ঢাকা, ২৭ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ডেভ হটনের পর জেমি সিডন্স। এবার প্রার্থিতা প্রত্যাহার করে বাংলাদেশের কোচ নিয়োগের প্রক্রিয়াকে আরো দীর্ঘসূত্রিতায় নিয়ে গেলেন জন হার্মার। সাক্ষাৎকার দিয়ে যাওয়া এই অস্ট্রেলিয়ানকে হেড কোচ হিসেবে পছন্দ হচ্ছিল না বিসিবির কিন্তু সেটা চাউর হওয়ার আগেই আগ বাড়িয়ে হার্মার 'না' করে দেওয়ায় কোচের বাজারে ভাবমূর্তির সংকটেও বোধহয় পড়তে যাচ্ছে বিসিবি। অন্যদের সঙ্গেও আলাপ-আলোচনার অগ্রগতি তেমন একটা হয়নি। আবার এদিকে শর্ট লিষ্টের তিনজনই তাদের অপারগতার কথা জানানোয় নিউজিল্যান্ড সফরের আগে বাংলাদেশ দল স্থায়ী কোচ পায় কিনা, তা নিয়েই এখন ঘোরতর সংশয়।
সংশয় আছে খোদ বিসিবির কোচ নিয়োগ কমিটির প্রধান গাজী আশরাফ লিপুরও। তাই বলে হাল ছেড়ে বসে থাকার পক্ষপাতীও তিনি নন। কোচ নিয়োগ এখন অনেক সময়সাপেক্ষ মেনে নিয়েই বৃহষ্পতিবার সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে তিনি বলেছেন, "ডিসেম্বরের মাঝামাঝি আমাদের দল নিউজিল্যান্ডে যাচ্ছে। আজ থেকে হিসাব করলে এখনো সত্তর থেকে আশি দিন বাকি আছে। এতোগুলো দিন হাতে আছে বলেই নিউজিল্যান্ড সফরের আগে জাতীয় দলের স্থায়ী কোচ পাওয়ার আশা ছাড়ছি না। অবশ্য কোচ নিয়ে এখন আমাদের যে অবস্থা তাতে ওই সময়টা পর্যাপ্ত নয় বলেও মানছি।"
তবে কোচ নিয়োগের প্রক্রিয়ায় গলদ আছে, এটা কিছুতেই মানছেন না বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান। যদিও ইতিমধ্যে প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ হয়েছে ঠিকই। বিশেষ করে জেমি সিডন্স তার অপারগতার কথা জানানোর পর। সেসময় লিপু "কিছু কিছু বিষয়ে দুই পক্ষের মত পার্থক্য'কে এর কারণ বলে উল্লেখ করেছিলেন। এরমধ্যে অন্যতম ছিল সিডন্সের সাক্ষাৎকার দিতে আসতে না চাওয়া। অস্ট্রেলিয়া দলের এই সহকারী কোচ সরাসরিই নিয়োগ পেতে চেয়েছিলেন। কিন্তু বিসিবি আরোপ করতে চেয়েছিল সাক্ষাৎকার দিতে আসার বাধ্যবাধকতা। অনেকটা সেজন্যই আলোচনা ভেস্তে যায়। এরপরও এই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন না উঠে পারে না। কিন্তু লিপু বলছেন, "আমার ব্যক্তিগত মত হচ্ছে, একজন কোচের প্রেজেন্টেশন খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ক্রিকেট নিয়ে তার ভাবনা কেমন কিংবা বাংলাদেশকে তিনি কোথায় নিয়ে যেতে চান- এটাও বোর্ডের পরখ করে দেখার আছে।"
এখানে সাধারণ মত হচ্ছে, যাচাই করে দেখার প্রয়োজনীয়তা থাকবে যদি সেই কোচ হন মাঝারিমানের কিংবা নিতান্তই অপরিচিত কেউ। কিন্তু সিডন্সের মতো 'হাই প্রোফাইল' এবং যোগ্য কারো ক্ষেত্রে একই পন্থা অবলম্বন কতোটা যৌক্তিক, এই প্রশ্ন উঠছেই। ভারতের কোচের চাকরিটা তার কাছে যতোটা লোভনীয় হবে বলে ধরা হয়, তার ধারেকাছেও আসার কথা নয় বাংলাদেশের মতো ছোটো দলের। সুতরাং সাক্ষাৎকার দিতে আসতে হবেই, বিসিবির এমন শর্তে তার আত্মসন্মানে ঘা লাগাটাও বিচিত্র কিছু নয়। লিপু এখানেও দিচ্ছেন পাল্টা যুক্তি, "সিডন্স বড়ো কোচ বলেই তার প্রেজেন্টেশন দেখা আরো জরুরী। বাংলাদেশের মতো ছোটো দলকে নিয়ে তার ভাবনার গভীরতা কতোদূর- সেটাও আমাদের জানার দরকার ছিল।"
সিডন্স সেই সুযোগ দেননি বিসিবিকে। আর বাস্তবতা হচ্ছে বাংলাদেশের কোচ পাওয়াটাই এখন দুরাশা হতে চলেছে। তাই বলে কোচ নিয়োগের ক্ষেত্রে এই স্টাইলশিটও পাল্টাচ্ছে না। লিপু তেমনই জানালেন, "আমি আগেও বলেছি, প্রেজেন্টেশনটা খুবই গুরুত্বপূর্ণ। তাই যে-ই আসুক তাকে এটা দিয়েই আসতে হবে।" এই সিদ্ধান্তে অটল থাকলেও কোচের বিষয়ে তেমন অগ্রগতি কিন্তু নেই। বাংলাদেশের সাবেক কোচ গর্ডন গ্রিনিজের নাম লিপুদের ভাবনায় এসেছে, তবে এখনো ওই ক্যারিবিয়ান গ্রেটের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের পর শ্রীলঙ্কা দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করা জন ডাইসনের সিভি হাতে পেয়েছে বিসিবি। আর হটন-সিডন্সরা হাতছাড়া হয়ে যাচ্ছেন বোঝার পর অগ্রাধিকার তালিকায় থাকা ভিক্টোরিয়ার কোচ গ্রেগ শিপার্ডের কাছ থেকেও মেলেনি ইতবাচক সাড়া, "শিপার্ড আমাকে জানিয়েছেন, ভিক্টোরিয়ার দায়িত্ব ছেড়ে আসতে চান না। অবশ্য এও জানিয়েছেন, নিজের সিদ্ধান্ত পাল্টালে তিনি জানাবেন।"
অস্ট্রেলিয়ার সাবেক অফস্পিনার কলিন মিলারের নামও প্রস্তাব করেছিলেন সাবেক বোর্ড সাধারণ সম্পাদক এবং এসিসির প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক। কিন্তু সেই নামটাও খুব গ্রহনযোগ্য মনে হচ্ছে না লিপুর, "এসিসির প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক প্রস্তাব করেছিলেন কলিন মিলারের নাম। কিন্তু আমরা ভেবে দেখেছি, আমাদের একজন ব্যাটিং ওরিয়েন্টেড কোচই দরকার। তাই...।"
কাজেই স্থায়ী কোচের জন্য আরো খুব সম্ভব আরও বেশ কিছুদিনই হাহাকার করে যেতে হবে মোহাম্মদ আশরাফুলদের।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১২০ঘ.
bdnews24