ঢাকা, ৮ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ৮৫ হাজার ইউএস ডলারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টাইটেল স্পনসরশিপ স্বত্ত্ব কিনে নিয়েছিল অ্যাডটাচ নামের একটি মার্কেটিং এজেন্সি। কিন্তু তারা ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিসিবিকে টাইটেল স্পনসরের নাম জানাতে না পারায় তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে বিলম্বে হলেও অ্যাডটাচ টাইটেল স্পনসর হিসেবে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক ব্র্যাক ব্যাংককে নিয়ে এসেছে।
বুধবার এক সংবাদ সম্মেলনে এই বিলম্বের দায় নিজেদের কাঁধেই নিয়ে নিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এইএম মোহাইমেন, "আসলে আমরা অনেক আগে থেকেই এই সিরিজের টাইটেল স্পনসর হওয়ার বিষয়ে অ্যাডটাচের সঙ্গে আলোচনা করছিলাম। কিন্তু মাঝখানে আমি দেশের বাইরে চলে যাওয়ায় এই দেরিটা হয়েছে।"
এই সিরিজে এর বাইরেও আরো কিছু স্পনসর পেয়ে গেছে বিসিবি। যেমন অফিশিয়াল ক্যারিয়ার হয়েছে রয়েল বেঙ্গল এয়ারলাইন্স। মজার ব্যাপার হল, এই সিরিজের আইসক্রিম স্পনসরও পাওয়া গেছে। আর সেটি হয়েছে ইগলু। সিরিজ চলাকালীন তারা ঢাকার গ্যালারিতে ৩০ এবং চট্টগ্রামের গ্যালারিতে ২০টি করে ফ্রিজ রাখবে। যেখান থেকে বাজার মূল্যের চেয়েও কমে কোম্পানির দরে আইসক্রিম কিনতে পারবেন দর্শকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৫৭ঘ.
bdnews24