ঢাকা, ১৫ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ঢাকার প্রিমিয়ার ও প্রথম বিভাগ ক্রিকেট লিগ নিয়ে অচলাবস্থার অবসান ঘটতে যাচ্ছে অবশেষে। যাদের মামলার প্রেক্ষিতে ঝুলে পড়েছিল চলতি মৌসুমের ক্রিকেট লিগের ভবিষ্যত, সেই ব্রাদার্স ইউনিয়ন বুধবার মামলা তুলে নিতে যাচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় এক জরুরী সভায় ক্লাব সদস্যরা দেশের ক্রিকেটের স্বার্থে মামলা প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে একমত হয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম- কে জানিয়েছেন সাধারণ সম্পাদক মিজানউদ্দিন আহমেদ। ফলে লিগ নিয়ে আর কোনো অনিশ্চয়তাই রইলো না। এই খবরে ক্রিকেটারদের মুখের হাসিটাও আবার ফিরে আসার কথা। প্রিমিয়ার ও প্রথম বিভাগে খেলে জীবিকা নির্বাহ করা ক্রিকেটাররাই তো ছিলেন লিগ নিয়ে অনিশ্চয়তার সবচেয়ে বড় ভুক্তভোগী।
ব্রাদার্সের সাধারণ সম্পাদক জানালেন তাদের বিবেচনায় শুধুই ক্রিকেটারদের স্বার্থ ছিল না। তার ভাষায়, "আমরা দেশের স্বার্থে, খেলোয়াড়দের স্বার্থে এবং একই সঙ্গে ক্রিকেটের স্বার্থে মামলা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।" গত মৌসুমের অসমাপ্ত রেলিগেশন লিগের ম্যাচ খেলতে মাঠে না যাওয়া ব্রাদার্স এবং ইন্দিরা রোড ক্রীড়াচক্রকে একই সঙ্গে প্রথম বিভাগে নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত অক্টোবরে। ব্রাদার্স এই সিদ্ধান্ত মেনে নিতে পারছিল না। যে কারণে তারা শেষপর্যন্ত আদালতের শরণাপন্ন হয়। এবং তাদের করা রিটের প্রেক্ষিতে আদালত বিসিবির সিদ্ধান্তে দুই মাসের স্থগিতাদেশ দেন। তাতেই লিগ অনিশ্চিত হয়ে পড়ে। এখন মামলা প্রত্যাহার করে নেওয়া মানে ব্রাদার্সের বিসিবির সিদ্ধান্তই মেনে নেওয়া! কিংবা মামলা তুলে নেওয়ার শর্তে তাদের কোনো প্রাপ্তিযোগ ঘটছে কিনা! প্রসঙ্গক্রমে এগুলো চলে আসেই। কিন্তু এসব প্রসঙ্গ আসতেই কড়জোরে ক্ষমা চাইলেন ব্রাদার্স সাধারণ সম্পাদক, "প্লিজ, অনেক হয়েছে। দয়া করে আর এধরনের কোনো প্রশ্ন করবেন না।"
এর আগে বিসিবির তরফ থেকে ব্রাদার্সকে বুঝিয়ে-সুঝিয়ে মামলা প্রত্যাহারে রাজী করানোর দায়িত্ব নিয়েছিল দুই বড় ক্লাব আবাহনী ও মোহামেডান। তাদের মধ্যস্থতায় অচলাবস্থার বরফ গলার খবরটা অবশ্য চাউর হয়ে গিয়েছিল ব্রাদার্স ক্লাবে জরুরী সভার আগেই। ওই সভা থেকে যে এরকম সিদ্ধান্তই আসতে যাচ্ছে, তা মঙ্গলবার বিকেলেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান মোহামেডান ক্লাবের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ভুঁইয়া, "আমরা ব্রাদার্স ক্লাবকে রাজী করাতে পেরেছি। গত রাতেও (সোমবার) তাদের বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়েছে। তখনই তারা মামলা প্রত্যাহার করে নিচ্ছেন বলে আমাকে জানিয়েছেন।"
গত ১০ জানুয়ারি বিসিবি সভাপতি মেজর জেনারেল সিনা ইবনে জামালী প্রিমিয়ার ও প্রথম বিভাগের ক্লাব কর্মকর্তাদের সঙ্গে বসেছিলেন। সৌজন্য সভা বলা হলেও সেখানেই লিগ নিয়ে একটা সমাধানে পৌছা যাবে বলে আশা করা হচ্ছিল। কিন্তু সেখানে ব্রাদার্সের কারো অনুপস্থিতি পরিস্থিতি আরো জটিল করে তোলে। ওই সভাশেষে তাই বিসিবি সভাপতিকে সাফ জানিয়ে দিতে হয়, "মামলা প্রত্যাহার করে না নিলে ব্রাদার্সের সঙ্গে কোনো আলোচনা নয়।"
অনিশ্চিত ক্রিকেট লিগের ভবিষ্যত নিয়ে তিনি বলেছিলেন, "মামলা প্রত্যাহার করে নিলে লিগ হবে, নয়তো আদালতের রায় নিয়েই লিগ হবে।" দেরিতে হলেও ব্রাদার্সের শুভবুদ্ধির উদয়ে অবশ্য বিসিবিকে আর সে পথ মাড়াতে হচ্ছে না। এমনকি ভাবতে হচ্ছে না ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিকল্প কোনো টুর্নামেন্ট আয়োজনের কথাও। এই অনিশ্চিত অবস্থার মধ্যে এ মাসের শেষের দিকে কর্পোরেট ক্রিকেট লিগ দিয়ে খেলা শুরুর একটা পরিকল্পনাও নিয়েছিল বিসিবি। তবে ব্রাদার্সের সিদ্ধান্তে এখন দ্রুততম সময়ের মধ্যেই দলবদল সেরে প্রিমিয়ার ও প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু করতে পারবে বিসিবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০১৫ঘ.
bdnews24