সিডনি, ২৯ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হরভজন সিংকে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগ থেকে মুক্তি দিয়েছে আইসিসি। তবে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ভারতীয় এই স্পিনারকে অপেক্ষাকৃত ছোট অপরাধের অভিযোগে পঞ্চাশ শতাংশ ম্যাচ ফি জরিমানা করেছে। এদিকে, অস্ট্্েরলিয়ার সঙ্গে শুক্রবারের টোয়েন্টি টোয়েন্টি ম্যাচের জন্য মঙ্গলবারই ভারতীয় দলের মেলবোর্ন রওনা হওয়ার কথা থাকলেও এখনো তারা অ্যাডিলেড ছাড়েনি। তবে হরভজনের ওপর থেকে গুরুদন্ড তুলে নেয়ার পর অনিল কুম্বলের দল সফরের বাকি ম্যাচগুলো যথারীতি খেলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
হরভজনের বিরুদ্ধে অভিযোগ, অ্যান্ড্রু সাইমন্ডসকে তিনি 'বাঁদর' বলেছেন। এ অপরাধে তার বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগ তোলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং। এ মাসের শুরুর দিকে ভারত-অস্ট্রেলিয়া সিডনি টেস্টের সময়ের ঘটনা। পন্টিং ওই ম্যাচের দুই আম্পায়ার স্টিভ বাকনর আর মার্ক বেনসনের মাধ্যমে ম্যাচ রেফারি মাইক প্রক্টরের কাছে এ অভিযোগ উত্থাপন করেন। প্রক্টর হরভজনকে দোষী সাব্যস্ত করে তাকে তিন টেস্টের জন্য বহিস্কারের শাস্তিও দেন। এ নিয়ে শুরু হয়ে যায় তোলপাড়। গোটা পাঁচেক ভুল সিদ্ধান্ত দিয়ে ভারতকে ডোবানোর অভিযোগে আম্পায়ার স্টিভ বাকনরকে সিরিজ থেকে বাদ দেয়া এবং হরভজনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবি রেখে সেগুলো না মানলে সফর বাতিলের হুমকিও দিয়ে বসে ভারতীয় দল।
সে অবস্থায় বাকনরকে প্রত্যাহার করে আগুনে কিছুটা পানি ঢালে আইসিসি। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই তখন খানিকটা নমনীয় হয়ে, হরভজনের আপিল শুনানি শেষ হওয়া পর্যন্ত সফর জারি রাখার সিদ্ধান্ত নেয়। সেই শুনানির দিন ছিল মঙ্গলবার।
শুনানিতে উপস্থিত ছিলেন অভিযুক্ত হরভজন, (অভিযোগ অনুযায়ী) বর্ণবাদী মন্তব্যের শিকার অ্যান্ড্র্রু সাইমন্ডস আর প্রত্যক্ষদর্শী হিসেবে কথা বলার সুযোগ পাওয়া রিকি পন্টিং,ম্যাথু হেইডেন,মাইকেল ক্লার্ক এবং শচীন টেন্ডুলকার। সবাইকে জেরা করে বক্তব্যের সত্যতা যাচাই করতে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ানদের পক্ষের আইনজীবী ব্রায়ান ওয়ার্ড। হরভজনের পক্ষের উকিল ভিআর মনোহরও ভিডিওলিংকের মাধ্যমে মুম্বাই থেকে সাইমন্ডসদের বক্তব্য কাঁটাছেড়া করেছেন। সবশেষে রায় দিয়েছেন নিউজিল্যান্ড হাইকোর্টের বিচারপতি জন হ্যানসেন। সবার বক্তব্য শোনার পর রায়ে তিনি বলেছেন, ৩ দশমিক ৩ ধারা অনুযায়ী বর্ণবাদের অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমান পাওয়া যায়নি। তাই হরভজনের বিরুদ্ধে ২ দশমিক ৮ ধারার অপেক্ষাকৃত লঘু অপরাধের অভিযোগ এনে তার ম্যাচ ফি'র পঞ্চাশভাগ কেটে নেয়ার সিদ্ধান্ত দেন হ্যানসেন। আগের ঘোষিত তিন টেস্টের জন্য বহিস্কারাদেশ বাতিল। বুধবার সন্ধ্যায় বিচারপতি হ্যানসেন হরভজনের বিরুদ্ধে এ রায় ঘোষণার কারণ সবিস্তারে জানাবেন।
হ্যানসেনের এ রায়ে ভারত আর অস্ট্রেলিয়ার শিবির মোটামুটি খুশি। শ্রীলঙ্কা,অস্ট্রেলিয়া আর ভারতকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরুর আগে শুক্রবার মেলবোর্নে একটা টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষের এ ম্যাচের জন্য মঙ্গলবার সকালেই অ্যাডিলেড ছাড়ার কথা অনিল কুম্বলের দলের। কিন্তু হরভজনকে সমর্থন জানাতে আর শুনানি শেষে কী হয় কাছ থেকে তা দেখতে অ্যাডিলেড থেকে নড়েননি তারা। হরভজনকে বর্ণবাদের অভিযোগ থেকে মুক্তি দেয়ার পর শুধু মেলবোর্নের উদ্দেশ্যে যাত্রা করাই নয়, বাকিদিনগুলো সফরসূচি অনুযায়ী কাটানোরও সিদ্ধান্ত নিয়েছে ভারত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৬৫৮ ঘ.
bdnews24