অ্যাডিলেড, ২৫ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অনিল কুম্বলের ব্যাট ছুঁয়ে বল অ্যাডাম গিলক্রিস্টের গ্লাভসে জমা পড়তেই লাফিয়ে উঠলো পুরো অস্ট্রেূলিয়া দল। সেটা শুধু ভারতের প্রথম ইনিংস ৫২৬ রানে শেষ হওয়ার জন্যই নয়, একটা বিশ্ব রেকর্ডের জন্যও। টেস্টে দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচারের সর্বোচ্চ ৪১৩ ডিসমিসালের রেকর্ড তখন গিলক্রিস্টের মুঠোতে। ডন ব্র্যাডম্যানের মাঠে পাওয়া প্রথম টেস্ট সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপান্তরিত করতে পারেননি 'এ যুগের ডন' শচীন টেন্ডুলকার। ভারত অধিনায়ক অনিল কুম্বলেও মাত্র ১৩ রানের জন্য দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির দেখা পাননি। কিন্তু গিলক্রিস্ট পারলেন। প্রায় এক দশক ধরে যার নামটাই আক্রমণাত্মক ব্যাটিংয়ের সমার্থক, সেই 'গিলি' উইকেট কিপিংয়ের সবচেয়ে বড় অর্জনটার পাশে নাম লেখালেন ব্র্যাডম্যানের মাঠে।
এক সময় শেন ওয়ার্নের সঙ্গে মুত্তিয়া মুরালিধরনের মধ্যে চলতো একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার এক উত্তেজনাপূর্ণ লড়াই। ওয়ার্ন অবসর নেয়ায় টেস্টে সবচেয়ে বেশি উইকেটের মালিক মুরালি এখন নিশ্চিন্ত। সেই লড়াই এখন গিলক্রিস্ট ও বাউচারের মধ্যে স্থানান্তরিত। চলছে রেকর্ডের ভাঙ্গা-গড়া, হাত-বদল। রেকর্ডটা আগেও গিলক্রিস্টের কাছে ছিল। তবু রেকর্ডটা ফিরে পাওয়া তার কাছে এতই বড় একটা ব্যাপার যে অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনশেষে সংবাদ সম্মেলনে তার কণ্ঠ আবেগাক্রান্ত, "বিশ্ব রেকর্ডের মালিক হতে পেরে আমি রোমাঞ্চিত। এটা সত্যিই দারুণ সন্তোষজনক এক অর্জন। মনের মধ্যে লক্ষ্যটা নির্ধারণ করে রাখলে আপনি কখনো তার কাছাকাছিও পৌঁছাতে পারবেন না। আপনাকে শুধু নিজের খেলাটা খেলতে হবে। তা হলেই হঠাৎ একদিন দেখবেন চুপিসারে লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছেন আপনি।"
অনেকের মতেই তিনি টেস্ট ক্রিকেটের সর্বকালের সেরা ৭ নম্বর ব্যাটসম্যান। গিলক্রিস্টকে সর্বকালের সেরা উইকেটকিপার-ব্যাটসম্যান মনে করা ক্রিকেটভক্তের সংখ্যাও অসংখ্য। আর তাই এটা ভাবাই স্বাভাবিক নয় যে উইকেটকিপিং নিয়ে তার চিন্তাভাবনা অনেক কম। কিন্তু ব্যাপারটা মোটেও সেরকম নয়। গিলক্রিস্ট যেমন বলছেন,'' আমি সব সময়ই আমার কিপিং নিয়ে চিন্তা-ভাবনা করি। সব সময় সর্বোচ্চ মান ধরে রাখতে চাই। কারণ আমি (গ্লাভস হাতে) ব্যর্থ হলে লোকে আমাকে দোষারোপ করতে একদমই সময় নেবে না। লোকে মনে করে যে আমি শুধুই এক জন ব্যাটসম্যান। উইকেট কিপারের পরিচয় তাদের কাছে পরে। নিজেকে অনুপ্রাণিত করার জন্য এটাকে চ্যালেঞ্জ হিসেবেই ব্যবহার করি আমি। "
উইকেটকিপার হিসাবে দায়িত্ব পালন করেছেন। এখন তার সামনে ব্যাট হাতে জ্বলে ওঠার কঠিন দায়িত্ব। 'ব্যাটিং স্বর্গ' হিসাবে পরিচিত অ্যাডিলেড ওভালে শুধু শচীন টেন্ডুলকারই (১৫৩) তার ৩৯তম টেস্ট সেঞ্চুরি পাননি। অনিল কুম্বলে (৮৭) ও হরভজন সিংও (৬৩) অষ্টম উইকেটে ১০৭ রানের জুটি গড়ে ভারতের প্রথম ইনিংসে পৌঁছে দিয়েছেন ৫২৬ রানের পাহাড়ে। গিলক্রিস্টের অবশ্য বিশ্বাস বিনা উইকেটে ৬২ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করা অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়বেই, "আমাদের জন্য দুটো ক্লান্তিকর দিন কেটেছে। কিন্তু আমি মনে করি এই উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভালো। সৌভাগ্যক্রমে কোনো ধরণের ক্ষতি ছাড়াই আজকের (শুক্রবারের) রাতটা কাটাতে পারছি আমরা। ভালো একটা ভিত্তিও পেয়েছি। ভারতের ইনিংসটাই ব্যাটিংয়ে আমাদের অনুপ্রাণিত করতে পারে।"
সিডনির বিতর্কিত পরাজয়কে পেছনে ফেলে ভারতীয় দলও এখন দারুণ অনুপ্রাণিত, উজ্জীবিত। পার্থের ঐতিহাসিক জয় আর এই টেস্টের প্রথম ইনিংসের দুর্দান্ত ব্যাটিংয়ে 'টিম ইন্ডিয়া' এ মুহূর্তে সিরিজ ড্র করার স্বপ্নে বিভোর। দ্বিতীয় দিনের 'ব্যাটিং হিরো' হরভজন তো আগামী দিনগুলোতেও পন্টিংয়ের দলকে চ্যালেঞ্জ জানাতে উন্মুখ, "নিজেদের ক্ষমতা অনুযায়ী খেলতে পারলে যে কোনো দলকেই হারানো সম্ভব। আমরা খুবই ভালো একটি দল এবং বেশ কয়েকজন উন্নতমানের খেলোয়াড়কে পেয়েছি। অস্ট্রেলীয়দের আমরা যেভাবে চ্যালেঞ্জ জানিয়েছি অন্য কোনো দল সেভাবে চ্যালেঞ্জ জানাতে পারেনি। আমরা তাদের চেয়ে খুব বেশি পিছিয়ে নেই। অতীতে তারা খুবই ভালো করেছে। কিন্তু আমি অতীত নিয়ে বেঁচে থাকি না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০৩০ঘ.
bdnews24