চট্টগ্রাম, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---নিউজিল্যান্ড ক্রিকেট দলের আসন্ন চট্টগ্রাম সফরের সময় নগরীতে ব্যাপক নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণের কথা জানিয়েছেন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান। চট্টগ্রামে নিউজিল্যান্ড স্বাগতিক বাংলাদেশের সঙ্গে একটি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ খেলতে রোববার (১২ অক্টোবর) চট্টগ্রাম আসছে নিউজিল্যান্ড। ২১ অক্টোবর পর্যন্ত তারা থাকবে বন্দরনগরীতে।
শুক্রবার বিকালে পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক এক সংবাদ সম্মেলনে মনিরুজ্জামান জানিয়েছেন, খেলার সময়ে সার্বিক নিরাপত্তার জন্য অতিরিক্ত নয় শতাধিক পুলিশ, র্যাবসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে।
চট্টগ্রামের ম্যাচগুলোর ব্যবস্থাপনা কমিটির সমন্বয়কারী ইমরোজ আহমেদ নিরাপত্তার পাশাপাশি অন্য কিছু উদ্যোগের কথাও জানিয়েছেন সবাইকে। খেলার সময়ে যাতে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক থাকে সেজন্য বিশেষ ব্যবস্থা নেয়ার কথা জানানোর পর টিকেট বিক্রির বিষয়েও বিস্তারিত তথ্য দিয়েছেন তিনি, ''চট্টগ্রামে এ দুটি ম্যাচে বিক্রির জন্য ১১ হাজার ৩ শত টিকিট ছাড়া হয়েছে। এবি ব্যাংকের বিভিন্ন শাখায় রোববার থেকে এবং খেলার দিন স্টেডিয়ামের বুথ থেকে এসব টিকিট বিক্রি করা হবে।''
ওয়ানডে টিকেটের দাম রাখা হয়েছে, গ্যালারি ১০০ ও ২০০ টাকা এবং ক্লাব হাউস ৩০০ টাকা। আর টেস্টে প্রতিদিন গ্যালারি ৫০ ও ১০০ টাকা এবং ক্লাব হাউস ১৫০ টাকা। তবে স্কুলের শিক্ষার্থীরা টেস্ট ম্যাচ দেখতে চাইলে তাদেরকে টিকেট কিনতে হবে না। ছোটদের মধ্যে ক্রিকেটের আগ্রহ বাড়াতে তাদেরকে বিনামূল্যে টেস্ট দেখার সুযোগ দেয়া হচ্ছে।
চট্টগ্রামের বিভাগীয় স্টেডিয়ামটি শহর থেকে অনেক দূরে হওয়াতে খেলার দিন দর্শকদের যাতায়াতে একটা সমস্যা হয়। সেই সমস্যা দূরীকরণে একটা উদ্যোগের কথা জানালেন পুলিশ কমিশনার। খেলার দিনগুলোতে স্টেডিয়াম এলাকা থেকে গাড়ি চলাচলের বিশেষ ব্যবস্থা করবে ট্রাফিক বিভাগ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে আয়োজিত এ সংবাদ সম্মেলনে চট্টগ্রাম টুর্নামেন্ট ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও পুলিশ কমিশনার মনরিুজ্জামান ছাড়াও বক্তব্য রাখেন টুর্র্নামেন্ট ব্যবস্থাপনা কমিটির সমন্বয়কারী মেজর (অব.) ইমরোজ আহমেদ, বিসিবি কর্মকর্তা ফিরোজ আহমেদ ও তারেকুজ্জামান মুনির, মিডিয়া কমিটির সদস্য ও চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাসসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএম/১৯৪৫ঘ.
bdnews24