ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- এখন টেস্ট ক্রিকেটের আলোচনা মোটেও জমবে না। আলোচনা চলছে চার-ছক্কার-- সীমিত সময়ে কে কতো বেশি মেরে দলকে জেতাতে পারে! নতুন মোড়কের এই ক্রিকেটে বাংলাদেশও নতুনভাবে বিজ্ঞাপিত হতে পারে। টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্টইন্ডিজকে হারিয়ে যেন তারই ইঙ্গিত দিয়েছে। তাতে কী প্রমাণ হচ্ছে যে এই সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে বাংলাদেশ কারো চেয়েই পিছিয়ে নয়! টেস্ট-ওয়ানডে খেলাটা বাংলাদেশ শুরু করেছে যখন অন্য দলগুলো বহু যুগের অভিজ্ঞতায় পুষ্ট, কিন্তু এখানে বাংলাদেশের শুরুটা আর সবার সঙ্গেই। বাংলাদেশ আন্তর্জাতিক স্তরে বিচরণ শুরুর পরই টুয়েন্টি টুয়েন্টির জন্ম বলে কোনো দিক থেকেই তো পিছিয়ে নেই। ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর তো কারো কারো বিশ্বাস এই স্তরের ক্রিকেটে ছোট দল নয়, সম্মান করার মতো দলের মর্যাদাতেই থাকবে বাংলাদেশ। এই যুক্তির সঙ্গে বাংলাদেশের সাবেক ক্রিকেটার-ক্রিকেট বোদ্ধারাও মোটামুটি একমত। এই স্তরের ক্রিকেটে অন্য পরিচয়েই পরিচিত হতে পারবে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে বাড়ি পাঠিয়ে দিয়ে বাংলাদেশ সুপার এইটে ! ঢাকা ছাড়ার আগে তারা এরকম স্বপ্নের কথা বলে গেলেও তা সাধারণ্যে খুব একটা প্রশ্রয় পায়নি। কিন্তু স্বপ্ন যখন বাস্তব হয়ে অপরূপ সৌন্দর্য্য নিয়ে সামনে হাজির তখন সবচেয়ে বেশি খুশি দেখাচ্ছে ফারুক আহমেদকে। সদ্য সাবেক হওয়া প্রধান নির্বাচকের মুখেই শুনুন, "আমি স্বপ্ন দেখেছিলাম। আমার সঙ্গে হয়তো অনেকে একমত ছিলেন না কিন্তু তরুণ এই দলকে নিয়ে আমি আশাবাদী ছিলাম। দলে প্রায় সবাই স্ট্রোক খেলতে পারে, ফিল্ডিং ভাল। সবচেয়ে বড় আশার দিক হচ্ছে রাসেল, মাশরাফি ও রাজ্জাকের মতো তিনজন দুর্দান্ত বোলার আছে। ইকোনমির দিক দিয়ে বিশ্বের অনেক বড় বোলারের চেয়ে তারা ভাল।"
ওয়েস্টইন্ডিজের বিপক্ষে মাশরাফি বিন মতুর্জা ছন্দে না থাকলেও বাকি দুই বোলার প্রমাণ রেখেছেন নিজেদের সামর্থ্যরে। দায়িত্ব নেওয়া নতুন প্রধান নির্বাচক রফিকুল আলমের পর্যবেক্ষণ হচ্ছে, "এই দলের ফিল্ডিং অসাধারণ। ওয়ানডেতে নিজেদের দিনে বাংলাদেশ যে কোনো দলকে হারাতে পারে। আর টুয়েন্টি-টুয়েন্টিতে আমাদের জয়ের সম্ভাবনা থাকবে সবসময়।"
