২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইনিংস এবং ১৩৭ রানে হেরেছে বাংলাদেশ

শেষ জুটিতে এসেছে ৩০ রান। তাতেই মুখরক্ষা। কথাটা ঠিক হলো না। বরং বলা যায় অপমানজনক ব্যবধান একটু ঘুচেছে। তারপরও ওয়েলিংটন টেস্ট হেরেছে বাংলাদেশ ইনিংস এবং ১৩৭ রানে। তৃতীয় দিন লাঞ্চের আগেই নিউজিল্যান্ড বোলারদের কাছে আনুষ্ঠানিক আত্মসমর্পণের পালা চুকিয়েছে বাংলাদেশ ১১৩ রান তুলে। সুবাদেই ২-০ ব্যবধানে সিরিজও জিতেছে নিউজিল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2008, 03:48 PM

Updated : 26 Aug 2022, 01:12 PM

ওয়েলিংটন, ১৪ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শেষ জুটিতে এসেছে ৩০ রান। তাতেই মুখরক্ষা। কথাটা ঠিক হলো না। বরং বলা যায় অপমানজনক ব্যবধান একটু ঘুচেছে। তারপরও ওয়েলিংটন টেস্ট হেরেছে বাংলাদেশ ইনিংস এবং ১৩৭ রানে। তৃতীয় দিন লাঞ্চের আগেই নিউজিল্যান্ড বোলারদের কাছে আনুষ্ঠানিক আত্মসমর্পণের পালা চুকিয়েছে বাংলাদেশ ১১৩ রান তুলে। সুবাদেই ২-০ ব্যবধানে সিরিজও জিতেছে নিউজিল্যান্ড। ব্যাটিংয়ের সবচেয়ে বাজে প্রদর্শনীটা সফরের শেষ ইনিংসের জন্যই যেন তুলে রেখেছিল মোহাম্মদ আশরাফুলের দল। ডানেডিনে ৪৬.১ এবং ৮৩.১ ওভার টিকেছে বাংলাদেশ দু'ইনিংস মিলিয়ে। বেসিন রিজার্ভে প্রথম ইনিংস শেষ হয়েছে ৪৫.৩ ওভারে। দ্বিতীয় ইনিংস ৪৭ ওভার। তাও মাঝে ১৩ ওভার নিউজিল্যান্ড বোলারদের উইকেট পেতে একটু কষ্ট হয়েছিল বলে। তামিম ইকবাল ছিলেন না বুড়ো আঙুল ভেঙ্গে। তাই বাকি ৪ উইকেট প্রয়োজন ছিলো স্বাগতিকদের ম্যাচ জিততে। সেটা তারা সেরেছে সকালের ২৫ ওভারের মধ্যেই। ৫ উইকেটে ৫১ রান নিয়ে শুরু করেছিল বাংলাদেশ। যাদের মনে ক্ষীণ আশা ছিল হাবিবুল বাশার কিছু একটা করে ফেলবেন বলে, তাদের হতাশ করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। দিনের প্রথম ওভারেই ক্রিস মার্টিনের বলে এলবিডব্লু হয়েছেন। আগের দিনের সংগ্রহে আর ৪ যোগ করে আউট হয়েছেন ২৫ রানে। ১৩ ওভারের যে প্রতিরোধ, তাতে সাকিব আল হাসান ও শাহাদত হোসেন যোগ করেছেন ২৭ রান। ৩৭ বল টিকে ৬ রান তুলে অবশেষে ক্ষান্ত দিয়েছেন শাহাদত। ইয়ান ও'ব্রাইনের বলে ক্যাচ দিয়েছেন ব্রায়ান ম্যাককালামকে। দু'ওভার পর সাকিবের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট সাজিদুল ইসলাম (৩)। নবম উইকেট এবং বাংলাদেশ ব্যাটিংয়ের শেষ জুটিতে ৩০ রান যোগ করেছেন মাশরাফি ও সাকিব। সেটাও হতো না যদি ম্যাথু বেল সদয় না হতেন। ও'ব্রাইনের বলে দু'বার ক্যাচ ছেড়েছেন তিনি সাকিবের। ১৯ ও ২৯ রানে। পয়েন্টে দারুণ এক ডাইভিং ক্যাচে জুটি ভেঙ্গেছেন কাইল মিলস মাশরাফিকে আউট করে। অন্যপ্রান্তে সাকিব তখন অপরাজিত ৪১ রানে। সাজিদ রান আউট। বাকি ৮ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন নিউজিল্যান্ডের পেসাররা। অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি ব্যাট হাতেই যা করার করে ফেলেছেন। তাই এক ওভারের বেশি বল করার ইচ্ছে দেখাননি। নিউজিল্যান্ড একমাত্র ইনিংসে সর্বোচ্চ ৯৪ রানই ম্যাচ সেরার পুরষ্কার এনে দিয়েছে ভেট্টরিকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওআরপি/১১১৫ঘ.