ঢাকা, ২৮ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দর পছন্দ হয়নি বলে দরপত্রে অংশ নেওয়া দুটো প্রতিষ্ঠানকে আগেরদিনই নতুন আর্থিক প্রস্তাব নিয়ে আসতে বলে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু সোমবার তাতে প্রত্যাশিত সাড়া তো মেলেইনি, উল্টো বিব্রতকর এক অভিজ্ঞতারই মুখোমুখি হতে হয়েছে বিসিবির বিপনন বিভাগটির দায়িত্বে থাকা কর্মকর্তাদের। এবি ব্যাংক নতুন প্রস্তাব নিয়ে আসেইনি। আর অন্য দরদাতা প্রতিষ্ঠান এক্সিওম টেকনোলজিস আসলেও দক্ষিণ আফ্রিকা সিরিজের টাইটেল স্পনসরশিপের জন্য তারা মাত্র ৫০ হাজার টাকা বাড়িয়েছে। তাই দ্বিতীয় দফা চেষ্টা করেও চরম হতাশই হতে হয়েছে বিসিবিকে। এক্ষেত্রে সিদ্ধান্তে আসতে একটু সময় নিচ্ছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানিয়েছেন মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানী, "এই টেন্ডার বাতিল করে আবার টেন্ডার দেব নাকি এদের মধ্য থেকেই কাউকে বেছে নেব, সে বিষয়ে আগামীকাল (মঙ্গলবার) আমাদের সিদ্ধান্ত জানবেন।"
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট এবং তিন ওয়ানডের হোম সিরিজের জন্য তিনটি প্যাকেজে দরপত্র আহবান করেছিল বিসিবি। এতে টাইটেল স্পনসরশিপ এবং সাইট স্ক্রিনের জন্য এক নাম্বার প্যাকেজে তারা ১ কোটি ২০ লাখ টাকার ফ্লোর প্রাইস বেঁধে দিয়েছিল। আর দ্বিতীয় প্যাকেজে অন্তর্ভূক্ত প্যারামিটার বোর্ড এবং গ্যালারির মিডওয়ালের জন্য সর্বনিু দর নির্ধারণ করে দিয়েছিল ৪০ লাখ টাকার।
একই অঙ্ক ছিল তৃতীয় প্যাকেজের ক্ষেত্রেও, যার মধ্যে আছে বোলিং এন্ড, বাউন্ডারি রোপ এবং পিচ ম্যাট। সবমিলিয়ে দুই কোটি টাকার ফ্লোর প্রাইস বেঁধে দেওয়া হলেও সবগুলো প্যাকেজেই দর হাঁকা এক্সিওম টেকনোলজিস প্রস্তাব দেয় মাত্র এক কোটি ১২ লাখ টাকার। আর শুধু এক নাম্বার প্যাকেজে অংশ নেওয়া এবি ব্যাংক প্রস্তাব দেয় ৫০ লাখ টাকার। সোমবার নতুন আর্থিক প্রস্তাব নিয়ে আসার অনুরোধে হতাশাব্যঞ্জক সাড়ার বিষয়টা এভাবেই জানিয়েছেন মির্জা সালমান ইস্পাহানী, "এবি ব্যাংক তো নতুন প্রস্তাব দেয়নি। আর আগেরদিন টাইটেল স্পনসরশিপের জন্য ৬০ লাখ টাকা দর দেওয়া এক্সিওম টেকনোলজিস এদিন মাত্র ৫০ হাজার টাকা বাড়িয়ে নতুন প্রস্তাব দিয়েছে। এটা আমাদের জন্য হতাশাজনক এক অভিজ্ঞতা।"
অবশ্য তিনি মনে করেন মোবাইল কোম্পানিগুলো দরপত্রে অংশ নিলে কিছুতেই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হতো না বিসিবিকে। তার ভাষায়, "মোবাইল কোম্পানিগুলো টেন্ডারে অংশ নিলেই স্পনসরশিপ নিয়ে প্রতিদ্বন্দ্বিতার আমেজ চলে আসতো। আমি নিজেও জানতাম যে গ্রামীণফোন ও ওয়ারিদ টেলিকম টেন্ডারে অংশ নিচ্ছে। কিন্তু কেন যে তারা অংশ নিল না বুঝলাম না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০১০ঘ.
bdnews24