২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট দিয়েই ধর্ম বোঝালেন সাঈদ আনোয়ার

বিজ্ঞানমনস্ক হওয়ার ডাক দিলেন সাঈদ আনোয়ার। তবে তিনি যে বিজ্ঞানের কথা বলছেন সেটা আসলে অনন্ত-অসীম স্রষ্টার আনুগত্য লাভের বিজ্ঞান, "এখনকার বিজ্ঞান চাঁদ কিংবা মঙ্গল গ্রহে যেতে চায়। আর আমাদের রাসুলুল্লাহর (সা.) বিজ্ঞান ছিল এই চাঁদ এবং মঙ্গলগ্রহের স্রষ্টার কাছে পৌছানোর বিজ্ঞান।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2008, 02:58 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

ঢাকা, ২০ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বিজ্ঞানমনস্ক হওয়ার ডাক দিলেন সাঈদ আনোয়ার। তবে তিনি যে বিজ্ঞানের কথা বলছেন সেটা আসলে অনন্ত-অসীম স্রষ্টার আনুগত্য লাভের বিজ্ঞান, "এখনকার বিজ্ঞান চাঁদ কিংবা মঙ্গল গ্রহে যেতে চায়। আর আমাদের রাসুলুল্লাহর (সা.) বিজ্ঞান ছিল এই চাঁদ এবং মঙ্গলগ্রহের স্রষ্টার কাছে পৌছানোর বিজ্ঞান।" সেই বিজ্ঞান নিয়ে গবেষণায় এতোটাই মগ্ন হয়ে আছেন যে এখন তার স্মৃতির জানালায় নিজের ক্রিকেট জীবনের সোনালী অতীত আর সেভাবে উঁকি দেয় না বলেই দাবি করলেন। ক্রিকেট নিয়ে প্রশ্ন করতেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বললেন, "ক্রিকেটার পরিচয়টা এখন আর আমার ভালো লাগে না।" এমনকি ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড হিসেবে টিকে থাকা তার ১৯৪ রানের ইনিংসটা কীভাবে মনে রেখেছেন, এ প্রশ্নেও তার জবাব আগের মতোই, "ওসব মনে করতেও আমার ভালো লাগে না।" অবশ্য ক্রিকেটার থেকে এখন পুরোদস্তুর ধর্মপ্রচারক পাকিস্তানের সাবেক এই ওপেনারের কথায় ঘুরেফিরে বারবার ক্রিকেট চলে আসেই। যার প্রতিটাই ইসলাম ধর্মের অমিয় বাণী প্রচারের সঙ্গে সম্পর্কিত। রোববার তার প্রায় সারাটাদিনই কেটেছে ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদে। সেখান থেকে যোহরের নামাযের পর এসেছিলেন কলাবাগান ক্লাব মাঠে, যেখানে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা 'মেকার' এর আয়োজনে চলছে বিসিএস ক্রিকেট ফেস্টিভাল। এসেই কিছুক্ষণের জন্য খেলা থামানোর অনুরোধ করলেন, কারণ তিনি কিছু কথা বলবেন। যার শুরুটাই হলো এরকম, "আমাদের জীবনটা আসলে ক্রিকেট খেলার মতোই। ২০, ৩০, ৫০ ওভারের খেলা যেমন হয়, তেমনি আল্লাহ তায়ালাও আমাদের সময় বেঁধে দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। কাউকে ৫০ বছরের জন্য। আবার কাউকে ৭০ বছর। ক্রিকেটে যেমন আম্পায়ার আউট দিলে ব্যাটসম্যান আউট, তেমনি সময় শেষ হয়ে গেলে আপনাকেও আউট হয়ে যেতে হবে। কেউ ঠেকাতে পারবে না।" তিনি যেমন পারেননি তার প্রাণপ্রিয় কন্যা সন্তানের চলে যাওয়া ঠেকাতে। বেশ কয়েক বছর আগে দুরারোগ্য ক্যান্সারে শিশুকন্যার বিয়োগব্যথারই ফল আসলে আজকের সাঈদ আনোয়ার। অনন্ত পারলৌকিক জীবনের শান্তির রেসিপিও তিনি বোঝাতে চেয়েছেন ক্রিকেট দিয়েই, "ব্যাটসম্যান যেন রান না পায় সেজন্য মাঠে তার চারপাশে ফিল্ডার সাজানো থাকে। তাদের ফাঁক গলেই চার-ছক্কা মারতে