২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরুতে সাফল্য না পেলেও ঠিক পথেই হাঁটছেন সিডন্স

ট্রেভর চ্যাপেল, মহসিন কামাল থেকে শুরু করে ডেভ হোয়াটমোর- তারুণ্যের দিকে ঝোঁক ছিল এদের সবারই। সেই ঝোঁক কখনো কখনো ঝলক বের করে এনেছে ঠিকই। কিন্তু তরুণরা বেশিরভাগ সময়ই পারেননি নিজেদের মেলে ধরতে। একারণেই অভিজ্ঞ জাভেদ ওমরকে দেশে ফেরত পাঠিয়ে তামিম ইকবাল ও জুনায়েদ সিদ্দিকীকে নতুন ওপেনিং জুটি বানানোর যে সিদ্ধান্ত নেন জেমি সিডন্স, তা নিয়ে শুরুতে প্রশ্ন উঠেছিল। ডানেডিন টেস্টে তাদের ১৬১ রানের রেকর্ড ওপেনিং পার্টনারশিপ প্রশ্নের ঝাপটা লাগতে দেয়নি বাংলাদেশ কোচের গায়ে। তবে এরকম পরীক্ষা-নিরীক্ষার বেশিরভাগেরই নিস্ফলা অতীত নতুন ওপেনারদের ভবিষ্যৎ সম্পর্কে সন্দিহান করে রাখছেই। অবশ্য এক্ষেত্রেও তার পাশে দাঁড়ানোর লোক পাচ্ছেন সিডন্স। সাবেক অধিনায়ক রকিবুল হাসান সরাসরি তার সিদ্ধান্তকে সমর্থন করেছেন। আর জাতীয় দলের সাবেক লেগস্পিনার ওয়াহিদুল গণি সমর্থন কিংবা বিরোধীতা কোনোটাই করেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2008, 03:50 PM

