ঢাকা, ২১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- পেপসি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে এটিএন বাংলা। সোমবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনালে তারা ১ উইকেটে হারিয়েছে আরেক বেসরকারী টেলিভিশন চ্যানেল ওয়ানকে।
টস জিতে ব্যাটিংয়ে নামা চ্যানেল ওয়ান নির্ধারিত ৬ ওভারে ২ উইকেট হারিয়ে তোলে ৮৬ রান। জবাবে এটিএন ১ বল বাকি থাকতে ৪ উইকেটে লক্ষ্যে পৌছে যায়। ৫টি ছক্কা ও এক বাউন্ডারির মারে অপরাজিত ৩৪ রান করে দলকে শিরোপা জেতানোয় সবচেয়ে বড় ভূমিকা রাখা তুষার হয়েছেন 'প্লেয়ার অফ দি ফাইনাল'।
এর আগে সেমিফাইনাল দুটোও হয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এটিএন বাংলা (৪৩/২) ৩ উইকেটে আরটিভিকে (৪১/৫) এবং চ্যানেল ওয়ান (৯৩/২) ৪ রানে চ্যানেল আইকে (৮৯/৫) হারিয়ে ফাইনালে ওঠে। এটিএন বাংলার সুমন এবং চ্যানেল ওয়ানের আহসান হিমেল ম্যান অফ দি ম্যাচের পুরস্কার পান।
বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) আয়োজনে এই সিক্স-এ-সাইড টুর্নামেন্টে চ্যানেল আইকে হারিয়ে তৃতীয় হয়েছে আরটিভি।
ট্রান্সকম গ্র"পের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর লতিফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ছাড়াও বিসিবির সাবেক সাধারন সম্পাদক আমিনুল হক মনি এবং প্রথিতযশা কোচ জালাল আহমেদ চৌধুরীর মতো ক্রিকেট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৭৫৫ঘ.
bdnews24