২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে ম্যাচে টিকিয়ে রাখলেন ব্যাটসম্যান হরভজন-জহির

হরভজন সিং ও জহির খানের পরিচয় ব্যাটসম্যান হিসাবে নয়। বোলার হিসাবেই তারা প্রতিনিধিত্ব করছেন ভারতকে। কিন্তু শনিবার ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে সতীর্থ তারকা ব্যাটসম্যানদের লজ্জা দিয়ে দু জনেই জ্বলে উঠলেন ব্যাট হাতে। আর সেই সুবাদেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে লড়াই থেকে ছিটকে পড়েনি ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2008, 01:07 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

বেঙ্গালুরু, ১১ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- হরভজন সিং ও জহির খানের পরিচয় ব্যাটসম্যান হিসাবে নয়। বোলার হিসাবেই তারা প্রতিনিধিত্ব করছেন ভারতকে। কিন্তু শনিবার ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে সতীর্থ তারকা ব্যাটসম্যানদের লজ্জা দিয়ে দু জনেই জ্বলে উঠলেন ব্যাট হাতে। আর সেই সুবাদেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে লড়াই থেকে ছিটকে পড়েনি ভারত। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪৩০ রানের জবাবে তৃতীয় দিনশেষে স্বাগতিকদের স্কোর ৮ উইকেটে ৩১৩ রান। হরভজন ৫৪ করে আউট হলেও জহির ৩৫ রানে অপরাজিত। শনিবার খেলা শুরু হতেই গৌতম গম্ভীরকে হারায় ভারত। ব্রেট লি'র করা দিনের দ্বিতীয় ওভারেই এলবিডব্লু হয়ে যান গম্ভীর (২১)। ৭০ রানে তার বিদায়ের ৬ রান পর সবচেয়ে বড় ধাক্কাটা খায় ভারত। মিচেল জনসনের বলে ম্যাথু হেইডেনকে ক্যাচ দেন ৬৪ বলে ৭টি বাউন্ডারিসহ ৪৬ রান করা বীরেন্দর শেবাগ। ঠিক এই অবস্থায় শচীন টেন্ডুলকারের যা করা উচিত ছিল তিনি করেছেন তার উল্টোটা। দারুণ একটি চার মারার পরের বলে মিসটাইমিংয়ের ফাঁদে পড়ে কভারে সহজ ক্যাচ দিয়ে ফিরেছেন এই ইনিংসেই ৭৭ রান করে লারাকে টপকে যাওয়ার চিন্তা মাথায় নিয়ে নামা টেন্ডুলকার (১৩)। আরেক সিনিয়র লক্ষ্মণও (০) ব্যর্থ হয়েছেন আস্থার প্রতিদান দিতে। টেন্ডুলকারের মতো তিনিও জনসনের শিকার। ১০৬ রানে ৪ উইকেট হারানোর পর দ্রাবিড় ও সৌরভ চেষ্টা করেছেন ঘুরে দাঁড়িয়ে দলকে স্বস্তিকর একটা জায়গায় নিয়ে যাওয়ার। কিন্তু ভারতের স্কোর ১৫৫তে পৌঁছানোর পর বিদায় নিতে হয়েছে ৭টি বাউন্ডারি সহ ৫১ রান করা দ্রাবিড়কে। তাকে এলবিডব্লুর ফাঁদে ফেলেছেন শেন ওয়াটসন। ক্যারিয়ারের বিদায়ী সিরিজের প্রথম ইনিংস খেলতে নামা সৌরভ অবশ্য তাতে দমে যাননি। প্রথমে ধোনিকে (৯) নিয়ে ৪০ রানের জুটি গড়েছেন তিনি। ধোনিকে স্টুয়ার্ট ক্লার্ক বোল্ড করার পর ভারতের সফলতম টেস্ট অধিনায়কের সঙ্গে হরভজনের ৩৭ রানের জুটিটাও অনেকখানি আশার আলো দেখিয়েছে ভারতকে। সৌরভ নিজেও পৌঁছে গিয়েছিলেন ৩৫তম টেস্ট ফিফটির কাছাকাছি। কিন্তু তার আশা পূর্ণ হতে দেননি জনসন। ৪৭ রান করা সৌরভকে ফিরিয়ে অস্ট্রেলীয় শিবিরের অস্বস্তি দূর করেন তিনি। ভারতের স্কোর তখন ৭ উইকেটে ২৩২। শুধু টেলএন্ডাররা থাকায় পন্টিংয়ের দল তখন ভারতকে আড়াই শ' কিংবা তার চেয়ে কিছু বেশি রানের মধ্যে আটকে দেয়ার স্বপ্নে বিভোর। তবে অস্ট্রেলীয়দের সেই আশা পূর্ণ হতে দেননি হরভজন-জহির। চা-বিরতির পর খেলা শুরু হতে না হতেই বৃষ্টির জন্য আধ ঘন্টার মতো বন্ধ ছিল খেলা। খেলা আবার শুরু হতেই অস্ট্রেলিয়া অবাক হয়ে দেখেছে দুই টেলএন্ডারের অসাধারণ প্রতিরোধ। হরভজন-জহিরের দৃঢ়তা ভরা ৮০ রানের জুটিই ৩০০ পার করিয়েছে ভারতকে। হরভজন পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম ফিফটি। দিনের খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে ওয়াটসনের বলে কট বিহাইন্ড হয়ে গেছেন তিনি। 'ভাজ্জি'র ৫৪ রানের ইনিংসে বাউন্ডারি ছিল ৫টি। জহিরের বাউন্ডারির সংখ্যাও তা-ই। ৬২ রানে ৪ উইকেট নিয়েছেন জনসন। ৩৭ রানের বিনিময়ে ওয়াটসনের শিকার দুই উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/এএআর/১৯০৫ঘ.