২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তারপরও সৌরভের ওপরে নির্বাচকদের আস্থা

শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট সিরিজে ভালো করতে পারেননি। সুযোগ পাননি ইরানি কাপে অবশিষ্ট ভারতীয় দলেও। সেজন্যই অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে তার সুযোগ পাওয়া নিয়ে একটা গুঞ্জন ছিল। আপাতত সেই গুঞ্জনের সমাপ্তি। বুধবার প্রথম দুই টেস্টের জন্য ঘোষিত দলে সৌরভ গাঙ্গুলীর ওপরে ঠিকই আস্থা রেখেছেন ভারতের নির্বাচকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2008, 02:16 PM

Updated : 26 Aug 2022, 02:27 PM

মুম্বাই, ১ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট সিরিজে ভালো করতে পারেননি। সুযোগ পাননি ইরানি কাপে অবশিষ্ট ভারতীয় দলেও। সেজন্যই অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে তার সুযোগ পাওয়া নিয়ে একটা গুঞ্জন ছিল। আপাতত সেই গুঞ্জনের সমাপ্তি। বুধবার প্রথম দুই টেস্টের জন্য ঘোষিত দলে সৌরভ গাঙ্গুলীর ওপরে ঠিকই আস্থা রেখেছেন ভারতের নির্বাচকরা। শ্রীলঙ্কায় তিন টেস্টের ছয় ইনিংসে সব মিলিয়ে মাত্র ৯৬ রান এসেছিল সৌরভের ব্যাট থেকে। ইরানি কাপে খেলার সুযোগ না পেয়ে বেশ চাপের মধ্যেও ছিলেন 'প্রিন্স অব কলকাতা'। তবে এখন সেই চাপ থেকে ভারতের সফলতম টেস্ট অধিনায়ক মুক্ত। 'ফ্যাব ফোর' নামে পরিচিত শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ ও সৌরভ অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জের সামনে দাঁড়াতেও প্রস্তুত। ভারতের ১৫ সদস্যের দলে রাখা হয়েছে মিডল অর্ডার ব্যাটসম্যান সুব্রামানিয়াম বদ্রিনাথ এবং লেগস্পিনার অমিত মিশ্রকেও। দুজনই তিনটি করে ওয়ানডে খেললেও এখনো টেস্ট খেলার সুযোগ পাননি। এ দুজন সুযোগ পাওয়ায় বাদ পড়েছেন আরেক মিডল অর্ডার ব্যাটসম্যান রোহিত শর্মা ও বাঁহাতি স্পিনার প্রজ্ঞান ওঝা। রোহিত ও ওঝা জুলাই-আগস্টে শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট সিরিজের দলে ছিলেন। বিশ্রাম নেয়ার জন্য ঐ সিরিজে না খেললেও অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে ফিরেছেন মহেন্দ্র সিং ধোনি। ব্যাঙ্গালোরে প্রথম টেস্ট শুরু হবে ৯ অক্টোবর থেকে। ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের ভেন্যু মোহালি। সিরিজের বাকি দুই টেস্ট অনুষ্ঠিত হবে দিল্লী ও নাগপুরে। ভারতের প্রথম দুই টেস্টের দল : অনিল কুম্বলে (অধিনায়ক), বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ, সৌরভ গাঙ্গুলী, সুব্রামানিয়াম বদ্রিনাথ, মহেন্দ্র সিং ধোনি, জহির খান, মুনাফ প্যাটেল, হরভজন সিং, রুদ্রপ্রতাপ সিং, ইশান্ত শর্মা ও অমিত মিশ্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০১০ঘ.