অ্যাডিলেড, ২২ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ম্যাথু হেইডেন যে তাদের জন্য কতখানি গুরুত্বপূর্ণ তা পার্থ টেস্টে ভালো মতোই বুঝতে পেরেছে অস্ট্রেলিয়া। প্রথম দুই টেস্টেই সেঞ্চুরি করেছিলেন হেইডেন। অস্ট্রেলিয়াও সেই দুই টেস্টে জিতে বোর্ডার-গাভাস্কার ট্রফি অক্ষুন্ন রাখা নিশ্চিত করেছে। কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে হেইডেন পার্থে খেলতে পারেননি। আর সেই টেস্টে জিতে অস্ট্রেলিয়ার টানা ১৭ টেস্ট জয়ের রেকর্ড গড়ার স্বপ্নও ভেঙ্গে দিয়েছে ভারত। বৃহস্পতিবার থেকে অ্যাডিলেডে শুরু হতে যাওয়া চতুর্থ ও শেষ টেস্টে তাই হেইডেনের ফেরার প্রতীক্ষায় উন্মুখ রিকি পন্টিংয়ের দল। বিশেষ করে তার ওপেনিং সঙ্গী ফিল জ্যাকস। জ্যাকসের দৃঢ় বিশ্বাস, হেইডেনের প্রত্যাবর্তন অ্যাডিলেডে তাদের দলকে উজ্জীবিত করে তুলবে, যোগাবে আত্মবিশ্বাস।
বিশ্বাসটা অমূলক নয়। ১৯৯৪এ অভিষেক হলেও পরবর্তী তিন বছরে ৭টির বেশি টেস্ট খেলার সুযোগ পাননি হেইডেন। সেই ৭ টেস্টে তার সেঞ্চুরি ছিল মাত্র একটি। কিন্তু ২০০০এ আবার টেস্ট দলে সুযোগ পাওয়ার পর থেকেই তার ব্যাটে রানের ফল্গুধারা। বিশেষ করে ২০০১এর ভারত সফর থেকে দীর্ঘদেহী এই ওপেনার প্রতিপক্ষ বোলারদের ওপরে রীতিমতো খড়গহস্ত। সেই সফরে ৩ টেস্টে একটি করে সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরিসহ (৯৭ রানও ছিল এক ইনিংসে) ৫৪৯ রান করা হেইডেন এখন ২৯টি সেঞ্চুরির মালিক! ৫৩ দশমিক ১৯ গড়ে ৮,১৩৯ রান করা হেইডেনকে তো অস্ট্রেলিয়া মিস করবেই। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তাই জ্যাকসের কণ্ঠে ফুটে উঠলো 'ম্যাট'কে ফিরে পাওয়ার আকুতি, "নিঃসন্দেহে ম্যাটের প্রত্যাবর্তন আমাদের দলে বিরাট এক পরিবর্তন এনে দেবে। (ক্রিকেটে) তার বিশাল জ্ঞানের ভান্ডার। তার অভিজ্ঞতাও অনেক। দলে তার মতো এক জনকে পাওয়া সত্যিই দারুণ ব্যাপার।"
হেইডেনের অনুপস্থিতিতে পার্থ টেস্টে সুযোগ পাওয়া ক্রিস রজার্স একদমই সুবিধা করে উঠতে পারেনি। অভিষেক টেস্টের দুই ইনিংসে তার অবদান মাত্র ৪ ও ১৫ রান। ক্যারিয়ারের প্রথম ৬ টেস্টে দুটি সেঞ্চুরি ও চারটি ফিফটিসহ ৫৭৩ রান করা জ্যাকসেরও প্রায় একই অবস্থা হয়েছে পার্থে। তবে ৮ ও ১৬ রান করা জ্যাকস নিজের ব্যর্থতার জন্য হেইডেনের অনুপস্থিতিকে দায়ী করতে রাজি নন। কিন্তু তার ধারণা দলের বহু জয়ের নায়ক হেইডেনের উপস্থিতি অস্ট্রেলিয়াকে অনেকখানি অনুপ্রাণিত করবে অ্যাডিলেডে, "সেখানে (অ্যাডিলেডে) ম্যাটকে পেলে আমার মনোজগতে হয়তো তেমন কোনো পরিবর্তন আসবে না। কিন্তু তাকে ফিরে পেলে আমাদের দল অবশ্যই উজ্জীবিত হয়ে উঠবে। প্রত্যেক টেস্টেই আমাদের রানিং বিটউইন দ্য উইকেট জনিত সমঝোতা ভালো হচ্ছে। এক জন নিয়মিত খেলোয়াড়কে পেলে নিঃসন্দেহে আমাদের দলের জন্য তা ভালো হবে।"
জ্যাকস এবং পুরো অস্ট্রেলিয়া দলের জন্য খুশির খবর, দু দিন আগে অ্যাডিলেড টেস্টের জন্য নিজেকে ফিট ঘোষণা করেছেন হেইডেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৫৩০ঘ.
bdnews24