২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইয়ের শিকার হাবিবুল বাশার

নিজের বাসার সামনে ছিনতাইয়ের শিকার হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। শনিবার রাত সাড়ে আটটার দিকে ওষুধ কেনার জন্য লালমাটিয়ার বাসা থেকে বেরিয়েই অস্ত্রধারী ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। এসময় তাকে বাঁচাতে ছুটে আসা হাবিবুলের বড়ো ভাই আশরাফুল বাশারও আক্রান্ত হন। দুজনের মোবাইল সেট ছিনিয়ে নিয়ে ছিনতাইকারীরা ঝকঝকে একটি গাড়িতে করে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন হাবিবুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2007, 04:00 PM

Updated : 26 Aug 2022, 08:35 PM

ঢাকা, ৮ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- নিজের বাসার সামনে ছিনতাইয়ের শিকার হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। শনিবার রাত সাড়ে আটটার দিকে ওষুধ কেনার জন্য লালমাটিয়ার বাসা থেকে বেরিয়েই অস্ত্রধারী ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। এসময় তাকে বাঁচাতে ছুটে আসা হাবিবুলের বড়ো ভাই আশরাফুল বাশারও আক্রান্ত হন। দুজনের মোবাইল সেট ছিনিয়ে নিয়ে ছিনতাইকারীরা ঝকঝকে একটি গাড়িতে করে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন হাবিবুল। হাবিবুলের বাসা লালমাটিয়া জি ব্লকের সেরেনিটি অ্যাপার্টমেন্টে। শনিবার রাতে সেখান থেকে বেরিয়ে যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে টেলিফোনে তার বর্ণনা দিতে গিয়ে রীতিমতো কাঁপছিলেন তিনি,"আমি ওষুধ কিনতে বের হয়ে রিক্সা খুঁজছিলাম। এমন সময় আমাদের অ্যাপার্টমেন্টের ঠিক পাশের বিল্ডিংয়ের সামনে দাঁড়ানো দুজন ছেলে আমাকে ডাক দেয়। তারা টয়োটা করোলা মডেলের ব্র্যান্ড নিউ গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। আমার এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে তারা ছিনতাইকারী। আমি কাছে এগিয়ে গিয়ে জানতে চাইলাম, 'কী চান?' তারা আমার বুকে পিস্তল ঠেকিয়ে বলে, 'যা আছে দিয়ে দেন।' ওরা আমার মোবাইলটা ছিনিয়ে নেওয়ার সময় ভাইয়া এগিয়ে আসলে তার মোবাইল সেটও কেড়ে নেওয়া হয়। এসময় আরেকজনকে চাপাতি নিয়ে এগিয়ে আসতে দেখি। তবে সে বোধহয় আমাকে চিনতে পেরেছিল। এজন্য আর সামনে আসেনি। মোবাইল নিয়েই তারা সবাই গাড়িতে উঠে চলে যায়। মানিব্যাগটা আর নিতে পারেনি। তবে যে ঘটনার শিকার হলাম, তাতে এখনো আমার শরীর থরথর করে কাঁপছে।" কিছূদিন আগে একই জায়গায় হাবিবুল আরেকজনকে ছিনতাইয়ের শিকার হতে দেখেছেন। তার ভাষায়, "আমাদের বাসার সামনের জায়গাটা সন্ধ্যার পরপরই অন্ধকারে ডুবে যায়। কোনো ল্যাম্পপোস্ট নেই। হয়তো এ কারণেই ছিনতাইয়ের নিরাপদ জায়গা হিসেবে ছিনতাইকারীরা এটাকে বেছে নিয়ে থাকতে পারে। অবিলম্বে এখানে সন্ধ্যার পর আলোর বন্দোবস্ত করা উচিত।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২১৫৬ঘ.