২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চার পেসার নিয়ে সিরিজ জয়ের স্বপ্ন দক্ষিণ আফ্রিকার

পিছিয়ে পড়ে সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার জন্য নতুন কিছু নয়। গত মৌসুমেই ভারতের কাছে প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর তিন টেস্টের সিরিজ জিতে নিয়েছিল তারা। এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও প্রোটিয়ারা একই পরিস্থিতির সামনে দাঁড়িয়ে। পোর্ট এলিজাবেথে প্রথম টেস্টে হেরে গেলেও কেপটাউনে অনুষ্ঠিত পরের টেস্ট ৭ উইকেটে জিতে সিরিজে সমতা ফিরিয়ে এনেছে স্বাগতিকরা। বৃহস্পতিবার থেকে ডারবানে শুরু হতে যাওয়া তৃতীয় ও শেষ টেস্ট জিতলেই সিরিজটা হাতে উঠবে গ্রায়েম স্মিথের দলের, পুনরাবৃত্তি হবে ভারতের সঙ্গে সেই সিরিজ জয়ের কীর্তির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2008, 04:07 PM

Updated : 26 Aug 2022, 01:10 PM

ডারবান, দক্ষিণ আফ্রিকা, ৯ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পিছিয়ে পড়ে সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার জন্য নতুন কিছু নয়। গত মৌসুমেই ভারতের কাছে প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর তিন টেস্টের সিরিজ জিতে নিয়েছিল তারা। এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও প্রোটিয়ারা একই পরিস্থিতির সামনে দাঁড়িয়ে। পোর্ট এলিজাবেথে প্রথম টেস্টে হেরে গেলেও কেপটাউনে অনুষ্ঠিত পরের টেস্ট ৭ উইকেটে জিতে সিরিজে সমতা ফিরিয়ে এনেছে স্বাগতিকরা। বৃহস্পতিবার থেকে ডারবানে শুরু হতে যাওয়া তৃতীয় ও শেষ টেস্ট জিতলেই সিরিজটা হাতে উঠবে গ্রায়েম স্মিথের দলের, পুনরাবৃত্তি হবে ভারতের সঙ্গে সেই সিরিজ জয়ের কীর্তির। সে লক্ষ্যে চার জন পেসার খেলানোর কথা ভাবছে দক্ষিণ আফ্রিকা। প্রথাগতভাবে ডারবানের কিংসমিডের উইকেট পেস-সহায়ক হয় বলেই এমন একটা ভাবনা উঁকি দিচ্ছে স্বাগতিক শিবিরে। অধিনায়ক গ্রায়েম স্মিথের কথাতেও সেই ভাবনাই প্রতিফলিত, "আরেক জন সিমার খেলানোর চিন্তা আমাদের মনে আছে। ইদানিং আমরা সব সময়ই এক জন স্পিনার খেলাতে চেয়েছি। তবে বেশ কয়েক বছর ধরে এখানে (ডারবানে) স্পিনাররা তেমন সাফল্য পায়নি।" শেষ পর্যন্ত চার জন পেসার খেললে দল থেকে বাদ পড়বেন বাঁহাতি স্পিনার পল হ্যারিস। তার জায়গা নেবেন এই মৌসুমে একটিও টেস্ট খেলার সুযোগ না পাওয়া অভিজ্ঞ অলরাউন্ডার শন পোলক। অবশ্য দারুণ ফর্মে থাকা ফাস্ট বোলার ডেল স্টেইনকে এই টেস্টে নাও পেতে পারে প্রোটিয়ারা। দ্বিতীয় টেস্টে হ্যামস্ট্রিংয়ে টান পড়ায় স্টেইনকে নিয়ে অনিশ্চয়তায় থাকতে হচ্ছে তাদের। প্রথম টেস্ট ১২৮ রানে জিতে সিরিজটা দুর্দান্তভাবে শুরু করা ওয়েস্ট ইন্ডিজ যথারীতি চাপের মধ্যে। দ্বিতীয় টেস্টে ব্যাট করার সময় বুড়ো আঙ্গুল ভেঙ্গে ফেলা ক্রিস গেইল জানিয়েছেন ডারবানে তার খেলার কোনো সম্ভাবনা নেই। তবে কোচ জন ডাইসন অধিনায়ককে পাওয়ার আশা ছাড়েননি, "সিদ্ধান্তটা ক্রিসের (গেইলের) ওপরে। যদিও চিকিৎসকরা খেলার কথা চিন্তা না করারই পরামর্শ দিয়েছেন তাকে। সে খেলবে কি খেলবে না তা নিয়ে আমরা কোনো কথা বলিনি।" গেইল না খেললে তার জায়গায় ক্যারিবীয়দের অধিনায়কত্ব করবেন ডোয়াইন ব্রাভো। ফাস্ট বোলার ফিডেল এডওয়ার্ডসকে নিয়েও বেশ দুশ্চিন্তায় আছে সফরকারীরা। হ্যামস্ট্রিংয়ে সমস্যা থাকায় এডওয়ার্ডসের ডারবানে খেলা অনিশ্চিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১৩৩ঘ.