পার্থ, ১৮ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্টিভ ওয়াহর দলের টানা ১৬ টেস্ট জয়ের রেকর্ড ভাঙ্গতে অস্ট্রেলিয়ার চাই আরো ৩৪৮ রান। আর রিকি পন্টিংয়ের দলকে সিডনির অপমানের জবাব দিতে ভারতের প্রয়োজন ৮ উইকেট। শুক্রবার তৃতীয় দিনশেষে এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে পার্থ টেস্ট। ভিভিএস লক্ষ্মণের দৃঢ়তাপূর্ণ ৭৯ রানের সুবাদে দ্বিতীয় ইনিংসে ২৯৪ রান করেছে ভারত। তার সঙ্গে প্রথম ইনিংসের ১১৮ রানের লিড যোগ হয়ে টার্গেট দাঁড়ায় ৪১৩ রান। এই লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনারকে হারিয়ে দিনশেষে স্বাগতিকদের সংগ্রহ ৬৫ রান। পন্টিং অপরাজিত আছেন ২৪ রানে। সঙ্গে থাকা মাইক হাসি ব্যাট করছেন ৫ রান নিয়ে ।
১ উইকেটে ৫২ রান নিয়ে দিন শুরু করা ভারতের প্রথম সেশনটা একদমই ভালো কাটেনি। দ্বিতীয় দিনশেষে ২৯ রানে অপরাজিত থাকা বীরেন্দর শেবাগ বেশি দূর যেতে পারেননি। আগের ওভারে মাইক হাসির ব্যর্থতায় 'জীবন' ফিরে পেলেও তা কাজে লাগাতে পারেননি তিনি। ৪৩ রান করে স্টুয়ার্ট ক্লার্কের বলে বোল্ড হয়ে গেছেন টেস্টে ভারতের একমাত্র ট্রিপল সেঞ্চুরিয়ান। পরের ওভারেই রাহুল দ্রাবিড় (৩) আউট। প্রথম ইনিংসে সর্বোচ্চ ৯৩ রান করা দ্রাবিড়কে বোকা বানিয়েছেন ব্রেট লি, দারুণ এক খাটো লেন্থের বলে কট বিহাইন্ড করে।
সবচেয়ে মূল্যবান উইকেটটাও এই গতি-তারকারই। প্রথম ইনিংসে পাকিস্তানের আম্পায়ার আসাদ রউফের এক বিতর্কিত সিদ্ধান্তে এলবিডব্লু হয়েছিলেন শচীন টেন্ডুলকার। এবারও 'ব্যাটিং জিনিয়াস' এলবিডব্লু, ১৩ রান করে ব্রেট লির বলে। প্রথম ইনিংসে ৯ রান করা সৌরভ গাঙ্গুলী এবার কোনো রানই করতে পারেননি। তৃতীয় বলেই স্লিপে মাইকেল ক্লার্ককে ক্যাচ দিয়েছেন তিনি। 'প্রিন্স অফ কলকাতা'র ঘাতক মিশেল জনসন। ১২৫ রানে ৫ উইকেট হারিয়ে ভারত তখন বেশ দিশেহারা।
সেই অবস্থায় আগের দিন 'নাইটওয়াচম্যান' হিসাবে নামা ইরফান পাঠানকে নিয়ে হার ধরার চেষ্টা করেছেন লক্ষ্মণ। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত আর কোনো ক্ষতি হতে দেননি তারা। কিন্তু দ্বিতীয় সেশনের শুরুতেই ছন্দপতন। শুরু থেকে আস্থার সঙ্গে খেলতে থাকা পাঠান ৪ রানের জন্য ফিফটির দেখা পাননি। স্টুয়ার্ট ক্লার্কের বলে পন্টিংকে ক্যাচ দিয়ে ফিরতে হয়েছে তাকে। ৩৫ রানের জুটিটা ভেঙ্গে গেলেও দমে যাননি লক্ষ্মণ। মহেন্দ্র ধোনিকে নিয়ে গড়েছেন ৭৫ রানের কার্যকর জুটি। দুটি বিশাল ছক্কায় ৩৮ রান করে পন্টিংয়ের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিলেন ধোনি। কিন্তু অ্যান্ড্রু সাইমন্ডসের বলে কট বিহাইন্ড হয়ে সম্ভাবনাময় ইনিংসটার অপমৃত্যু ঘটান তিনি।
