২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন খুলনার শুভ সূচনা

জাতীয় ক্রিকেট লিগে শুভ সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন খুলনা। রোববার চার দিনের ম্যাচের উদ্বোধনী রাউন্ডে এক দিন হাতে রেখেই তারা ৩৫ রানে হারিয়ে দিয়েছে সিলেটকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2008, 03:29 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ঢাকা, ১২ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় ক্রিকেট লিগে শুভ সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন খুলনা। রোববার চার দিনের ম্যাচের উদ্বোধনী রাউন্ডে এক দিন হাতে রেখেই তারা ৩৫ রানে হারিয়ে দিয়েছে সিলেটকে। খুলনার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে স্বাগতিকদের জয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন রাজিন সালেহ। কিন্তু এবারের জাতীয় লিগে প্রথম সেঞ্চুরি করা রাজিনের ১৩৫ রানের দারুণ এক ইনিংস শেষ পর্যন্ত কোনো কাজে আসেনি সিলেটের। ২৯২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে তারা অলআউট হয়ে গেছে ২৫৬ রানে। ৬০ রানে ৫ উইকেট নিয়েছেন খুলনার স্পিনার রবিউল ইসলাম, ৬৩ রানের বিনিময়ে পেসার জিয়াউর রহমানের শিকার ৪ উইকেট। ম্যাচের সেরা অবশ্য তারা কেউ নন। দুই ইনিংস মিলিয়ে ১৩ উইকেট নেয়ার সুবাদে ম্যান অব দ্য ম্যাচ সিলেটের বাঁহাতি স্পিনার নাবিল সামাদ। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ২০৭ রানে এগিয়ে আছে বরিশাল। প্রথম ইনিংসে বরিশালের ২৭৩ রানের জবাবে রাজশাহী অলআউট হয়ে গেছে ২১৫ রানে। ফলে বরিশাল পেয়েছে ৫৮ রানের লিড। রোববার তৃতীয় দিনটা তারা শেষ করেছে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৪৯ রান নিয়ে। নাসিরউদ্দিন ৪৫ রানে আউট হলেও রনি তালুকদার অপরাজিত আছেন ৩০ রান নিয়ে। নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামে দিনটা মোটেও ভালো কাটেনি স্বাগতিক ঢাকার। ভেজা আউটফিল্ডের কারণে দুদিন নষ্ট হওয়ার পর রোববার তৃতীয় দিনে তারা অলআউট হয়ে গেছে ২১০ রানে। মোহাম্মদ ইউনুস ৫৯ রানে ৫ এবং তারেক আজিজ ৪৪ রানে ৪ উইকেট নিয়েছেন। ৪৫ রান করা নাজমুল হোসেন মিলন ঢাকার সর্বোচ্চ স্কোরার। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান জাভেদ ওমরের। দিনশেষে চট্টগ্রামের সংগ্রহ বিনা উইকেটে ৪৮ রান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১২৫ঘ.