২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবি সভাপতির অনুরোধে প্রথম বিভাগে খেলতেও রাজী ব্রাদার্স

মামলা প্রত্যাহার না করা পর্যন্ত কোনো আলোচনা নয়, এমনটাই জানিয়ে দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি মেজর জেনারেল সিনা ইবনে জামালী। মঙ্গলবার ব্রাদার্স ইউনিয়ন মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিলে আলোচনার পথ প্রশস্ত হয়ে যায়। এবং বুধবার বিকেলেই বিসিবি সভাপতির 'অ্যাপয়েন্টমেন্ট' পেয়ে যান ব্রাদার্স কর্মকর্তারা। প্রথম বিভাগে নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত ব্রাদার্স মেনে নেবে কিনা, এটাই সভার মূল আলোচ্য হয়ে উঠেছিল বলে মনে হল দুই পক্ষের কথায়। বিসিবির তরফ থেকে ব্রাদার্সকে এই সিদ্ধান্ত মেনে নেওয়ার অনুরোধ করা হয়। আর ব্রাদার্সও ক্রিকেটের বৃহত্তর স্বার্থে তা মেনে নিতে সম্মত হয়েছে বলে জানিয়েছে। মানে চলতি ক্রিকেট মৌসুমে তারা প্রথম বিভাগ লিগেই শুধু খেলবে না। আগামী মৌসুমে আবার প্রিমিয়ারে ফেরার লড়াইও করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2008, 04:23 PM

Updated : 26 Aug 2022, 01:13 PM

ঢাকা, ১৬ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- মামলা প্রত্যাহার না করা পর্যন্ত কোনো আলোচনা নয়, এমনটাই জানিয়ে দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি মেজর জেনারেল সিনা ইবনে জামালী। মঙ্গলবার ব্রাদার্স ইউনিয়ন মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিলে আলোচনার পথ প্রশস্ত হয়ে যায়। এবং বুধবার বিকেলেই বিসিবি সভাপতির 'অ্যাপয়েন্টমেন্ট' পেয়ে যান ব্রাদার্স কর্মকর্তারা। প্রথম বিভাগে নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত ব্রাদার্স মেনে নেবে কিনা, এটাই সভার মূল আলোচ্য হয়ে উঠেছিল বলে মনে হল দুই পক্ষের কথায়। বিসিবির তরফ থেকে ব্রাদার্সকে এই সিদ্ধান্ত মেনে নেওয়ার অনুরোধ করা হয়। আর ব্রাদার্সও ক্রিকেটের বৃহত্তর স্বার্থে তা মেনে নিতে সম্মত হয়েছে বলে জানিয়েছে। মানে চলতি ক্রিকেট মৌসুমে তারা প্রথম বিভাগ লিগেই শুধু খেলবে না। আগামী মৌসুমে আবার প্রিমিয়ারে ফেরার লড়াইও করবে। গুলশানে বিসিবির ব্যবস্থাপনা অফিসে দুই পক্ষের মধ্যে এই আলোচনা হয়। ওই পর্ব চুকিয়ে বেরোনোর পর অপেক্ষমান সাংবাদিকদের বিসিবি সভাপতি ফলপ্রসু আলোচনার খবর জানান, "আমরা এজন্য খুবই আনন্দিত যে তারা (ব্রাদার্স) আমাদের অনুরোধ ফেলেনি। এমন ক্রীড়াসুলভ মনোভাব দেখানোর জন্য তাদের ধন্যবাদ। বোর্ড এবং আমার পক্ষ থেকে তাদের অনুরোধ করেছিলাম যেন তারা বোর্ডের সিদ্ধান্ত মেনে নেন। এবং তারা সেটা নিয়েছেনও।" সেসময় বিসিবি সভাপতির পাশেই থাকা ব্রাদার্স ইউনিয়নের সভাপতিও ব্যাখ্যা দিয়েছেন তাদের সিদ্ধান্তের, "আমরা ক্রিকেটারদের কথা ভেবেছি। দেখেছি তাদের মানবিক দিকটাও। আর ক্রিকেটের বৃহত্তর স্বার্থ তো আমাদের বিবেচনায় ছিলই। এজন্য বিসিবির অনুরোধ আমরা ফেলতে পারিনি। এবার প্রথম বিভাগেই খেলবো আমরা।" আর মামলা প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে সর্বশেষ অগ্রগতি জানিয়েছেন ব্রাদার্সের সাধারণ সম্পাদক মিজানউদ্দিন আহমেদ, "বিসিবি সভাপতির সঙ্গে বসার পরপরই তাৎক্ষণিকভাবে আমরা মামলাটা তুলে নিয়েছি।" মামলা তুলে নিলেন। আবার প্রথম বিভাগেও খেলবেন। অথচ বিসিবির এই সিদ্ধান্ত মেনে নিতে না পারাতেই তারা আদালতে গিয়েছিলেন। সবকিছু মেনে নিলেও বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা থেকে নিজেরা একটা 'জয়' নিয়ে বেরোতে পেরেছেন বলেই দাবি করলেন ব্রাদার্স সম্পাদক, "আমাদের প্রতি যে অবিচার করা হয়েছিল সেটা আমরা বিসিবি সভাপতিকে বোঝাতে সক্ষম হয়েছি। তিনি আমাদের যথাসময়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন।" আশ্বাস পূরণ পরের কথা। তার আগে আপাতত সব সমস্যার সমাধান। এখন দলবদল থেকে লিগ শুরু করতে আর কোনো বাঁধাই নেই ঢাকার ক্রিকেটের অভিভাবক সংস্থা ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম)। তাহলে কবে নাগাদ শুরু হতে পারে প্রিমিয়ার ও প্রথম বিভাগ লিগ? এ প্রশ্নের উত্তরটা এখনই দিতে পারলেন না সিসিডিএম-এর চেয়ার ম্যান গাজী আশরাফ লিপু, "সিসিডিএম অবশ্যই চাইবে দ্রুততম সময়ের মধ্যে লিগ শুরু করে দিতে। কিন্তু তার আগে ক্লাবগুলোর সঙ্গে বসতে হবে। তাদের কতোদিন সময় প্রয়োজন প্রস্তুতির জন্য এসব জানতে হবে। তাছাড়া টাকা-পয়সারও কিছু বিষয় আছে। তাদের সঙ্গে বসার পরই আসলে জানাতে পারবো কবে থেকে লিগ শুরু করা সম্ভব হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯২০ঘ.