ঢাকা, ২৬ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- "জাতীয় ক্রিকেট লিগে খেলে তাহলে কী লাভ?"--- প্রতিবারই দেশের একমাত্র ফার্স্ট ক্লাস ক্রিকেট প্রতিযোগীতা শেষে সাধারণ ক্রিকেটারদের মুখে উচ্চারিত হয়ে আসা প্রশ্ন। গতবার যেমন জাতীয় লিগের শীর্ষ পাঁচ বোলার ও ব্যাটসম্যানের কাউকে এমনকি জাতীয় দলের ক্যাম্পেও ডাকেনি ফারুক আহমেদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। যদিও শুরুর আগে লিগের পারফরম্যান্সকে জাতীয় দলের জন্য বিবেচ্য বলে ঘোষণা করা হয়। অবশ্য বাস্তবতার নিরিখে ফারুকরা যা করেছেন, সেটাকে মোটেও 'অবিচার' বলে মনে হচ্ছে না নতুন নির্বাচক কমিটির সদস্য নাঈমুর রহমানের, "আসলে জাতীয় লিগে কোন মানের খেলা হয় তাও আপনাকে ভাবতে হবে। এখানে পারফরম করলেই কাউকে দলে নেওয়ার চাপ আসতে থাকে। অথচ অতীতে এমন অনেকে জাতীয় দলে খেলে প্রমাণ করেছে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার ক্লাসটাই ওদের নেই। কিন্তু জাতীয় লিগে তো ওরা দিব্যি পারফরম করেছে।" বোঝাই যাচ্ছে জাতীয় লিগের পারফরম্যান্স এখনো জাতীয় দলের দরজায় কড়া নাড়ার মানদন্ড হতে পারেনি।
আশা করা হচ্ছে, এবার পারবে। প্রকৃতি আবারো বৈরি হয়ে না উঠলে ৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় লিগ নিয়ে আশাবাদীদের দলে নাঈমুরও আছেন। বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক বলছেন, "আশা করি এবার খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক হবে জাতীয় লিগ। ক্রিকেটাররাও সিরিয়াসলি খেলবে।" এবার ক্রিকেটারদের 'সিরিয়াসনেস' ফিরে আসতে বাধ্য বলেই মনে হয় বাংলাদেশ দলের আরেক সাবেক অধিনায়ক খালেদ মাসুদেরও, "আগে জাতীয় দলের ক্রিকেটাররা কিছু টাকা পেত। আর অন্য ক্রিকেটাররা নামকাওয়াস্তে। দু'ধরনের ক্রিকেটারদের মধ্যে পারিশ্রমিকে বিস্তর ফারাক ছিল। অনেকে পিকনিক মেজাজেই খেলতে যেত। এবার সমতা আসছে। একটা চারদিনের ম্যাচ খেললে প্রত্যেকেই ১০ হাজার টাকা করে পাবে। এবার তাই সবাই মনপ্রাণ ঢেলে খেলবে।" সুবাদে জাতীয় লিগের পারফরম্যান্স জাতীয় দলের জন্য বিবেচ্য হওয়ার মতো জায়গায় পৌছাবে বলেই বিশ্বাস প্রধান নির্বাচক রফিকুল আলমের, "প্রত্যাশিত অর্থ এবার পাবে ক্রিকেটাররা। কাজেই আগের মতো হাত ব্যথা, পা ব্যথার অজুহাতে না খেলার ঘটনা ঘটবে না ধরা যায়। সবাই নিজের সেরাটা খেলার চেষ্টাই করবে। জাতীয় দলের ক্রিকেটাররাও খেলছে। তাদের কথাই আগে ভাবতে হবে আমাদের। বাইরের কেউ যদি খুব দুর্দান্ত কিছু করে বসে, তাহলে নিউজিল্যান্ড সফরের দল গড়ার সময় তার কথাও ভাবা হবে। আর ভালো পারফরমারদের তো 'এ' দলে খেলানোর সুযোগও আছে।"
