ঢাকা, ১১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ব্যর্থতা যেহেতু ব্যাটিংয়েই, সুতরাং যতো পারো ব্যাটসম্যান বাড়াও। নিউজিল্যান্ড থেকে বলার মতো কিছু করে ফেরার প্রত্যাশায় বাংলাদেশ শিবির তাই শরণাপন্ন হয়েছে ক্রিকেটের চিরাচরিত এই 'টোটকা'র। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে শনিবার থেকে শুরু সিরিজের শেষ টেস্টের জন্য একাদশে একমাত্র পরিবর্তনটা আনা হয়েছে ওই চিন্তা থেকেই। ডানেডিনে প্রথম টেস্টে দলের একমাত্র স্পেশালিস্ট স্পিনার এনামুল হক জুনিয়রকে এই ম্যাচে থাকতে হচ্ছে মাঠের বাইরে। তার জায়গা যে আব্দুর রাজ্জাক নিচ্ছেন তাও নয়। আরেকজন বাঁ হাতি স্পিনারকে একাদশে আনা হয়েছে ঠিকই। তবে সাকিব আল হাসানের অন্তর্ভূক্তি দলের ব্যাটিং গভীরতার কথা ভেবেই। অর্থাৎ এই টেস্টে বাংলাদেশ নামছে পুরোদস্তুর সাতজন ব্যাটসম্যান নিয়ে। উইকেটকিপার মুশফিকুর রহিমের ব্যাটিং সামর্থ্যে আস্থা রাখলে সংখ্যাটা আটও ধরা যায়।
ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে সিরিজের আগের টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়ে গিয়েছিল মাত্র ১৩৭ রানেই। দ্বিতীয় দিনের শেষে ওপেনারদের ১৪৮ রান তুলে দেওয়ায় টাইগারদের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত থাকলেও শেষপর্যন্ত তা বাস্তবায়ন হতে পারেনি মিডল অর্ডার ব্যাটসম্যানদেরই ব্যর্থতায়। ওপেনিংয়ে ১৬১ রানের পর ২৫৪ রানেই শেষ হয়ে যায় তাদের দ্বিতীয় ইনিংস। আড়াই দিনে ৯ উইকেটে হারার পর সাকিবকে দিয়েই মিডল অর্ডারে শক্তি বাড়াচ্ছে টিম ম্যানেজমেন্ট। এই অলরাউন্ডার বাঁ হাতি স্পিনটাও করেন বলে বোলিংয়েও ভারসাম্য থাকছে বলে দাবি করতে পারেন তারা।
কিন্তু এতো কিছুর পরও কাজের কাজ কতোটা হবে, তা নিয়ে সংশয়েই থাকতে হচ্ছে বাংলাদেশ দলের অতীত বিবেচনায়। তার ওপর নিউজিল্যান্ড শিবির থেকেও হুঙ্কার দিয়ে রাখা হয়েছে যে তারা আরো বড় ব্যবধানে জিততে চায়। ৯ উইকেটের জয়ে অন্তত তাদের মন ভরেনি বলেই দাবি করেছেন অধিনায়ক ডেনিয়েল ভেট্টোরি। তার ভাষায়, "আমাদের মধ্যে আত্মতুষ্টি চলে এসেছে বলে মনে হতে পারে। কিন্তু প্রকৃত অবস্থা এর পুরো বিপরীত। আমাদের চাই, ডানেডিনের চেয়েও ভালোভাবে জয়। এজন্য ছেলেরা সম্ভব সবকিছু করবে।"
আর বাংলাদেশের ব্যাটসম্যানরা চেষ্টা করবেন উইকেটে গিয়ে জানা কথাটা ভুলে না যেতে। কোচ জেমি সিডন্স তো ডানেডিন টেস্টের পরই বলে দিয়েছেন, "মিডল অর্ডার ব্যাটসম্যানদের বোঝা উচিত টেস্ট ক্রিকেটে ধৈর্য্যটাই আসল।" সাকিবকে এনে ব্যাটিং শক্তি বাড়ানো হলেও দলের প থেকে দাবি করা হচ্ছে, বোলিংয়ের কথা ভেবেই তাকে একাদশে জায়গা দেওয়া হয়েছে। বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বললেন, "ডানেডিনের উইকেট থেকে এনামুল তেমন একটা সুবিধা আদায় করে নিতে পারেনি। এখানকার (ওয়েলিংটন) কন্ডিশনে সাকিবই ভালো করবে বলে মনে হয়েছে আমাদের। এই সফরে বাঁ হাতি স্পিনটা সে ভালোই করেছে। বোলিংয়ের জন্যই এই টেস্টে তার অন্তর্ভূক্তি। আশা করছি ও বল ঘুরাতে পারবে। তার উপস্থিতি ব্যাটিংয়ের শক্তিও বাড়াবে। ও ব্যাট করবে আট নাম্বারে।"
এই টেস্টের জন্য দলের সবার করণীয় আবার নতুন করে মনেও করিয়ে দিচ্ছেন অধিনায়ক, "সা
bdnews24