২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সায়মন্ডসের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া

চা-বিরতি পর্যন্ত অনিল কুম্বলের হাসিটা দরাজই ছিল। প্রসন্ন হওয়ার কারণ ছিল ভারত অধিনায়কের। অস্ট্রেলিয়ার টপ অর্ডার সাজঘরে, ব্যাটিংয়ে নিচের দিকের ব্যাটসম্যানরা। প্রতিপক্ষের ইনিংস গোটানো সময়ের ব্যাপার। কিন্তু সে হাসি মিইয়ে গেল সময়ের সঙ্গেই। মিইয়ে দিলেন অ্যান্ড্রু সায়মন্ডস। পয়া মাঠে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটা উদযাপনের জন্য দারুণ উপলক্ষ্য বেছে নিয়েছেন এই অলরাউন্ডার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2008, 04:44 PM

Updated : 26 Aug 2022, 01:08 PM

সিডনি, ২ জানুয়ারি (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চা-বিরতি পর্যন্ত অনিল কুম্বলের হাসিটা দরাজই ছিল। প্রসন্ন হওয়ার কারণ ছিল ভারত অধিনায়কের। অস্ট্রেলিয়ার টপ অর্ডার সাজঘরে, ব্যাটিংয়ে নিচের দিকের ব্যাটসম্যানরা। প্রতিপক্ষের ইনিংস গোটানো সময়ের ব্যাপার। কিন্তু সে হাসি মিইয়ে গেল সময়ের সঙ্গেই। মিইয়ে দিলেন অ্যান্ড্রু সায়মন্ডস। পয়া মাঠে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটা উদযাপনের জন্য দারুণ উপলক্ষ্য বেছে নিয়েছেন এই অলরাউন্ডার। ব্র্যাড হগকে নিয়ে ১৭৩ রানের রেকর্ড জুটি গড়ে সিডনি টেস্টের নিয়ন্ত্রণ তুলে দিয়েছেন স্বাগতিকদের হাতে। বুধবার ম্যাচের প্রথম দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭ উইকেটে ৩৭৬ রান। সায়মন্ডস অপরাজিত ১৩৭ রান নিয়ে, তার সঙ্গী ব্রেট লি ৩১ রানে। অথচ রেকর্ড ১৬ টেস্ট জয়ের স্বপ্নে বিভোর অস্ট্রেলিয়ার ম্যাচের অর্ধেকের বেশি সময় কেটেছে উৎকণ্ঠায়। আর এই অবিশ্বাস্য চাপ সৃষ্টি করেছিলেন দুই সিং- রূদ্রপ্রতাপ ও হরভজন। টস জিতে খুশী মনেই ব্যাটিং নিয়েছিলেন রিকি পন্টিং। অধিনায়ককে তড়িঘড়ি প্যাড পড়ে নামতে বাধ্য করেছেন রূদ্রপ্রতাপ। ম্যাচের তৃতীয় ওভারেই কোনো রান না করে উইকেটের পেছনে মহেন্দ্র সিং ধোনীকে ক্যাচ দিয়েছেন ফিল জ্যাকস। ২৭ রানের মাথায় আবার উইকেট। এবার প্রথম স্লিপে ম্যাথু হেইডেনের (১৩) ক্যাচ নিয়েছেন শচীন টেন্ডুলকার। লাঞ্চ পর্যন্ত আর কোনো উইকেট না হারিয়ে সামাল দিয়েছেন পন্টিং। তৃতীয় উইকেটে মাইক হাসিকে নিয়ে যোগ করেছেন ৯২ রান। মধ্যাহ্ন বিরতির পর পন্টিংয়ের রাহু হয়ে ফের দেখা দিয়েছেন হরভজন। অবশ্য টিভি রিপ্লেতে দেখা গেছে বিতর্কিত এলবিডব্লুর শিকার হয়েছেন পন্টিং- বল তার ব্যাট ছুঁয়ে প্যাডে লেগেছে। তার আগে ৬৯ বলে ৯টি বাউন্ডারিতে করেছেন ৫৫ রান। ভারতের সেরা সময়টার জন্ম তখনই। ৫ ওভারের এক ঝড়ে ১৫ রানে ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া যার শুরু পন্টিংকে দিয়ে। ৪১ রান করে মাইক হাসি টেন্ডুলকার-রূদ্রপ্রতাপ জুটির বলি হয়েছেন। মাইকেল ক্লার্ক (১) কিছু বুঝে উঠার আগেই এলবিডব্লু হয়েছেন হরভজনের ঘূর্ণিতে। অ্যাডাম গিলক্রিস্ট (৭) টেন্ডুলকারকে তার তৃতীয় ক্যাচটি উপহার দিয়েছেন। রূদ্রপ্রতাপকে তার চতুর্থ উইকেট। সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর শুরু অস্ট্রেলিয়ার। প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনটি সেঞ্চুরির মালিক হগ আক্রমণকেই সেরা প্রতিরোধ মেনে শুরু করেছেন মারকুটে ব্যাটিং। অন্যপ্রান্তে তখনও শান্ত সায়মন্ডস। সপ্তম উইকেটে ৮০ রানের জুটি গড়ে চা-বিরতি পর্যন্ত ঠেকালেন দুজন। ফিরে এসে উত্তাল দুজনেরই ব্যাট। যেভাবে খেলছিলেন তাতে প্রথম টেস্ট সেঞ্চুরিটা প্রাপ্য বানিয়ে ফেলেছিলেন হগ। মাত্র ৫৭ বলে ফিফটি করেছেন সাতটি চারের মারে। কিন্তু বাদ সাধলেন কুম্বলে। স্লিপে রাহুল দ্রাবিড়ের হাতে ক্যাচ দিয়ে থামলেন হগ। তার আগে করেছেন ক্যারিয়ার সর্বোচ্চ ৭৯ রান। আর জুটিতে গড়েছেন সিডনি ক্রিকেট গ্রাউন্ডের নতুন রেকর্ড। সেইসঙ্গে অস্ট্রেলিয়ার বিপদমুক্তিও। হগের বিদায়ে আরো ধারালো হয়েছে সায়মন্ডসের ব্যাট। অন্যপ্রান্তে ঘরের ছেলে লি দিয়েছেন দারুণ সঙ্গত। ১২৮ বলে এসেছে সায়মন্ডসের সেঞ্চুরি। ১১টি বাউন্ডারির পাশাপাশি দুটো বিশাল ছক্কাও মেরেছেন তাতে। পঞ্চাশ পুরো করার আগে একবার 'বেনিফিট অব ডাউট' পাওয়া ছাড়া মোটামুটি 'চান্সলেস' বলা যায় তার ১৩৭ রানের লড়াকু ইনিংসটিকে। গত বছর এই সিডনিতেই ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করা টেস্টে ম্যাচ সর্বোচ্চ ১৫৬ রানের ইনিংস খেলেছিলেন সায়মন্ডস। দিনশেষে কুম্বলের হাসিটা ফিরে গেছে পন্টিংয়ের মুখে। চারশ বা তারো বেশি সংগ্রহের কথা ভাবতেই পারেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। সুবাদেই ফিরে আসছে পূর্বসূরী স্টিভ ওয়াহর রেকর্ড ছোঁয়ার স্বপ্নটা। মেলবোর্ন টেস্টে কোনো ইনিংসেই দুশো পেরুতে না পারা ভারতীয় ব্যাটিং লাইনআপের কথা ভেবে রাতটা বিনিদ্র কাটতেও পারে কুম্বলের। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৫০০ঘ.