জুলাইতে শ্রীলঙ্কায় টেস্ট সিরিজে মোহাম্মদ আশরাফুলদের দূরবস্থায় বিসিবির আগের কমিটি ঘরোয়া ক্রিকেট নিয়ে নড়েচড়ে বসেছিল। এর প্রেক্ষিতে নেওয়া কিছু সিদ্ধান্ত নতুন কমিটি এসে বহাল রেখেছে। সেই সঙ্গে ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরের কথা মাথায় রেখে তারা জাতীয় লিগ দিয়েই শুরু করছে ঘরোয়া ক্রিকেট মৌসুম। পূর্ব অভিজ্ঞতায় বাংলাদেশ অধিনায়ক বলছেন, "জাতীয় দলের ক্রিকেটাররা চলে গেলে জাতীয় লিগটা কেমন যেন ঝিমিয়ে পড়তো। এবার আমরা অনেক ম্যাচ খেলবো। এই লিগ অনেক জমবে।" টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সেলিম ভূইয়া সুযোগ-সুবিধার দিকেও আলোকপাত করছেন, "প্রতিটা দলকে কোচ, ফিজিও দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটে যে বলে খেলা হয় সেই কুকাবুরা বলেই হবে জাতীয় লিগের খেলা। আমরা যথাসাধ্য করছি। এখন আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক জমজমাট ক্রিকেট দেখার আশায় আছি।"
তবে শুধু পারিশ্রমিককেই জমজমাট ক্রিকেটের শর্ত বলে মনে হচ্ছে না আশরাফুলের। বাংলাদেশ অধিনায়ক শর্তই জুড়ে দিচ্ছেন, "জমজমাট হবে যদি উইকেট-টুইকেট ভালো হয়।" প্রতিবারই জাতীয় লিগ নিয়ে ক্রিকেটারদের এন্তার অভিযোগের শীর্ষে থাকে এই উইকেটও। এখানে বল গড়িয়ে যাওয়ার ঘটনাও বিচিত্র নয়। আর নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে যেহেতু জাতীয় লিগ এগিয়ে আনা, তাই মানানসই উইকেটই সবচেয়ে বেশি কাম্য অধিনায়কের, "উইকেট হার্ড বাউন্সি হতে হবে, ঘাস থাকতে হবে, এমন নয়। ইভেন বাউন্সের উইকেট হলেই চলবে। যেখানে বল কোমরের উপর উঠবে। বোলাররা যেমন সুবিধা পাবে, তেমনি ভালো টেকনিকের ব্যাটসম্যানরাও প্রচুর রান পাবে। আর বাইরে গিয়ে ওই ধরনের উইকেটে খেলতে না পারার দুর্নাম আছে আমাদের। নিউজিল্যান্ড সফরের আগে এধরনের উইকেটে খেলে যাওয়া জরুরী। সেখানে গিয়ে তো বোধহয় কোমরের নীচে বল পাবো না আমরা।"
কিন্তু ভালো উইকেটের দাবি কতোটা গুরুত্ব পাচ্ছে? এই প্রশ্নে অবশ্য বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান শফিকুর রহমান মুন্না আগাম ঢাল তৈরি করে রাখছেন, "আমাদের কমিটি দায়িত্ব নিয়েছে মাত্র দুইমাস হলো। এর মধ্যে যতোটুকু সম্ভব করা হচ্ছে। যেসব জায়গায় খেলা হবে সেগুলোর উইকেট ন্যাড়া না করে আমরা ঘাস রেখে দিচ্ছি। কিন্তু রাতারাতি তো চাহিদা পূরণ করা সম্ভব না।" অথচ ক্রিকেটারদের তরফ থেকে ভালো উইকেটের চাহিদা নতুন নয়।
একারণেই আসন্ন জাতীয় লিগ জমজমাট করার অনেক উপকরণ জোগান দেওয়া হলেও বলতে হয়, সবই আছে তবু কী যেন নেই!
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১১০ঘ.
bdnews24