ঢাকা, ১১ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ডারউইনে ক্রোকোডাইল কাপে গ্রামীণফোন-বিসিবি একাডেমী দলের প্রথম চারদিনের ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন ধীমান ঘোষ। এবার অস্ট্রেলিয়া সফরের শেষ ম্যাচেও সেঞ্চুরি পেলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। তার ১৫১ রানের ইনিংসে ভর করে একাডেমী দলের প্রথম ইনিংসটাও স্ফীত হয়েছে বেশ। ৩৬১ রানে শেষ হওয়ার পর নর্দার্ন টেরিটরি স্ট্রাইক নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৫২ রান তুলেছে। এর আগে তাদের প্রথম ইনিংস একাডেমীর বোলাররা শেষ করে দিয়েছিলেন মাত্র ৯৬ রানেই। তাই দ্বিতীয় দিনের শেষে একাডেমীর লিড ১৩ রানের।
৮ উইকেটে ২৪৭ রান তুলে প্রথম দিন শেষ করেছিল একাডেমী। দ্বিতীয় দিনে ধীমানের সেঞ্চুরি পাওয়ার পথে দলের শেষ দুই ব্যাটসম্যান বিশেষ করে এনামুল হক জুনিয়র রেখেছেন যথেষ্ট ভূমিকা। সেই সঙ্গে দলের সংগ্রহেও যোগ হয়েছে আরো ১১৪ রান। ৭৮ রান নিয়ে শুরু করা ধীমানের ১৯৫ বলের ইনিংসটা থেমেছে ১৫১ রানে। শেষ ব্যাটসম্যান হিসেবে ধীমান আউট হলেও অপরাজিত ছিলেন দলের এগারো নাম্বার ব্যাটসম্যান এনামুল, ৪১ রানে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৪৫ঘ.
bdnews24