লন্ডন, ৩০ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আইসিসির বিরুদ্ধে এবার বর্ণবাদের অভিযোগ আনলেন একজন শ্বেতাঙ্গ। তার নাম শুনলেও অনেকে চমকাবেন, আলোচিত-সমালোচিত আম্পায়ার ড্যারেল হেয়ার। সোমবার থেকে লন্ডনে শুরু হবে তার এই অভিযোগের শুনানি। এই শুনানিতে আইসিসির প্রধান নির্বাহী ম্যালকম স্পিড, নতুন প্রেসিডেন্ট ডেভিড মরগান, দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেট কিপার ও আইসিসির বর্তমান কর্মকর্তা ডেভ রিচার্ডসন এবং আম্পায়ার বিলি ডকট্রোভের উপস্থিত থাকার কথা।
আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ ১৫ বছর আম্পায়ারিং করার অভিজ্ঞতায় ঋদ্ধ হেয়ার বিতর্কিত ঘটনার জন্ম দিয়ে সব সময়ই আলোচিত হয়েছেন। চাকিংয়ের অভিযোগে মুরালিধরনের বল 'নো' ডাকার মাধ্যমে বিতর্কিত আম্পায়ার হিসাবে ক্রিকেট বিশ্বে তার আবির্ভাব। সেটাকেও তিনি পেছনে ফেলে দেন গত বছরের ইংল্যান্ড-পাকিস্তান ওভাল টেস্ট। পাকিস্তানের বিরুদ্ধে বল ট্যাম্পারিংয়ের অভিযোগে পেনাল্টি হিসাবে ইংল্যান্ডকে ৫ রান দেয়ার নির্দেশ দেন হেয়ার। এর প্রতিবাদে পাকিস্তানের সে সময়ের অধিনায়ক ইনজামাম-উল হক দল নিয়ে বেরিয়ে যান মাঠ থেকে। তখন ইংল্যান্ডকে বিজয়ী ঘোষণা করে বিতর্কটাকে আরো উস্কে দেন হেয়ার। টেস্ট ক্রিকেটের প্রায় ১৩০ বছরের ইতিহাসে সেটাই প্রথম 'ফোরফিটেড' টেস্ট। এ নিয়ে বহু হৈ-চৈ হয়েছে এর পরে। পাকিস্তান সেই টেস্টটা হেরেছে বটে, তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে হেয়ারের। এর পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার সুযোগ তিনি পাননি।
তার আপত্তি এখানেই। ওভালে তার সঙ্গে থাকা কৃষ্ণাঙ্গ ডকট্রোভ দিব্যি আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং করার সুযোগ পাচ্ছেন। অথচ এলিট প্যানেলে থাকার পরও তিনি উপেক্ষিত! ক্ষুব্ধ-অপমানিত হেয়ার তাই আইসিসির বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ এনে আদালতে দ্বারস্থ হয়েছেন।
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯০০ঘ.
bdnews24