পার্থ, ১৬ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আবার বিতর্কিত আম্পায়ারিং। এবার শিকার শচীন টেন্ডুলকার। আবারও বোলার-ব্যাটসম্যানের মধ্যে ঝামেলা। এবার প্রতিপক্ষ মাইকেল ক্লার্ক ও রাহুল দ্রাবিড়। পার্থ টেস্টে সিডনির ভুতটা তাই না চাইতেও ফিরে এসেছে। তবে মাঠের খেলায় চালকের আসনে নিজেকে দাবি করতে পারছে না কোনো দলই। যদিও শেষ দিকে দ্রাবিড় ও লক্ষ্মণের উইকেট দুটো তুলে নিয়ে হাসি মুখেই মাঠ ছেড়েছে অস্ট্রেলিয়া। বুধবার প্রথম দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ২৯৭ রান। মহেন্দ্র সিং ধোনি ও ইরফান পাঠান দুজনই অপরাজিত ৮ রানে।
পার্থের মাঠ ওয়াকার উইকেট দারুণ গতিময়। সেখানে চার ফাস্ট বোলারের সামনে ভারতীয় ব্যাটসম্যানদের থরহরিকম্প হওয়াটাই প্রত্যাশা ছিল রিকি পন্টিংয়ের। তবে ঠিক তেমনটা হয়নি। বরং টেন্ডুলকার ও দ্রাবিড় উল্টো শাসন করেছেন অস্ট্রেলিয়ানদের। তৃতীয় উইকেট জুটিতে ১৩৯ রান যোগ করেছেন দুজন। ভারতের ইনিংসের ভিতটা এদের হাতেই গড়া।
দিনের দ্বিতীয় ঘণ্টায় এবং ম্যাচের শেষ সেশনেই সব কিছু মনমতো হয়েছে অস্ট্রেলিয়ান অধিনায়কের। আগেও নয়, পরেও নয়। টস হার দিয়ে শুরু। ফিল্ডিং করতে নেমে দেখলেন সিরিজে এই প্রথমবারের মতো অনায়াস সাবলীলতায় খেলে যাচ্ছেন দুই ওপেনার। সিরিজে খুব একটা ভালো না করেও টিকে যাওয়া ওয়াসিম জাফর এবং বছরখানেক পর ফিরে আসা বীরেন্দর শেবাগ ৫৭ রানের উদ্বোধনী জুটি গড়েছেন। এখন পর্যন্ত এটাই সিরিজে ভারতের সবচেয়ে ভালো সূচনা। দ্বিতীয় ঘণ্টায় এসেছে প্রত্যাশিত ব্রেক থ্রু। মিশেল জনসনের বলে অ্যাডাম গিলক্রিস্টকে ক্যাচ দিয়েছেন শেবাগ। তার আগে ৬টি বাউন্ডারিতে করেছেন ২৯ রান। তিন ওভার পর জাফরও (১৬) অনুসরণ করেছেন তাকে। একই ভাবে তার উইকেট নিয়েছেন ব্রেট লি।
মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত কোনো ঝুঁকি নিতে চাননি টেন্ডুলকার-দ্রাবিড়। সে সময় ঠান্ডা মাথায় খেলে প্রায় ৫ ওভারে তারা যোগ করেছেন ১৫ রান। দ্বিতীয় ঘণ্টা জুড়ে রক্ষণাত্মক ব্যাটিংয়ে বিরক্ত পার্থের দর্শকদের মধ্যাহ্ন বিরতির পর তা পুষিয়েও দিয়েছেন টেন্ডুলকার-দ্রাবিড়। শুরুতে সতর্ক থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে আক্রমণাত্মক হয়েছেন দুজনেই। দুজনের ফিফটিই পুর্ণ হয়েছে চা-বিরতির আগে। টেন্ডুলকারের ৪৯তম ফিফটিটি এসেছে ৯১ বলে, আটটি বাউন্ডারিতে। সমান সংখ্যক বাউন্ডারিতে দ্রাবিড় তার ৫১তম ফিফটি করতে খেলেছেন ৪ বল বেশি।
চা বিরতির পর টেন্ডুলকারের দূর্ভাগ্যজনক আউটে ম্যাচের ছন্দপতন। লির বেশ লাফিয়ে ওঠা বলটি নিজেও লাফিয়ে উঠে প্যাডে লাগিয়েছেন। টিভি রিপ্লে নিশ্চিত করেছে বল কয়েক ইঞ্চি ওপর দিয়েই যেত স্টাম্পের। কিন্তু মার্ক বেনসনের বদলে দায়িত্ব পাওয়া আম্পায়ার আসাদ রউফ আঙুল তুলে দিয়েছেন। ৭১ রানেই থামতে হয়েছে টেন্ডুলকারকে। ১৯৯২ সালে সিডনি ও পার্থে টানা সেঞ্চুরির কীর্তির পুনরাবৃত্তি করতে পারলেন না ভারতের ব্যাটিং গ্রেট। দুটো বাউন্ডারি দিয়ে শুরু করলেও সৌরভ গাঙ্গুলী বেশিক্ষণ টিকতে পারেননি। ৯ রান করে জনসনের বলে মাইকেল হাসিকে ক্যাচ দিয়েছেন তিনি। সেখান থেকে ভিভিএস লক্ষ্মণকে নিয়ে দ্রাবিড় আরো ৬৪ রান যোগ করেছেন পঞ্চম উইকেটে।
১১ রানের সময় জীবন পেয়েছিলেন দ্রাবিড়। লির বলে স্লিপে তার ক্যাচ নিতে পারেননি মাইকেল ক্লার্ক। এ নিয়ে পরে ক্লার্কের হালকা স্লেজিং এবং আম্পায়ার বিলি বাউডেনের কাছে দ্রাবিড়ের নালিশ। এটুকু বাদ দিলে গোটা ম্যাচে শান্তি চুক্তি মেনে চলেছে দুদল। ২৫তম সেঞ্চুরির খুব কাছে এসে মনোযোগ হারিয়েছেন দ্রাবিড়। অ্যান্ড্রু সাইমন্ডসকে হাঁকাতে গিয়ে টাইমিংয়ে হেরফের করায় মিডঅফে ক্যাচ দিয়েছেন পন্টিংকে। ১১তম বারের মতো নার্ভাস নাইনটিজের শিকার হয়ে ফিরেছেন নামের পাশে ৯৩ রান নিয়ে। অস্ট্রেলিয়ানদের স্বস্তি দিয়েই এরপর লি তুলে নিয়েছেন লক্ষ্মণের (২৭) উইকেটটি। ৬৪ রান খরচায় ৩ উইকেট নিয়ে তিনিই প্রথম দিনের সবচেয়ে সফল বোলার। জনসন ৬১ রানে নিয়েছেন ২ উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওআরপি/এএআর/১৭৪২ঘ.
bdnews24