পার্থ, ১৪ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দু'জনের মুখেই হাসি। মিটিং শেষে করমর্দন করলেন দু'জনে, তারপর ক্যামেরার সামনে 'পোজ' দিলেন রঞ্জন মাদুগালেকে সঙ্গে নিয়ে। রিকি পন্টিং ও অনিল কুম্বলের উদ্ভাসিত হাসিতেই তখন পরিষ্কার, দু দলের মধ্যে জমে ওঠা বিরোধের মেঘ উধাও হয়ে গেছে। সত্যিই তাই। সোমবার পার্থের একটি হোটেলে প্রায় এক ঘন্টার মিটিংশেষে পন্টিং-কুম্বলে জানিয়েছেন তাদের মধ্যে আর কোনো বিবাদ নেই। সব বিবাদ মিটিয়ে বুধবার থেকে শুরু হতে যাওয়া পার্থ টেস্টের দিকে তারা অধীর আগ্রহে তাকিয়ে।
৬ জানুয়ারি শেষ হওয়া সিডনি টেস্টের একাধিক বিতর্কিত ঘটনা এক সময় বোর্ডার-গাভাস্কার ট্রফির চার টেস্টের সিরিজকেই ফেলে দিয়েছিল আশঙ্কার সামনে। হরভজন সিং ও ব্র্যাড হগের বিরুদ্ধে প্রতিপক্ষের গালি দেয়ার অভিযোগ, ভারতের সিরিজ বর্জনের হুমকি, বিতর্কিত আম্পায়ার স্টিভ বাকনরকে প্রত্যাহারের দাবী --- কত কিছুই না হয়েছে গত এক সপ্তাহে। বিশ্বের সবচেয়ে ধনী ও প্রভাবশালী ক্রিকেট বোর্ড বিসিসিআই-এর হুমকিতে হতচকিত আইসিসি বাকনরকে সিরিজ থেকে সরিয়ে তো দিয়েছেই, সেই সঙ্গে আপিলের শুনানি না হওয়া পর্যন্ত হরভজনকে খেলারও অনুমতি দিয়েছে। সেই সঙ্গে বিবদমান দু পক্ষের মধ্যে 'ঝগড়া' মিটিয়ে ফেলার জন্য মধ্যস্থতাকারী হিসাবে ডেকে পাঠিয়েছে ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালেকে।
সোমবার সেই মাদুগালের সঙ্গে মিটিংয়ের পর শান্তির পতাকা উড়িয়েছেন দুই অধিনায়ক। উচ্ছ্বসিত পন্টিংয়ের কণ্ঠে উচ্চারিত হয়েছে ক্রিকেটের স্পিরিট মেনে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান, "(মিটিংয়ের) ফলাফলে আমরা খুবই খুশি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে (চার টেস্টের) সিরিজটা দারুণ স্পিরিট মেনেই খেলবো। প্রথম টেস্টে নিঃসন্দেহে তা হয়েছিল। এখন থেকে তা বজায় রাখার দায়িত্বও আমাদের। সামনের টেস্ট দুটো ভালো খেলা এবং দর্শকদের কাছে উপভোগ্য করার জন্য অধীর আগ্রহে তাকিয়ে আছি আমরা।"
আসলে ব্র্যাড হগের ওপর থেকে অভিযোগ প্রত্যাহার করে নেয়াটাই দু দলের সম্পর্কের বরফ গলিয়ে দিয়েছে। কুম্বলে জানিয়েছেন, সব বিবাদ ভুলে দু দলই এখন সামনের দিকে যেতে চাইছে, "এখন সময় এসেছে সামনে এগিয়ে যাওয়ার। রিকি (পন্টিং) ও আমার মধ্যে দারুণ একটা মিটিং হয়েছে ... আর আবার ক্রিকেট খেলতে যাচ্ছি বলে আমরা সত্যিই খুব খুশি।" হগের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার সম্পর্কে তার বক্তব্য, "হয়তো রাগের মাথায় কথাটা সে বলেছিল। তাই সব কিছু বিবেচনা করে আমরা অভিযোগ প্রত্যাহার করে নিয়েছি।"
পন্টিং-কুম্বলের 'শান্তি চুক্তি' দেখে মাদুগালেও দারুণ খুশি। স্বস্তির নিঃশ্বাস ফেলতে ফেলতে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক বলেছেন, "দুই অধিনায়কই খেলাটাকে সামনে এগিয়ে নেয়ার দায়িত্ব নিতে রাজি হয়েছে। গত সপ্তাহের ঘটনাগুলো তারা এখন ভুলে যেতে চায়। দু দলই যেন সঠিক স্পিরিট মেনে খেলে অধিনায়ক হিসাবে সেটা নিশ্চিত করতে হবে তাদের। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একে অন্যকে সম্মান করতে হবে। আশা করি আগামী পাঁচ দিন নিজেদের সম্মিলিত পারফরম্যান্সের দক্ষতার মাধ্যমে তারা নিশ্চিত করবে যে ক্রিকেটই হলো আসল বিজয়ী। অন্য কিছু নয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯৫৫ঘ.
bdnews24