২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ টেস্টে খেলতে পারবেন না গেইল

আগামী বৃহস্পতিবার থেকে ডারবানে শুরু হতে যাওয়া তৃতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না ক্রিস গেইল। কেপটাউনে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে বাঁ হাতের বুড়ো আঙ্গুল ভেঙ্গে ফেলার জন্যই সিরিজ নির্ধারণী ম্যাচে অধিনায়ককে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2008, 03:39 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

ডারবান, দক্ষিণ আফ্রিকা, ৭ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বৃহস্পতিবার থেকে ডারবানে শুরু হতে যাওয়া তৃতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না ক্রিস গেইল। কেপটাউনে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে বাঁ হাতের বুড়ো আঙ্গুল ভেঙ্গে ফেলার জন্যই সিরিজ নির্ধারণী ম্যাচে অধিনায়ককে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের শুরু থেকেই হ্যামস্ট্রিংয়ের সমস্যা ভুগিয়ে আসছে গেইলকে। কেপটাউনে তার সঙ্গে যোগ হয়েছে আঙ্গুলের ইনজুরি। চতুর্থ দিন সকালে আন্দ্রে নেলের একটি বলে ব্যথা পেয়ে মাঠের বাইরে চলে যান তিনি। দ্বিতীয় ইনিংসে দলের ৯ উইকেট পড়ার পর ব্যথানাশক ইঞ্জেকশন নিয়ে আবার মাঠে ফিরে তিনটি ছক্কাসহ ৩৮ রানের এক ঝড়ো ইনিংস খেললেও দলের ৭ উইকেটের পরাজয় রুখতে পারেননি গেইল। আর এখন জানিয়েছেন ডারবানে দলের বাইরে থাকার দুঃসংবাদটা। শেষ টেস্টে আরেকটা দুঃসংবাদের আঘাতও সইতে হতে পারে ক্যারিবীয়দের। প্রথম ইনিংসে ৪ দশমিক ৫ ওভার বল করার পর হ্যামস্ট্রিংয়ে টান পড়ায় মাঠের বাইরে চলে গিয়েছিলেন ফিডেল এডওয়ার্ডস। পরে আর তিনি বলই করতে পারেননি। ডারবানে এই পেসারকে পাওয়া নিয়েও বেশ সংশয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১৩২ঘ.