নয়াদিল্লী, ১৪ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিনি মূলত ব্যাটসম্যান। ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ হারা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে একমাত্র সেঞ্চুরিটি করেছেন মারলন স্যামুয়েলস। কিন্তু সমস্যায় পড়েছেন বোলিং নিয়ে। একই টেস্টে অফ-স্পিন বোলিংয়ে জোরে করা ডেলিভারিটি নিয়ে আপত্তি উঠেছে। সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য আইসিসির কালো তালিকায় নাম উঠেছে স্যামুয়েলসের।
রোববার আইসিসির এক বিবৃতিতে ম্যাচ রেফারি রোশান মহানামা জানিয়েছেন বোলিং পর্যালোচনা প্রক্রিয়ার অংশ হিসেবে স্যামুয়েলসের বিশেষ ডেলিভারিটির জন্য একটি প্রতিবেদন দেওয়ার সুপারিশ পেয়েছেন তারা। আইসিসির বিশেষজ্ঞ প্যানেলের একজন সদস্যের কাছে স্যামুয়েলস তার বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন। তবে সেসময়টায় তিনি খেলতে পারবেন। তবে অ্যাকশন অবৈধ বলে বিবেচিত হলে আন্তর্জাতিক ক্রিকেটে ওই বিশেষ ডেলিভারিটি করতে পারবেন না স্যামুয়েলস। তখন অবশ্য আইসিসির কাছে আপিল করতে পারবেন তিনি ডেলিভারিটি আবারও পরীক্ষা করার জন্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৪৪০ঘ.
bdnews24