হয় ব্যাটসম্যানকে। তেমনি আমাদের চারপাশেও একেকটি ধোঁকা ফিল্ডারদের মতো করেই সাজানো থাকে। এসব ধোঁকা যতো এড়াতে পারবেন ততোই স্কোর বাড়বে আপনার। বিনিময়ে মিলবে পরের জীবনের শান্তি।" ২৫ জানুয়ারি শুরু বিশ্ব ইজতেমা শেষ হওয়া পর্যন্ত এই শান্তির বাণীই প্রচার করে যাবেন তিনি। ততোদিনে সঙ্গে পেয়ে যাবেন পাকিস্তান ক্রিকেটের আরো দুই কিংবদন্তী ইনজামাম-উল হক ও ইসলাম ধর্মে দীক্ষিত মোহাম্মদ ইউসুফকেও। যা বলার সব উর্দুতেই বলেছেন। আর সেসব অনুবাদ করে দেওয়া ইরতেজা হাসান জানালেন, "ইনজামাম ও ইউসুফ ২৫ তারিখ রাতের ফ্লাইটে আসছেন।" জীবদ্দশাতেও ইসলামের ছায়াতলে থাকার সুফল কখনো ইনজামামকে দিয়ে বোঝালেন তিনি। আবার কখনো নিজেকে দিয়েও। বিকেলে ধানমন্ডি চার নাম্বার মাঠে প্রশিক্ষণরত একগাঁদা ক্রিকেটারকে জড়ো করে বললেন, "আল্লাহর হুকুম ও রাসুলের তরিকা মেনে চলাই হচ্ছে দ্বীন। এটা যারা মেনে চলতে পারেন দুনিয়াতে আল্লাহও তাদের পাশে থাকেন। তাদের তিনি যেকোনো ধরনের টেনশন থেকে মুক্তি দেন। তাদের ইজ্জতও রক্ষা করেন।" কীভাবে? তার কিছু নমুনাও তুলে ধরলেন সাঈদ আনোয়ার। সেগুলো এরকম--- "২০০৩ বিশ্বকাপের আগে আমার হাতে ইনজুরি ছিল। এরপর বিশ্বকাপে গিয়ে প্র্যাকটিসের সময় শোয়েব আখতারের সঙ্গে সংঘর্ষে কনুইতে ব্যথা পেলাম। ভারতের কাছে হেরে পাকিস্তান বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল। কিন্তু ওই ম্যাচে সেঞ্চুরি করে আমি সন্মানের সঙ্গেই বিদায় নিতে পেরেছিলাম।" "ইনজামাম পাকিস্তান দল থেকে বাদ পড়লো একবার। আমাকে করা হলো অধিনায়ক। হতাশ ইনজামামকে আমি বললাম কিছুদিন দ্বীনের পথে কাটিয়ে আসতে। সে তাই করলো। এরপর দলে ফিরেই খেললো ৩২৯ রানের ইনিংস (২০০২ সালের মে মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে লাহোর টেস্টে, তখন পাকিস্তানের অধিনায়ক ওয়াকার ইউনিস)।" এসব কথাই খেলার মাঠে বললেন বটে। সেই সঙ্গে এও বলতে ভুললেন না, "পানি নিশ্চয়ই ওভেনে ঠান্ডা করা হয় না। সেজন্য ফ্রিজে পানি রাখতে হয়। তেমনি দ্বীনের কথা শোনার জায়গা মসজিদ। আপনারা সেখানে আসুন।" বায়তুল আমান জামে মসজিদে রোববার বাদ মাগরিব ও বাদ এশা দ্বীনের কথা বলেছেন তিনি। তা শুনতে মসজিদে হুমড়ি খেয়েও পড়েছেন অনেকে। তারা দেখেছেন এক সময়ের বিশ্ব শাসন করা ব্যাটসম্যান এখন লম্বা দাঁড়ি, কুর্তা আর পাগড়িতে নিজেকে পাল্টে ফেলেছেন আপাদমস্তক। এতোটাই যে কলাবাগান ও ধানমন্ডি চার নাম্বার মাঠে উৎসাহীরা তাকে ক্যামেরায় ধরে রাখতে গেলে বারবারই 'টার্ন অফ, টার্ন অফ' বলে বাঁধা দিয়েছেন। যতোই বলুন, ক্রিকেট তিনি একদমই ভুলে যাননি। অনেক কথার মতো এর প্রমাণ আছে তার এ কথাতেও, "ক্রিকেট মাঠে যদি আপনি ক্যাপ্টেনের কথা না শোনেন, তাহলে তিনি আপনাকে মাঠেই রাখবেন না। তেমনি আল্লাহ তায়ালার পথে না চললে আপনিও তার সুনজরে থাকবেন না।" আল্লাহ তায়ালার নির্দেশিত পথে চলাই তার বিজ্ঞান। আর সাঈদ আনোয়ারকে সেই বিজ্ঞান গবেষণাগারের একনিষ্ঠ গবেষকই বলা যায় এখন! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/ওআরপি/২০৫৫ঘ.