সেঞ্চুরিয়ন, ৮ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- কখনো ৮ উইকেটে ১৪৫ আবার কখনো ৭ উইকেটে ৯১, সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে বাংলাদেশের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচে স্কটল্যান্ডের সংগ্রহ নিয়ে ভালোই বিভ্রান্তি ছড়িয়েছে ক্রিকইনফো। টস জিতে ব্যাট করা স্কটিশরা তুলেছে আসলে ১৪৫-ই। তবে আরেকটি নাজিমউদ্দিন-ঝড় এই রানকেও নিতান্ত অপ্রতুল বলেই মনে করিয়েছে। কেনিয়ায় চার জাতির টুর্নামেন্টে অভিষেকের পর থেকে রানধারার মধ্যে থাকা নাজিমের ব্যাট থেকে শনিবার বেরিয়েছে মাত্র ৪২ বলে অপরাজিত ৭৪ রানের বিধ্বংসী ইনিংস। সুবাদে মাত্র ১৬ ওভারে ৪ উইকেটে ১৪৮ রান তুলে স্কটিশদের ৬ উইকেটে হারিয়ে দিয়েছে মোহাম্মদ আশরাফুলের দল।
যদিও রান তাড়া করতে নেমে শুরুতেই বাংলাদেশ ধাক্কা খায় ওপেনার তামিম ইকবালের (৮) উইকেটটি খুইয়ে। দলকে নয় রানে রেখে তিনি ফিরে যাওয়ার পর নাজিম-আফতাবের স্ট্রোক প্লের প্রদর্শনীতে মাত্র ৮ দশমিক ২ ওভারেই ৮৬ রানের পার্টনারশিপ গড়া হয়ে যায়। মাত্র ২৭ বলে পাঁচ বাউন্ডারিতে ৩৩ রান করে আফতাব স্টাম্পিংয়ের ফাঁদে পড়ার পর দ্রুত অধিনায়ক আশরাফুল (৪) ও ইনজুরি কাটিয়ে এদিনই প্রথম খেলতে নামা সাকিব আল হাসানের (৮) উইকেট দুটো হারায় বাংলাদেশ। কিন্তু তাতে বাংলাদেশের জয়কে বাধাগ্রস্ত করার কোনো সম্ভাবনাই জাগাতে পারেনি স্কটিশরা। অলক কাপালিকে (অপরাজিত ৯) নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে তবেই ফিরেছেন নাজিম। বরাবরের মতোই তার ইনিংসটাতে চার-ছক্কার ছড়াছড়ি। নয়টি বাউন্ডারির পাশে ছক্কা তিনটি।
এর আগে স্কটিশরা প্রায় দেড়শো ছুঁতে পেরেছে নভদ্বীপ পুনিয়ার ফিফটিতে (৪৩ বলে ৫৪)। সৈয়দ রাসেলের সঙ্গে বোলিং ওপেন করা আব্দুর রাজ্জাক ২০ রানের ভেতর দুই স্কটিশ ওপেনারকে ফিরিয়ে দিয়ে প্রতিপক্ষকে বিপদে ফেলার পরই দলের হাল ধরেন পুনিয়া। কিন্তু ২ ওভারে মাত্র ৬ রান খরচ করা রাজ্জাককে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে মাঠ ছাড়তে হয়। ৪ ওভারে ৪২ রান খরচ করা৩ মাশরাফি বিন মর্তুজাও নিয়েছেন ২ উইকেট। ইনজুরি কাটিয়ে প্রথম বল করা সাকিবেরও ২ উইকেট শিকার, তবে তা ২৮ রানের বিনিময়ে ।
সংক্ষিপ্ত স্কোর :
স্কটল্যান্ড : ২০ ওভারে ১৪৫/৮ ( ওয়াটসন ১, মেইডেন ১২, পুনিয়া ৫৪, ওয়াটস ১২, হ্যামিল্টন ২১, ম্যাককালাম ১৫, ব্রাউন ১৮, স্মিথ ২, অতিরিক্ত ৭, রাসেল ০/২০, রাজ্জাক ২/৬, মাশারাফি ২/৪২, ফরহাদ ০/২৪, সাকিব ২/২৮, আশরাফুল ১/১৯)
বাংলাদেশ : ১৬ ওভারে ১৪৮/৪ ( তামিম ৮, নাজিমউদ্দিন অপরাজিত ৭৪, আফতাব ৩৩, আশরাফুল ৪, সাকিব ৮, অলক অপরাজিত ৯, অতিরিক্ত ১২)
ফল : বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২২৪২ঘ.
bdnews24