২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জল্পনা শেষ করে আইসিএল-এই যোগ দিলেন বন্ড

শেন বন্ডের আন্তর্জাতিক ক্যারিয়ার কি শেষ? প্রশ্নটা ওঠার কারণ, গুঞ্জনকে সত্য প্রমাণিত করে তিনি যোগ দিয়েছেন ভারতীয় ক্রিকেট লিগ বা আইসিএল-এ!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2008, 01:30 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

মুম্বাই, ভারত, ৪ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শেন বন্ডের আন্তর্জাতিক ক্যারিয়ার কি শেষ? প্রশ্নটা ওঠার কারণ, গুঞ্জনকে সত্য প্রমাণিত করে তিনি যোগ দিয়েছেন ভারতীয় ক্রিকেট লিগ বা আইসিএল-এ! কয়েক দিন ধরেই বন্ডের আইসিএল-এ যোগ দেয়ার কথা ভেসে বেড়াচ্ছিল নিউজিল্যান্ডের ক্রিকেটাঙ্গনে। নিউজিল্যান্ডের কয়েকটি পত্রিকা আভাসও দিয়েছিল এ ব্যাপারে। বন্ড নিজে কিছু বলেননি ঠিকই, কিন্তু নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কর্মকর্তারা রিচার্ড হ্যাডলির পর দেশের সেরা ফাস্ট বোলারকে আইসিএল-এর প্রলোভন থেকে রক্ষার জন্য দারুণ সচেষ্ট ছিলেন। সেই চেষ্টা ফল দেয়নি কোনো। আইসিএল-এর উদ্যোক্তা এসেল গ্র"পের নির্বাহী সহ-সভাপতি আশীষ কাউল জানিয়েছেন, "শেন বন্ড চুক্তিবদ্ধ হয়েছেন। ভারতীয় ক্রিকেট লিগের সঙ্গে তার তিন বছরের চুক্তি হয়েছে।" মিডিয়ার জল্পনা, বন্ডের চুক্তিটা ৮ লাখ মার্কিন ডলারের বিনিময়ে। আশীষ কাউল অবশ্য টাকার অংক নিয়ে মুখ খোলেননি। ৩২ বছর বয়সী বন্ড সত্যি সত্যি আইসিএল-এ যোগ দিলে তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ারই কথা। কারণ আইসিসি, বিসিসিআই এবং প্রায় সবগুলো দেশের অনুমোদন না পাওয়া 'বিদ্রোহী' টোয়েন্টি টোয়েন্টি টুর্নামেন্টে দেশের ক্রিকেটারদের খেলতে না দিতে বদ্ধপরিকর এনজেডসি। সেজন্য নির্বাচকদের কাছে আইসিএল-এর সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের জাতীয় দলে না নেয়ার পরামর্শও (নাকি আদেশ!) দিয়েছে তারা। গত মাসে অনুষ্ঠিত আইসিএল-এর প্রথম আসরে নিউজিল্যান্ডের ৬ জন ক্রিকেটার অংশ নিয়েছিলেন। এদের মধ্যে ক্রিস কেয়ার্নস, নাথান অ্যাস্টল, ক্রিস হ্যারিস ও ক্রেইগ ম্যাকমিলান ইতিমধ্যেই অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। অন্য দুজন ড্যারিল টাফি ও হামিশ মার্শাল বেশ কিছু দিন ধরেই জাতীয় দলের বাইরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯২৫ঘ.