ঢাকা, ৯ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- টার্গেট দেওয়া গিয়েছিল মাত্র ৯৩ রানের। মামুলি স্কোর তো বটেই, তবে তা কোনোভাবেই ৬ ওভারে টপকে যাওয়ার মতো নয়। অথচ গত বছরের শেষদিন কুইন্সটাউনে ব্রেন্ডন ম্যাককালামের ব্যাটিং তান্ডবে সেই লজ্জাটাই পেয়েছিল বাংলাদেশ। এটা নিয়ে এই সেদিনও আফসোস হয়েছে তার। কারণটা মাশরাফি বিন মর্তুজার মুখ থেকেই শুনে নেওয়া যাক, "ও তো শুরুতেই আউট ছিল। আমার বলে ক্যাচ উঠেছিল। কিন্তু থার্ডম্যানে রাজীব (শাহাদাত হোসেন) ফেলে দিয়েছিল।" বাংলাদেশের অনেক ক্রিকেট সাফল্যের নায়কের অবদান নিয়ে লিখেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ।
এরকম ক্যাচ ফেলার ঘটনা তার ক্ষেত্রে গত কিছুদিন ধরেই ঘটে আসছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে ব্র্যাক ব্যাংক সিরিজের প্রথম ওয়ানডের আগে খেলা সর্বশেষ চারটি ওয়ানডেতে উইকেটবিহীন থাকার পেছনেও আছে সতীর্থদের ক্যাচ ফেলার ঘটনা। সতীর্থরা ক্যাচ না ফেললে সর্বশেষ ১০টি ওয়ানডেতে তার নামের পাশে মাত্র ছয়টি উইকেট থাকে না। এক্ষেত্রে সাবেক সতীর্থদের কৃতিত্বই (!) সবচেয়ে বেশি।
রহস্যটা হাসতে হাসতেই ভেদ করছিলেন বাংলাদেশ দলের মূল স্ট্রাইক বোলার, "গত পাঁচ ম্যাচেই আমার সাতটা ক্যাচ পড়েছে। এরমধ্যে পাঁচটাই ফেলেছে আইসিএল পার্টি।" বিস্তারিত পরিসংখ্যানও পাওয়া গেল তার কাছে, "অলক (কাপালি) দুইটা, ফরহাদ (রেজা) দুইটা আর ধীমান (ঘোষ) একটা।" নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেও কিন্তু তার বলে ক্যাচ পড়েছে। কিউই ইনিংসের শেষ ওভারে তার বলে টিম সাউথির ক্যাচ ফেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ওটি না ফেললে ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ইনিংসে পাঁচ উইকেট পাওয়ার কৃতিত্ব দেখানো হয়ে যায়।
৪৪ রানে ৪ উইকেট নেওয়া মাশরাফিকে অবশ্য এবার আফসোসে আক্রান্ত করা যাচ্ছে না কিছুতেই। কারণটা খুব পরিষ্কার। বৃহষ্পতিবার রাতে বাংলাদেশ দলের জয় উদযাপন করার কথা গুলশানের একটি রেষ্টুরেন্টে। টিম ডিনারে যাওয়ার পথে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বললেন, "আরে ভাই, দল জিতলে আর কোনো আফসোসই থাকতে পারে না। আর দল হারলে ছোটোখাটো অনেক আফসোসই অনেক বড় হয়ে যায়। ক্যাচ পড়ার ঘটনাগুলো গত কিছুদিন এজন্যই মনে পড়ছিল বেশি।"
এবার দলের জয় সব ভুলিয়ে দিয়েছে। আর কোচ জেমি সিডন্স মনে করছেন, এটা অবশেষে পাওয়া মাশরাফির পুরস্কার, "সন্দেহ নেই মাশরাফি আমাদের সেরা বোলার। কিন্তু গত কিছুদিন ও ভালো বোলিং করেও পুরস্কার পাচ্ছিল না। প্রতিপক্ষের ব্যাটসম্যানরা ওকে দেখেশুনে খেলে অন্যদের ওপর চড়াও হচ্ছিল। অবশেষে ও ওর প্রাপ্যটা আজকে পেল।" এই পাওয়া দলকেও বড় এক পাওয়ার পথ খুলে দিয়েছিল। আর মাশরাফিই তো বললেন বড় কিছু পাওয়ার আনন্দ ম্লান করে দেয় অনেক না পাওয়ার বেদনাও।
কিন্তু এই দিনটা আনন্দের না হয়ে মাশরাফির জন্য হয়ে যেতে পারত চরম বিষাদের। তার ইনজুরির যে দীর্ঘ ইতিহাস তাতে আরেকটা অধ্যায় যুক্ত করে কয়েক মাসের জন্য বাইরে চলে যাওয়ার ঘটনাও ঘটা সম্ভব ছিল। একটা বাউন্ডারি আটকাতে গিয়ে ভারসাম্য হারিয়ে গিয়ে পড়ে যান বাউন্ডারির বাইরের বিজ্ঞাপনী বোর্ডে। তা সেটা নতুন কোনো ব্যাপার নয়, আন্তর্জাতিক ক্রিকেটের স্বাভাবিক দৃশ্য, কিন্তু যেটা অস্বাভাবিক সেটা হলো ঐ বোর্ডের আড়ালেই রাখা ছিল মাঠ শুকানোর রোলার। মাশরাফি না দেখে সেটার ওপর যেভাবে পড়েছিলেন তা দেখে সবাই ধরেই নিয়েছিলেন, আবার বোধহয় কয়েক মাসের জন্য! তার অতীতও আশঙ্কার পক্ষে কথা বলছিল। বলের ওপর পা পড়ে গিয়ে পা ভাঙ্গা থেকে শুরু করে কত বিচিত্র ইনজুরির শিকার যে হয়েছেন তিনি। কিন্তু বৃহস্পতিবার দিনটা যে মাশরাফির দিন। দিনটা যে বাংলাদেশের দিন। তাই এদিন তার তিক্ত ইতিহাসও তার থেকে দূরে থাকল। পুরো মাঠকে আনন্দে ভাসিয়ে আবার মাঠে ফিরলেন তিনি, ফিরে উইকেট নিয়ে কিউই ইনিংস ছোট করাতে ভূমিকা রাখলেন আরও। আর জানা কথাটা আবার জানালেন, বাংলাদেশের গৌরবের কোনো জয়ে মাশরাফির অবদান থাকতেই হয়!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/ঘ.
bdnews24