২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাবিবুলের কলাম: আশরাফুলকে ধন্যবাদ

অধিনায়ক আশরাফুল প্রায় একাই বাংলাদেশকে নিয়ে গেলেন সুপার এইটে। বল হাতে নিজের ব্যর্থতাটা পুষিয়ে সামনে থেকে যেভাবে নেতৃত্ব দিলেন সেটা দেখে আর সবার মতো মুগ্ধ বাংলাদেশের সদ্য সাবেক অধিনায়ক হাবিবুল বাশারও। আশরাফুলকে ধন্যবাদ জানিয়ে এই কলামটি তিনি লিখেছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের পাঠকদের জন্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2007, 02:22 PM

Updated : 26 Aug 2022, 08:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--সত্যিই অসাধারণ খেলেছে আশরাফুল। ওই সময়ে ওই ইনিংসটি না খেললে হয়তো দিনটি স্মরণীয় হতো না। ক্রিকেটের নতুন সংস্করনে চমকপ্রদ দল হিসেবেও বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটতো না। শুরুতে তামিম ইকবাল ও নাজিম উদ্দিনের দিকে তাকিয়ে ছিলাম। তারা এগিয়ে দেবে, এটা বোধহয় আমার মতো অনেকেরই ধারনা ছিল। কিন্তু তারা তাড়াতাড়ি আউট হওয়ার পর স্বাভাবিকভাবে পরের ব্যাটসম্যানদের ওপর চাপ বেড়ে গিয়েছিল। সেই চাপ মাথায় নিয়ে আফতাবকে সঙ্গী করে বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছে অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আমার উত্তরসূরীকে ধন্যবাদ। ওয়েস্টইন্ডিজের দেওয়া ১৬৫ রানের টার্গেট মোটেও সহজ ছিল না। কিন্তু তা সহজ করে দিয়েছে আশরাফুলের অসাধারণ ব্যাটিং। তার ব্যাটের অনেক ক্ষমতা, সেটা আমরা জানি এবং মাঝে মাঝে তার প্রকাশও দেখেছি। এবার টুয়েন্টি টুয়েন্টিতে দেখেছি তার পরিপূর্ণ বিকাশ। ইনিংসটিকে বিধ্বংসী বললেও তাতে ক্রিকেটীয় সৌন্দর্যের অভাব নেই। ২৭ বলে ৬১ রান করার পথে টুয়েন্টি-টুয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ডও হয়ে গেছে তার। রেকর্ড প্রতিদিন হয় না আর এরকম একটি রেকর্ড হলে ম্যাচ না জেতারও কোনো কারণ থাকে না। প্রথমত বাংলাদেশকে কখনো রানরেটের চাপে পড়তে হয়নি। দ্বিতীয়ত আমাদের ব্যাটসম্যানদের ওপর কখনো চেপে বসতে পারেনি ওয়েস্টইন্ডিয়ান বোলাররা। তারা অসহায় হয়ে পড়েছিল আশরাফুলের ব্যাটিং তান্ডবে। পাশাপাশি আফতাবও চমৎকার খেলেছে, কিন্তু অধিনায়কের চার-ছয়ের ফোয়ারায় যেন দৃশ্যত তা ম্লান হয়ে গেছে। আসলে বাংলাদেশ ঔজ্জ্বল্য ছড়িয়েছে আশরাফুলের ব্যাটে ভর করে, তাই ২ ওভার আগে জয়ের বন্দরে নোঙর পড়েছে লাল সবুজের। এরকম একটা জয়ে সবারই অবদান থাকে। যেটা বাংলাদেশের বোলিং-ফিল্ডিংয়ে দেখেছি। সেখানেও দেখেছি সাহসী আশরাফুলকে। বল ঘুরছে দেখে হয়তো নিজের হাতে বল তুলে নিয়েছে। প্রথম দিকে তার লেগস্পিন কার্যকরও হয়েছে, তবে যে সময়টায় মার খেয়েছে তখন যে কেউ মার খেতে পারতো। সব মিলিয়ে উল্লেখ করার মতো ব্যাপার হচ্ছে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছে আশরাফুল। যা ওয়েস্টইন্ডিজকে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে বাংলাদেশকে তুলে দিয়েছে সুপার এইটে। সত্যিই অবিশ্বাস্য এক জয়। ওয়েস্টইন্ডিজ মরিয়া হয়েও পেরে ওঠেনি বাংলাদেশের সঙ্গে, আশরাফুলের ব্যাটের সঙ্গে। এই সাফল্যই হোক আমাদের বাকি ম্যাচগুলোর অনুপ্রেরণা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০১০ঘ.