ঢাকা, ৩০ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- নিউজিল্যান্ড সফরের আগে জাতীয় দলের কোচ পাওয়ার আশা ছেড়েই দেওয়া হয়েছিল একরকম। শর্ট লিস্টের তিনজনই 'না' করে দেওয়ার পর অন্যদের সঙ্গেও কথাবার্তার তেমন অগ্রগতি না হওয়াই ছিল এর কারণ। তবে রোববার বিকেলে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কার্যনির্বাহী কমিটির চতুর্থ সভায় শিগগিরই জাতীয় দলের হেড কোচের শুন্যপদ পূরণের আশা পুনরুজ্জীবিত হয়েছে আবার। এতে কোচ নিয়োগের বিষয়টা ফয়সালা করার জন্য সংশ্লিষ্টদের ৩১ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবির মুখপাত্র ইশতিয়াক আহমেদ। সভাশেষে সন্ধ্যায় তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে বলেছেন, "যেভাবেই হোক ৩১ অক্টোবরের মধ্যে জাতীয় দলের কোচের নাম চূড়ান্ত করতে হবে। আজকের সভায় এমন নির্দেশনাই দিয়েছেন বোর্ড সভাপতি।"
কোচ নিয়োগের বিষয়টা ঝুলে পড়ায় স্বাভাবিকভাবেই এটা বোর্ড সভার আলোচ্যসূচীতে অগ্রাধিকার পেয়েছে। সেখানে সম্ভাব্য কয়েকজনের ব্যাপারে আলোচনা হয়েছে বলেও জানা গেছে। যেমন অস্ট্রেলিয়ার জন ডাইসন এবং বাংলাদেশ দলের সাবেক কোচ গর্ডন গ্রিনিজ। এবছরই ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ শেষে টম মুডি শ্রীলঙ্কা দলের দায়িত্ব ছেড়ে দেন। আপদকালীন সময়টা তার সহকারী জন ডাইসনকে দিয়েই পার করেছিল শ্রীলঙ্কা। আপাতত তার সঙ্গেই বিসিবির যোগাযোগটা এগিয়েছে বেশি। তবে শুধু ডাইসন ও গ্রিনিজের আশাতেই বিসিবি বসে থাকতে চায় না বলেও জানা গেছে বোর্ডের মিডিয়া কমিটির ভাইস চেয়ারম্যান ইশতিয়াকের কাছ থেকে, "ডাইসনের সঙ্গে তো ইতিমধ্যে আমাদের যোগাযোগ হয়েছে। তিনি বাংলাদেশের কোচ হওয়ার আগ্রহও প্রকাশ করেছেন। এছাড়া গর্ডন গ্রিনিজও আমাদের পরিকল্পনায় আছেন। এই দু'জনের সঙ্গে বিস্তারিত কথা তো বলতে হবেই। পাশাপাশি আরো কাউকে পাওয়া যায় কিনা সেবিষয়েও আলাপ হয়েছে সভায়।"
এই সভায় জাতীয় ক্রিকেট লিগ পেছানোর সিদ্ধান্তও হয়েছে। ৫ অক্টোবর থেকে দেশের একমাত্র ফার্স্ট ক্লাস ক্রিকেট প্রতিযোগীতা শুরুর ইচ্ছে ছিল টুর্নামেন্ট কমিটির। কিন্তু বিভাগীয় দলগুলোর নানা ওজর-আপত্তির মুখে শেষপর্যন্ত তা ঈদের পরে নিয়ে যেতে হয়েছে বলে জানালেন ইশতিয়াক, "জাতীয় লিগ ঈদের পরে শুরু হবে। দলগুলো জানিয়েছে তাদের ঠিকমতো প্রস্তুতি নেওয়া হয়নি। তাছাড়া ঈদও চলে আসছে। সবমিলিয়ে লিগটা আমাদের পিছিয়েই দিতে হলো।" টুর্নামেন্ট কমিটি সূত্রে জানা গেছে, জাতীয় লিগ শুরুর নতুন তারিখ ১৯ অক্টোবর।
জাতীয় লিগের ক্ষেত্রে ছাড় দিলেও গত মৌসুমের প্রিমিয়ার ক্রিকেটের অসমাপ্ত রেলিগেশন লিগ নিয়ে কোনো ছাড়ই দিচ্ছে না বিসিবি। তারা ফিকশ্চার তৈরি করে ৪ অক্টোবর থেকে রেলিগেশন লিগ শুরুর কথা বললেও তা আদৌ হবে কিনা সেবিষয়ে ঠিক নিশ্চিত হওয়া যাচ্ছিল না। কারণ ক্লাব তিনটি (সিটি ক্লাব, ব্রাদার্স ও ইন্দিরা রোড) খেলতে অস্বীকৃতি জানিয়েই আসছিল। এমনকি সেটা তারা লিখিতভাবেও বিসিবিকে জানায়। একারণে বোর্ড সভার ওপরই আসলে ঝুলে ছিল রেলিগেশন লিগের ভাগ্য। তাতে লেখা হওয়া রেলিগেশন লিগের ভাগ্যলিপিটা পড়ে শোনাচ্ছেন ইশতিয়াক, "বোর্ড এখনো বিশ্বাস করে যে ওই তিনটি দল রেলিগেশন লিগে খেলবে। এখন অপারগতা প্রকাশ করতে থাকলেও বোর্ড তাদেরকে রাজী করানোর চেষ্টাও করবে। তারপরও যদি তারা রাজী না হয় সেক্ষেত্রে বোর্ডকে কঠোর ব্যবস্থা নিতেই হবে।" এখন তাই ওই দল তিনটিকে আগের সিদ্ধান্তে অটল থাকতে হলে 'অটোমেটিক' অবনমনের ঝুঁকির কথাও মাথায় রাখতে হবে। নিয়মানুযায়ী রেলিগেশন লিগে না খেললে তারা এমনিতেই প্রথম বিভাগে নেমে যাবে। তবে সেরকম কিছু করার আগে সোমবার শেষ চেষ্টা করে দেখতেই বোধহয় ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) জরুরী সভা ডাকা হয়েছে। যেখানে ওই তিনটি দলের প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
এই সভায় জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছ থেকে মাঠ লিজ নেওয়ার জন্য খসড়া চুক্তিপত্রও অনুমোদিত হয়েছে। আপাতত মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম এবং চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়াম ২৯ বছরের জন্য লিজ নিতে চায় বিসিবি। ইশতিয়াক জানিয়েছেন শিগগিরই এবিষয়ক একটা কমিটি করে চুক্তি সম্পাদনের জন্য এনএসসির সঙ্গে হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০১৫ঘ.
bdnews24