তবে অন্যপ্রান্তে লক্ষ্মণ ছিলেন অবিচল। অস্ট্রেলিয়া যে তার প্রিয় প্রতিপক্ষ সেই কথা আরেক বার প্রমাণ করতেই টেলএন্ডারদের নিয়ে প্রতিরোধ গড়ে তুলেন তিনি। অধিনায়ক অনিল কুম্বলেকে (০) পাশে পাননি। কিন্তু কুম্বলে ফিরে যাওয়ার পর আরপি সিংকে নিয়ে গড়েছেন ৫১ রানের আরেকটা গুরুত্বপূর্ণ জুটি। দশ নম্বরে নামা আরপি সিং প্রতিপক্ষকে হতচকিত করে দিয়ে খেলেছেন তিনটি চার ও এক ছক্কায় গড়া ৩০ রানের ক্যারিয়ার সেরা ইনিংস। মূলত এই জুটির জন্যই অস্ট্রেলিয়ার সামনে চার শ'র বেশি টার্গেট দিতে পেরেছে ভারত। শেষ পর্যন্ত জুটিটা ভেঙ্গেছেন স্টুয়ার্ট ক্লার্ক, আরপি সিংকে গিলক্রিস্টের গ্লাভসবন্দী করার মাধ্যমে। তারপর লক্ষ্মণও বেশিক্ষণ থাকতে পারেননি। শেষ ব্যাটসম্যান হিসাবে তিনিও কট বিহাইন্ড, তবে ব্রেট লির বলে। লক্ষ্মণের দৃঢ়তায় ভরা ৭৯ রানের ইনিংসটা সাজানো ৮ বাউন্ডারিতে। ৬১ রানে ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সফলতম বোলার স্টুয়ার্ট ক্লার্ক। ৫৪ রানে ব্রেট লির শিকার ৩ উইকেট।
চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডটা অস্ট্রেলিয়ারই বিপক্ষে। ২০০৩ এর মে'তে অ্যান্টিগায় ৪১৮ রান করে ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজ হারিয়ে দিয়েছিল স্টিভ ওয়াহর অস্ট্রেলিয়াকে। তার চেয়ে ৫ রান কম অর্থাৎ ৪১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা কিন্তু মোটেই ভালো হয়নি। ম্যাথু হেইডেনের ইনজুরির সুযোগে ৩০ বছর বয়সে টেস্ট অভিষিক্ত ক্রিস রজার্স এবারো ব্যর্থ। প্রথম ইনিংসে ৪ রানের পর এবার তার সংগ্রহ ১৫ রান। রজার্সকে কট বিহাইন্ড করে ভারতকে কাক্সিক্ষত ব্রেক থ্রু এনে দেয়া পাঠান অন্য ওপেনার ফিল জ্যাকসকেও ফিরিয়েছেন। রজার্সের চেয়ে মাত্র ১ রান বেশি করা জ্যাকস স্লিপে ধরা পড়েছেন ওয়াসিম জাফরের হাতে। আর তাই তৃতীয় দিনটা স্বস্তি নিয়ে শেষ করতে পারেনি বিশ্ববিজয়ী অস্ট্রেলীয়রা। তাদেরকে অস্বস্তিতে ফেলতে পারে আরেকটি তথ্যও। অস্ট্রেলিয়ার মাটিতে চতুর্থ ইনিংসে ৩৭০ রানের বেশি করে জয়ের কৃতিত্ব এখনো পর্যন্ত কোনো দল দেখাতে পারেনি। তাছাড়া প্রথম ইনিংসে ২১২ রানে অলআউট হওয়ার লজ্জাজনক অভিজ্ঞতা তো আছেই। সব মিলিয়ে পার্থ টেস্টের চতুর্থ দিনে জমজমাট এক লড়াইয়ের মঞ্চ প্রস্তুত!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৭৫৫ঘ.
bdnews24