Updated : 26 Aug 2022, 01:12 PM

ঢাকা, ১৪ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ট্রেভর চ্যাপেল, মহসিন কামাল থেকে শুরু করে ডেভ হোয়াটমোর- তারুণ্যের দিকে ঝোঁক ছিল এদের সবারই। সেই ঝোঁক কখনো কখনো ঝলক বের করে এনেছে ঠিকই। কিন্তু তরুণরা বেশিরভাগ সময়ই পারেননি নিজেদের মেলে ধরতে। একারণেই অভিজ্ঞ জাভেদ ওমরকে দেশে ফেরত পাঠিয়ে তামিম ইকবাল ও জুনায়েদ সিদ্দিকীকে নতুন ওপেনিং জুটি বানানোর যে সিদ্ধান্ত নেন জেমি সিডন্স, তা নিয়ে শুরুতে প্রশ্ন উঠেছিল। ডানেডিন টেস্টে তাদের ১৬১ রানের রেকর্ড ওপেনিং পার্টনারশিপ প্রশ্নের ঝাপটা লাগতে দেয়নি বাংলাদেশ কোচের গায়ে। তবে এরকম পরীক্ষা-নিরীক্ষার বেশিরভাগেরই নিস্ফলা অতীত নতুন ওপেনারদের ভবিষ্যৎ সম্পর্কে সন্দিহান করে রাখছেই। অবশ্য এক্ষেত্রেও তার পাশে দাঁড়ানোর লোক পাচ্ছেন সিডন্স। সাবেক অধিনায়ক রকিবুল হাসান সরাসরি তার সিদ্ধান্তকে সমর্থন করেছেন। আর জাতীয় দলের সাবেক লেগস্পিনার ওয়াহিদুল গণি সমর্থন কিংবা বিরোধীতা কোনোটাই করেননি। ইদানীং অভিজ্ঞরাও আর সেভাবে ঝলসে উঠতে পারছেন না। বাংলাদেশের ৫১ টেস্টের মধ্যে ৪৯টিতেই খেলা হাবিবুল বাশারের যেমন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজটা কেটেছে দুঃস্বপ্নের মতো। দুই টেস্টের চার ইনিংসে মাত্র ৬০ রান। আর তার আউট হওয়ার ধরনও একরকম ভুলিয়েই দিয়েছে যে টেস্টে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান বলতে হাবিবুলকেই বোঝাতো। এমন বিবর্ণ হাবিবুলকে দেখার পর সিডন্সের 'নতুনেরে ভালবাসিলাম' তত্ত্বের আরো বেশি অন্ধ সর্মর্থক হয়ে উঠেছেন রকিবুল, "আমি কোচকে সমর্থন করি। অভিজ্ঞতা, অভিজ্ঞতা করে আর কতোদিন! অভিজ্ঞ হাবিবুল কী করেছে এই সিরিজে! এই তরুণরা (দুই ওপেনার) প্রমাণও করেছে ওদের সামর্থ্য আছে। আমি মনে করি এই সিদ্ধান্তটা ঠিক আছে। যারা টেকনিক্যালি ভালো তাদেরই সুযোগ দেওয়া উচিত।" কিন্তু এমন সুযোগ পরবর্তীতে অনেকের জন্যই শাপেবর হয়নি। এমন কিছু উদাহরণ দেখা আছে ওয়াহিদুল গণিরও। তবুও বাংলাদেশ দলের নতুন কোচ নয়, দায়টা তিনি চাপাচ্ছেন খোদ ক্রিকেট দলের ওপরই, "আমি কোচকে দোষ দেব না। তিনি নতুন এসেছেন। নিঃসন্দেহে ভালো কোচ। সময় দিতে হবে। আসলে আমাদের দলের পারফরম্যান্স এতো খারাপ হয় যে নতুন এলে যে কেউই পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে চান উন্নতি কিছু হয় কিনা।" ব্যাটসম্যানদের বেশি বেশি শট খেলার প্রবণতাই টেস্টে বাংলাদেশের ব্যর্থতার কারণ-এমনটা অনেক ক্রিকেট বিজ্ঞই বলে আসছেন। দায়িত্ব নেওয়ার আগে এদেশের ক্রিকেট সম্পর্কে তেমন কিছুই জানতেন না। তবে এখন মাত্রাতিরিক্ত শট খেলার 'খুঁত' ধরা পড়ে গেছে তার চোখেও। এই ক্ষত সারানোর মন্ত্র নিশ্চয়ই শিষ্যদের পড়াচ্ছেন তিনি। একই সঙ্গে আবার তাদের টেস্ট ক্রিকেটেও আক্রমণাত্মক হওয়ার পরামর্শ দিচ্ছেন বলেও পত্র-পত্রিকায় তার 'উদ্ধৃতি' ছাপা হয়েছে। তামিম-জুনায়েদের ব্যাটিং তো এই ধারণার সঙ্গেই বেশি যায়। নাচুনে বুড়িকে ঢোলের বারি দেওয়ার এই প্রয়াসকেও বাঁকা চোখে দেখতে পারছেন না রকিবুল, "রান তো টেস্ট ক্রিকেটেও করতে হবে নাকি! মারার বল পেলে আক্রমণাত্মক হওয়ার কথাই বোধহয় তিনি বলেছেন।" তবে ব্যাটিং ব্যর্থতায় ঠিকই বিতৃষ্ণ হয়ে উঠেছেন রকিবুল। বললেন, "টেকনিকের ঘাটতি খুব বাজেভাবে প্রকাশ পেয়ে গেছে।" এটা নতুন নয় মোটেও। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকেই আলোচিত বিষয়টার এখনো সমাধান না হওয়ার কারণ এটাকেই মনে হচ্ছে ওয়াহিদুল গণির, "আমাদের খেলোয়াড়দের সাধনার অভাব। দলের বাইরে নিজে থেকে বাড়তি প্র্যাকটিস করতে তো কাউকে দেখি না। এদেরকে ধাক্কাতে হয়। এরা অল্পতেই অনেক কিছু পেয়ে ফেলে।" এই সিরিজ থেকেই অল্পতে অনেক কিছু পাওয়ার পরিণামও দেখাচ্ছেন তিনি, "মুশফিকুর রহিম। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিংটাও করেছে যাচ্ছেতাই।" শুরুর ঝলক কিন্তু মুশফিকও দেখিয়েছিলেন। তাই রকিবুলরা পক্ষে থাকলেও সিডন্সের পরীক্ষা-নিরীক্ষা এখনই পাস মার্ক পেয়ে যাচ্ছে না! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০১০ঘ.