ঢাকা, ১১ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- সিরিজ জয়ের স্বপ্নের সমাধি এখনো হয়ে যায়নি। তবে শনিবারই এই স্বপ্নটা সত্যি হয়ে যেতে পারতো। এবং তা হলে মঙ্গলবার চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে নতুন একটি স্বপ্নের নাম হত 'হোয়াইটওয়াশ'। ১১৫ রানে ৭ উইকেট নেই কিউইদের, এমন স্বপ্নের মতো অবস্থায় থেকেও এর কিছুই হল না কেন?
মোহাম্মদ আশরাফুল ব্যাটিং এবং ফিল্ডিংয়েই পাচ্ছেন এই প্রশ্নের উত্তর। বললেন, "প্রথমে বলবো বোলাররা খুব ভালো বল করেছে। ফিল্ডিংও ভালো হয়েছে তবে আরেকটু সমর্থন পাওয়া গেলে হয়তো আরো কম রানে ওদের অলআউট করতে পারতাম। আর ব্যাটিংটা আসলে আমরা বেশি ধীরগতির করে ফেলেছি। ২০ ওভারে করেছি মাত্র ৫০ রান। এই জায়গাটাতে আমাদের ২৫ রান কম হয়ে গেছে। রানটা যদি তখন ৭৫ হত তাহলে হয়তো পরিস্থিতি আরো সহজ হতে পারতো।"
নিজের বলে সৈয়দ রাসেল এবং জুনায়েদ সিদ্দিকী অসাধারণ দুটো ক্যাচ নেওয়ার পরেও ম্যাচের শেষে সেগুলোর কথা খুব একটা মনে পড়েনি কারোরই। একেই দল হেরেছে এবং এই হারের পেছনে ক্যাচ পড়ার ভূমিকাও কম নয় বলে মনে করারও কারণ আছে যথেষ্ট। ব্যাটে-বলে (৬২ বলে অপরাজিত ৭৫ রান এবং ২৩ রানে ২ উইকেট) বাংলাদেশের মুঠো থেকে ম্যাচ বের করে নিয়ে ম্যাচ সেরার পুরস্কারের চেক পকেটে ঢোকানো জ্যাকব ওরাম তো আউট ছিলেন ২৬ রানেই।
শাহাদাত হোসেনের বলে তার ক্যাচটা নিয়েই ফেলেছিলেন আব্দুর রাজ্জাক। কিন্তু জুনায়েদও ওই ক্যাচ নিতে আসার ফল দু'জনের শারীরিক সংঘাত এবং ওরামের জীবন ফিরে পাওয়া। এই প্রসঙ্গ তুলতেই "কী আর বলার আছে" বলে এক গাল হাসলেন বোনাস ৪৯ রান করা দীর্ঘদেহী এই কিউই অলরাউন্ডার। পরে রাজ্জাকের ওপর চড়াও হওয়ার সাধও মেটালেন ইনিংসের শেষ ওভারে তিন ছক্কা ও এক বাউন্ডারিতে ২৫ রান তুলে, "আমি আগেও দেখেছি রাজ্জাক শেষের দিকে নিয়মিতই বল করে। গত ম্যাচে পাওয়ার প্লেতেও বল করেছে। চেষ্টা করেও ওই ম্যাচে ওর ওপর চড়াও হতে পারিনি। এই ম্যাচেও ওই ওভারটাতে যে সব শট নিশ্চিত হয়ে খেলেছি তা নয়। দ্বিধান্বিত হয়েই শটগুলো খেলেছি বলতে পারেন।"
শেষ ওভারের ওই ঝড়ে ২১২ রান তুলে ফেলার পরও অনিশ্চয়তার ভুগছিল নিউজিল্যান্ড শিবির। অধিনায়ক ডেনিয়েল ভেট্টোরিও তা স্বীকার করেছেন নির্দ্বিধায়, "আজ আমরা মাঝারিমানের স্কোর গড়ে জিতেছি। বিরতির সময় টেনশনও হচ্ছিল খুব। কিন্তু শুরুতেই মিলস (কাইল) দুটো উইকেট তুলে নেওয়ায় আমরা ম্যাচে ফিরি।" কিন্তু নিজ দলের ব্যাটিং নিয়ে এখনো সন্তুষ্ট হতে পারছেন না, "আবারো হতাশাজনক ব্যাটিং করলাম আমরা।"
তবে সিরিজ জয় নিশ্চিত করার সুযোগ হাতছাড়া করার হতাশার চেয়ে আশরাফুলের কাছে বড় হয়ে উঠছে এটা, "গত তিনটি ম্যাচেই আমরা জেতার সুযোগ তৈরি করেছি। এরমধ্যে একটায় জিতেছি। অস্ট্রেলিয়ায় ওদেরকে ১৯৮ রানের মধ্যেই আটকে ফেলেছিলাম। ওই সুযোগটা কাজে লাগাতে পারিনি। আজকেও একটা ভালো সুযোগ ছিল। এর ইতিবাচক দিক হচ্ছে প্রত্যেক ম্যাচেই আমরা অন্তত দুটো ডিপার্টমেন্টে ভালো খেলছি। ব্যাটিংয়ে শ্রম আরো বাড়াতে হবে। আশা করি চট্টগ্রামে তিন ডিপার্টমেন্টেই ভালো খেলে সিরিজ জিততে পারবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২০৫ঘ.
bdnews24