২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫০ টেস্টে বাংলাদেশের ৫০ টেস্ট ক্রিকেটার

কোনো উপলক্ষকে প্রতিটা দলই স্মরণীয় করে রাখতে চায় সাধারণত। শুক্রবার থেকে ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশও স্মরণীয় কিছু লিখে রাখতে চায়। কারণ এটি যে তাদের ৫০-তম টেস্ট। উপলক্ষটাকে উজ্জ্বল করে রাখতে নিত্যনতুন পরীক্ষা-নিরীক্ষার শরণাপন্নও হয়েছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2008, 12:55 PM

Updated : 26 Aug 2022, 01:08 PM

ঢাকা, ৩ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- কোনো উপলক্ষকে প্রতিটা দলই স্মরণীয় করে রাখতে চায় সাধারণত। শুক্রবার থেকে ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশও স্মরণীয় কিছু লিখে রাখতে চায়। কারণ এটি যে তাদের ৫০-তম টেস্ট। উপলক্ষটাকে উজ্জ্বল করে রাখতে নিত্যনতুন পরীক্ষা-নিরীক্ষার শরণাপন্নও হয়েছে বাংলাদেশ। এই ম্যাচেই টেস্ট অভিষেক হতে যাচ্ছে তিন তিনজন ক্রিকেটারের - দুই ওপেনার তামিম ইকবাল ও জুনায়েদ ইমরোজ সিদ্দিকী এবং সৈয়দ রাসেলের ইনজুরিতে নিউজিল্যান্ড যাওয়া বাঁ হাতি পেসার সাজিদুল ইসলামের। তাদের অভিষেকের মাধ্যমে সংখ্যাতত্ত্বের একটা মিলও খুঁজে পাওয়া যাচ্ছে। এদেরকে নিয়ে ৫০-তম টেস্টে বাংলাদেশের হয়ে টেস্ট খেলা ক্রিকেটারের সংখ্যাও যে গিয়ে ঠেকছে ৫০ এ! এই সফরেই ওয়ানডে অভিষেক হওয়া জুনায়েদ ও তামিমকে দিয়েই ইনিংস ওপেন করানোর সিদ্ধান্তই নিয়েছে টিম ম্যানেজমেন্ট। আবার ওপেনার হিসেবেই টেস্ট সিরিজের জন্য যাওয়া শাহরিয়ার নাফীসও আছেন একাদশে। কিন্তু তিনি ব্যাটিং করতে নামছেন পাঁচ নাম্বারে। প্রিয় পজিশন ওপেনিং ছেড়ে অবশ্য তাকে আগেও ব্যাটিংয়ে নামতে হয়েছে। ২০০৫ এর সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় স্বাগতিকদের বিপক্ষে নিজের দ্বিতীয় টেস্টেই নেমেছিলেন চার নাম্বারে। এরপর ২০০৬ এর শুরুতে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দুই টেস্টেও খেলেছেন ওই একই পজিশনে। এই কিছুদিন আগেও টেস্টের জন্য অপিরণত বলে বিবেচিত হওয়া তামিম-জুনায়েদদের এখনই 'টেস্ট ক্যাপ' দিয়ে নাফীসকে পেছনে নামিয়ে দেওয়া কতোটা যুক্তিযুক্ত, তা নিয়ে অবশ্য প্রশ্ন থেকেই যাচ্ছে। একাদশে জায়গা হারিয়েছেন সাকিব আল হাসান। আর ঢুকেছেন শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজের দলে না থাকা আফতাব আহমেদ। বাঁ হাতি স্পিনার আব্দুর রাজ্জাকের জায়গা নিয়েছেন বাংলাদেশের একমাত্র টেস্ট জয়ের নায়ক এনামুল হক জুনিয়র। সাকিব-রাজ্জাক ছাড়াও একাদশের বাইরে আছেন অলরাউন্ডার ফরহাদ রেজা এবং রাজিন সালেহ। মাশরাফি বিন মর্তুজা ও শাহাদাত হোসেনের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে নামছেন সাজিদুল। একাদশে এনামুলই একমাত্র স্পিনার। উইকেট পেসারদের সাহায্য করবে, এমন আভাস থাকায় ইউনিভার্সিটি ওভালেরও অভিষেক টেস্টে কেবল