ঢাকা, ২৩ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ওয়ানডের সঙ্গে টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটকে মিলিয়ে ফেলা যদিও ঠিক নয়। তবু টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের ভারতকে দেখে আমার মনে পড়ে যাচ্ছে ১৯৯৯-র অস্ট্রেলিয়ার কথাই। যারা সেবার খুবই বাজেভাবে বিশ্বকাপ শুরু করেছিল। সেটা ছিল আমাদের বাংলাদেশের প্রথম বিশ্বকাপ। আমিও ছিলাম সেই দলে। মনে আছে, অস্ট্রেলিয়ার তখন রীতিমতো বাদ পড়ে যায়, যায় অবস্থা। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে তারা এমনই খেলা খেলতে শুরু করলো যে শেষপর্যন্ত চ্যাম্পিয়ন।
এবারের এই টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের ভারতের মাঝে সেই অস্ট্রেলিয়ার ছায়াটাই কী দেখা যাচ্ছে না? টুর্নামেন্টটা কিন্তু তারা ভালোভাবে শুরু করেনি। অথচ একেবারে সঠিক সময়ে ঘুরে দাঁড়িয়ে তারা এখন ফাইনালে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে তাদের ম্যাচটা রূপ নিয়েছিল কোয়ার্টার ফাইনালেই। টুর্নামেন্টে টিকে থাকতে হলে তাদের ওই ম্যাচটা জিততেই হতো। ক্রিকেটে ফর্মটা খুব গুরুত্বপূর্ণ। আর একটা দল খারাপ অবস্থা থেকে ফর্মে ফিরলে সাধারণত পা হড়কানোর ঘটনা ঘটে কম। দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর থেকেই দেখছি, ভারতের সেই দুর্দান্ত ফর্মটা অটুট আছে। পাকিস্তানের বিপক্ষে ফাইনালেও থাকবে আশা করি। ওরা চ্যাম্পিয়ন হয়ে গেলে '৯৯-র অস্ট্রেলিয়াকে মনে পড়ে যাওয়া আরো বেশি যৌক্তিক হয়ে উঠবে।
ফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান। যারা ভালো খেলেছে ঠিকই। তবে তাদের পারফরম্যান্স যতোটা না দুর্দান্ত তার চেয়ে বেশি 'ক্লিনিক্যাল'। ফর্মের তুঙ্গে থাকা একটা দলের সামনে পড়ে তারা কতোটা কী করতে পারবে, তা নিয়ে সংশয় আছে আমার। আগেই বলেছি ফর্ম খুব গুরুত্বপূর্ণ। সেদিক থেকে ভারত আছে 'সুপার টিউনে'। একারণেই ফাইনালে পাকিস্তানের চেয়েও তাদের এগিয়ে রাখছি আমি।
আর ব্যাটিং-বোলিং? গৌতম গম্ভীর ও বীরেন্দর শেবাগ হয়তো খুব ভালো কিছু এখনো করে বসেনি। আবার একেবারে খারাপও তো করেনি। তারা দুজন দলকে মোটামুটি ভালো শুরুই দিচ্ছেন। তবে এই টুর্নামেন্টে ভারতের ব্যাটিংয়ের মূল শক্তি হয়ে গেছেন যুবরাজ সিং এবং অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। নবাগত রোহিত শর্মাও একটা ম্যাচে খুব ভালো করেছে কিন্তু ফাইনালে জিততে হলে ওই দুজনকেই যা করার করতে হবে। বোলিংয়েও পাকিস্তানের চেয়ে কোনো অংশে পিছিয়ে রাখতে পারছি না ভারতকে। বিশেষ করে সিম বোলিংয়ে ভারত খুব ভালো নয় বলেই জানতাম আমরা। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে পারফরম্যান্স বিশ্লেষণ করলে দেখবেন, সিম বোলিংয়ে অনেক এগিয়ে গেছে তারা। ওদের নতুন বলের দুই বোলার শ্রীশান্থ ও আরপি সিংরা ভারতের ঘাটতির জায়গাটা বেশ ভালো পুষিয়ে দিয়েছেন বলেই মনে করাচ্ছে তাদের পারফরম্যান্স। এদের সঙ্গে হরভজন সিং তো আছেনই। ভারতের ফাইনাল পর্যন্ত পৌছে যাওয়ায় যার কার্যকারিতার অবদানও কম নয়।
ভারত কেন জিততে পারে- এতোক্ষণ এগুলোই বললাম কেবল। তবে ক্রিকেটে শক্তির জায়গাগুলোই দুর্বলতা হয়ে যায় কখনো কখনো। ভারতও সেই সম্ভাবনার বাইরে নয়। যেমন বলেছি এই টুর্নামেন্টে ভারতীয় ব্যাটিংয়ের 'প্রাণ ভোমরা' হয়ে গেছেন যুবরাজ ও ধোনি। সমস্যাটা এখানেই, তাদের ব্যাটিং বড়ো বেশি 'এক দুজন নির্ভর' হয়ে আছে। ফাইনালে যদি তারা ব্যর্থ হয়...। তাছাড়া ক্রিকেটটা ভারতে ধর্মের মতো অনেকটা। তারওপর ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে দেখা হচ্ছে। প্রত্যাশার চাপে ভারতীয় ক্রিকেটারদের কাবু হয়ে যাওয়ার আশঙ্কাও আছে। কিন্তু দুর্দান্ত ফর্মে থাকা একটা দলের সাফল্য ফাইনালে এসে ঠেকে যাবে, সমর্থক না হয়ে নিখাদ ক্রিকেটপ্রেমী হলে মানা কঠিন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/ঘ.
bdnews24