২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেবাগ-টেন্ডুলকারদের হারিয়ে ব্যাকফুটে ভারত

অস্ট্রেলিয়া ৪৩০ রানের যে স্কোরটা দাঁড় করিয়েছিল সেটা বড় একটা স্কোরই। কিন্তু বীরেন্দর শেবাগ যতক্ষণ উইকেটে ছিলেন ততক্ষণ সেটাকে মনে হচ্ছিল সামান্যই, কিন্তু তিনি যাওয়ার পর সেটা আবার অসামান্য। আগের দিনের বিনা উইকেটে ৬৮ রান নিয়ে খেলতে নামা ভারত শেবাগ-গম্ভীর-টেন্ডুলকার-লক্ষণদের হারিয়ে লাঞ্চে গেছে ৪ উইকেটে ১৩৩ রান নিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2008, 06:14 AM

Updated : 26 Aug 2022, 02:29 PM

বেঙ্গালুরু, ১১ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- অস্ট্রেলিয়া ৪৩০ রানের যে স্কোরটা দাঁড় করিয়েছিল সেটা বড় একটা স্কোরই। কিন্তু বীরেন্দর শেবাগ যতক্ষণ উইকেটে ছিলেন ততক্ষণ সেটাকে মনে হচ্ছিল সামান্যই, কিন্তু তিনি যাওয়ার পর সেটা আবার অসামান্য। আগের দিনের বিনা উইকেটে ৬৮ রান নিয়ে খেলতে নামা ভারত শেবাগ-গম্ভীর-টেন্ডুলকার-লক্ষণদের হারিয়ে লাঞ্চে গেছে ৪ উইকেটে ১৩৩ রান নিয়ে। দিনের খেলা শুরু হতেই গম্ভীরকে হারায় ভারত। ৭০ রানে তার বিদায়ের ৬ রান পর সবচেয়ে বড় ধাক্কাটা খায় ভারত। মিচেল জনসনের বলে হেইডেনকে ক্যাচ দেন ৬৪ বলে ৭টি বাউন্ডারিসহ ৪৬ রান করা শেবাগ। ঠিক এই অবস্থায় টেন্ডুলকারের যা করা উচিত ছিল, তিনি করেছেন তার উল্টোটা। দারুণ একটি চার মারার পরের বলে মিসটাইমিংয়ের ফাঁদে পড়ে কভারে সহজ ক্যাচ দিয়ে ফিরেছেন এই ইনিংসেই ৭৭ রান করে লারাকে টপকে যাওয়ার চিন্তা মাথায় নিয়ে নামা টেন্ডুলকার (১৩)। আরেক সিনিয়র লক্ষণ (০)ও ব্যর্থ হয়েছেন আস্থার প্রতিদান দিতে। ১০৬ রানে ৪ উইকেট হারানোর পর দ্রাবিড় ও সৌরভ চেষ্টা করছেন ঘুরে দাঁড়ানোর। লাঞ্চ পর্যন্ত আর কোনো ক্ষতি হতে না দিয়ে তারা স্কোর নিয়ে গেছেন ১৩৩ এ। দ্রাবিড় ব্যাট করছেন ৩৫ রান নিয়ে। ক্যারিয়ারের বিদায়ী সিরিজের প্রথম ইনিংস খেলতে নামা সৌরভ ব্যাট করছেন ৭ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/১২০০ঘ.