এনামুলেই আস্থা রাখছে বাংলাদেশ। ২০০৭ এর শেষদিনে কুইন্সটাউনে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের চরম বিপর্যয়ে বাংলাদেশের ওপর থেকে ক্রিকেটপ্রেমীদের আস্থা হারিয়ে ফেলাটা অস্বাভাবিক নয়। মোহাম্মদ আশরাফুল অবশ্য নিজের দলকে জাগাতে চাইছেন ভালো কিছু দিয়ে নতুন বছর শুরুর কথা বলে। অন্যদিকে নিউজিল্যান্ড অধিনায়ক ডেনিয়েল ভেট্টোরি আবার বলে দিয়েছেন, টেস্ট সিরিজেও ন্যুনতম ছাড় দেওয়া হবে না বাংলাদেশকে। তাই কেমন করবে টাইগাররা? - এ প্রশ্নের আনুমানিক উত্তর খোঁজার আগে এবার বোধহয় টেস্ট শুরুর অপেক্ষায় থাকাই ভালো। ২০০১ সালে নিউজিল্যান্ডে আগের সফরে তো বলার মতো একদমই কিছু নেই বাংলাদেশের। সেবার শুধু দুই টেস্টের সিরিজ খেলতেই সেখানে গিয়েছিল তারা। হ্যামিল্টনে প্রথম টেস্ট সোয়া দুই দিনেই জিতে নিয়েছিল কিউইরা। বৃষ্টির জন্য ওই টেস্টের প্রথম দুদিন একটা বলও হতে পারেনি। তবুও পঞ্চম দিনের সকালেই ইনিংস ও ৫২ রানে হারের লজ্জা অব্যাহত ছিল ওয়েলিংটনে সিরিজের শেষ টেস্টেও। বৃষ্টি সেখানেও বাগড়া দিয়েছিল। এরপরও ইনিংস ও ৭৪ রানে জিততে তেমন কোনো সমস্যাই হয়নি নিউজিল্যান্ডের। এবার শেষ ওয়ানডেতে টাইগারদের ৯৩ রান কিউইরা মাত্র ৬ ওভারেই টপকে যাওয়ার পর তাদের মাটিতে আগের টেস্ট সিরিজের পরিসংখ্যানই ফিরে ফিরে আসছে বারবার। ছয় বছরের পুরনো বাংলাদেশ যে এখনো আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে, সেটাকে বিচিত্র কিছু বলে মনে হচ্ছে না আশরাফুলেরও। শুনুন বাংলাদেশ অধিনায়কের ব্যাখ্যাটা, "এটা মানতেই হবে, গত আট বছরে টেস্ট ক্রিকেটে আমরা প্রত্যাশানুযায়ী উন্নতি একদমই করতে পারিনি।" ৪৯ টেস্টের মধ্যে চারটি ড্র এবং জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র জয়টি ছাড়া বেশিরভাগ ম্যাচেই ইনিংস হার হয়ে থেকেছে বাংলাদেশের নিয়তি। নতুন বছরে নিয়তির এই লিখন পাল্টাতে চান আশরাফুল। নিউজিল্যান্ডের বিপক্ষে ডানেডিন টেস্ট দিয়েই এর শুরুটা চাইছেন তিনি, "নতুন বছরে আমাদের দলটা টেস্টে ভালো কিছু করে দেখাচ্ছে, এমন কিছুর দিকেই আসলে তাকিয়ে আছি আমি। খেলাটার এই সংস্করণে আরো প্রতিদ্বন্দ্বিতামূলক দল হয়ে উঠতে চাইছি।" ওদিকে ডেনিয়েল ভেট্টোরি আবার টাইগারদের প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার বিন্দুমাত্র অবকাশ রাখতে চাইছেন না। বরং বাংলাদেশকে ছিড়েখুঁড়ে ফেলারই ডাক দিয়েছেন তার ক্রিকেটারদের। এক্ষেত্রে তিনি অস্ট্রেলিয়ার পদাঙ্কই অনুসরণ করতে বলছেন কিউই ক্রিকেটারদের। দুর্বল দলের বিপক্ষেও নিজেদের সেরা খেলাটাই খেলে থাকে অস্ট্রেলিয়ানরা। সেই উদাহরণ টেনেই এই বাঁ হাতি স্পিনার বলেছেন, "যখন তারা ভালো খেলে, তখন অস্ট্রেলিয়া কী করতে পারে, তা তোমরা দেখেছো। তাদের এ বিষয়টাই আমাদের মাঠে করে দেখাতে হবে।" তামিম-জুনায়েদদের এই আগুনের সামনেই নামতে হচ্ছে! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮৫০ঘ.