কারণ এটা ক্রিকেটের সংক্ষিপ্ত রূপ টুয়েন্টি-টুয়েন্টি। বিশ্বের সেরা বোলারও মার খেয়ে ছাতু হয়ে যেতে পারে। আর সবচেয়ে শুদ্ধ ব্যাটসম্যানও অচল হয়ে যেতে পারে রানের চাকায় গতি তুলতে না পেরে। বোলারদের এই বধ্যভূমিতে বাংলাদেশের বোলাররা কিন্তু ওয়েস্টইন্ডিজের মতো দলকে ১৬৪ রানে আটকে রেখেছেন। শূন্য রানে ফিরিয়ে দিয়েছেন টুর্নামেন্টের দ্রুততম সেঞ্চুরিয়ান ক্রিস গেইলকে। এরপর বাংলাদেশী অধিনায়ক ব্যাটকে তরবারি বানিয়ে চার-ছক্কায় ভাসিয়ে দিয়ে উইন্ডিজকে ঘরমুখো করে দিয়েছেন।
শুধু আশরাফুল নয়, বাংলাদেশের ব্যাটসম্যানদের চরিত্রের সঙ্গেই নাকি টুর্নামেন্টটা বেশ মানিয়ে গেছে। "আমাদের ব্যাটসম্যানরা স্ট্রোক বাতিকটা একটু বেশি, আর সেজন্য তারা ওয়ানডেতে ৫০ ওভার খেলে আসতে পারে না। তাদের সেই স্বভাবসিদ্ধ খেলার জন্য টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপটা একেবারে উপযুক্ত হয়ে গেছে। আমাদের বোলারাও ভাল বোলিং করে। এসব বিবেচনা করলে টুয়েন্টি টুয়েন্টিতে অবশ্যই বাংলাদেশের সম্ভাবনা থাকে সবসময় "-- যেভাবে বিশ্লেষণ করেছেন বিসিরি সদস্য গাজী আশরাফুল হোসেন লিপু।
সম্ভাবনা থাকে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো পরাশক্তিকেও হারানোর। তাই বলে একেবারে তাদের কাতারে ফেলতে রাজি নন ফারুক আহমেদ। সাবেক প্রধান নির্বাচকের যুক্তি, "ক্রিকেটের মূল জায়গাগুলোতে আমাদের সঙ্গে একটু পার্থক্য তো থাকবেই তাদের। সেটা আস্তে আস্তে কমে আসবে আশা করি। তবে 'মিনোস' বলার দিন শেষ হয়ে গেছে। টুয়েন্টি-টুয়েন্টির সুপার এইটে হয়তো সেটা আরো ভালভাবে বুঝিয়ে দেবে বাংলাদেশ।" এখনো 'মিনোস' সম্বোধন করায় মনক্ষুন্ন বাংলাদেশী অধিনায়ক আশরাফুলও, "গত কয়েক বছরে আমরা বড় দলগুলোকে নিয়মিত হারাচ্ছি। দু-দুবার বিশ্বকাপের সুপার এইটে ওঠেছি, তারপরও লোকজন কেন আমাদের মিনোস বলছে জানি না।"
আর টুয়েন্টি-টুয়েন্টিতে বলা তো একেবারেই অসঙ্গত। ক্রিকেটের নতুন ধারার প্রচলন হয়েছে এই সেদিন। সেখানে বাংলাদেশ আর আস্ট্রেলিয়া প্রায় সমসাময়িক। তার ইতিহাস এখনো বয়সের ভারে সমৃদ্ধ হয়নি, ইতিহাসের লেখা শুরু হতে না হতেই জিম্বাবুয়ের কাছে পদানত বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ওয়েস্টইিন্ডিজকে হারানো বাংলাদেশ অন্য যে কোনো পরাশক্তিকে হারানোর সম্ভাবনা জাগিয়ে রেখেছে।
সুতরাং টেস্ট-ওয়ানডের প্রসঙ্গ টেনে টুয়েন্টি-টুয়েন্টিতে বাংলাদেশকে বিচার করতে গেলে ধোঁকা খাওয়ার সমূহ সম্ভাবনা আছে। কারণ ইতিহাসের শুরুতে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মতো হারেনি। প্রথম ৪ ম্যাচের মধ্যে ৩টিই জেতা বাংলাদেশের এখন পর্যন্ত সাফল্যের হার শতকরা ৭৫ভাগ!
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৩০ঘ.
bdnews24