাউ (৭৩)। আর এই পুরো সিরিজটাই তো ছিল তাদের অলরাউন্ডার জ্যাকব ওরামের নৈপূণ্য ভাস্বর। প্রথম দুই ম্যাচে ৫৭ ও অপরাজিত ৭৫ রানের পর শেষ ম্যাচে রান করতে পারেননি ঠিকই। কিন্তু বল হাতে মাত্র ১৬ রানে ২ উইকেট তুলে নিয়ে পুষিয়েও দিয়েছেন। ব্যাটে-বলে ও ফিল্ডিংয়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ব্র্যাক ব্যাংক ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারের দুই হাজার ইউএস ডলারের চেকও পকেটে পুরেছেন। তার দৃষ্টিতে প্রথম ম্যাচের হারই তাদের জাগিয়ে তুলেছিল, "প্রথম ম্যাচের হারটা আমাদের জন্য 'ওয়েক আপ কল' ছিল। এরপর যতো সময় গেছে আমরা ততোই উন্নতি করেছি।" অধিনায়ক ডেনিয়েল ভেট্টোরির কথাতেও এসেছে প্রসঙ্গটা, "হার দিয়েই শুরু হয়েছিল আমাদের। কিন্তু এরপরে আমরা যেভাবে সিরিজে ফিরলাম এবং শেষপর্যন্ত ২-১এ সিরিজ জিতেও নিলাম, সেটা দারুণ তৃপ্তিদায়ক।" সিরিজ ৩-০ তে জিতলে তো আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের দুই নাম্বারেও উঠে আসা যেত। সেই প্রসঙ্গ উঠতেই বললেন, "৩-০ করতে পারলে অবশ্যই খুব ভালো হত। তবে ২-১ ও কম নয়। জয় তো জয়ই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১২৫ঘ.