ঢাকা, ১৯ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ইংল্যান্ডের লিভারপুল লিগে খেলার সময়ও একবার তাবলিগ মসজিদে সাঈদ আনোয়ারের সঙ্গে দেখা হয়েছিল তার। তখন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারের ইসলাম ধর্মবিষয়ক আলোচনা আকৃষ্ট করেছিল মোহাম্মদ আশরাফুলকে। সেই টানেই এবারো তার সঙ্গে দেখা করতে গাজীপুর ছুটে গেছেন বাংলাদেশ অধিনায়ক। শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে টেলিফোনে বললেন, "সাঈদ ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি। সঙ্গে আমার বন্ধু আরিফ, আশিক ও আনোয়ারও আছে।"
দেখা হওয়ার পর তাদের দু'জনের আলাপচারিতায় নিশ্চয়ই ক্রিকেটও থাকবে। বিশেষ করে যখন নিউজিল্যান্ড থেকে বিধ্বস্ত হয়ে ফিরেছে তার দল, তখন আশরাফুল কী আর এটা নিয়ে আলাপ না করে পারেন! কিন্তু আশরাফুল জানালেন অন্যরকম, "ক্রিকেট নিয়ে তো সারাটাক্ষণই কিছু না কিছু ভাবি। নাহ, সাঈদ ভাইয়ের সঙ্গে ক্রিকেট নিয়ে কোনো কথাই বলবো না। ধর্ম নিয়ে উনি খুব ভালো কথা বলেন। শুধু ধর্মীয় বয়ান শুনতেই তার কাছে যাচ্ছি।"
ক্রিকেটে যে এখন আর তাকে খুব একটা টানে না, সেটাও বুঝিয়ে দিচ্ছেন সাঈদ আনোয়ার। শনিবার দুপুরে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) এক নম্বর খেলার মাঠে তার সফরসঙ্গীরা ছাত্রদের সঙ্গে ক্রিকেট খেললেও তিনি মাঠে নামেননি বলে জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর গাজীপুর প্রতিনিধি মাসুদুল হক। সেসময় তাকে এক নজর দেখতে ডুয়েটে মানুষের ঢল নামে। ডুয়েট মসিজদে আসরের নামাজ আদায় করেন তিনি। এরপর স্থানীয় তাবলিগ জামাতের সদস্য ও সাঈদ আনোয়ারের সফরসঙ্গীরা একাধিক দলে ভাগ হয়ে ছাত্রাবাস ও আশপাশের এলাকায় ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বের হন। ডুয়েট মসজিদে শনিবার রাত আটটায় তার দ্বীনের বয়ান দেওয়ার কথা আছে।
শনিবার ভোরে সাঈদ আনোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে ফজরের নামাজ পড়েন বলে জানা গেছে। এরপর তার ১৪ জন সফরসঙ্গী নিয়ে গাজীপুরের ডুয়েটে যান। দুপুরে তিনি গাজীপুরের মডেল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে গিয়ে সেখানকার ছাত্র ও শিক্ষকদের সঙ্গে কথা বলেন। পরে গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদে জোহরের নামাজ আদায়শেষে এক ঘন্টা বয়ান করেন। সেখান থেকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট হয়ে ফিরে আসেন ডুয়েটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২০০৯ঘ.
bdnews24