২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাসমানিয়াকে ১৩২ রানের বড়ো ব্যবধানে হারালো বিসিবি একাডেমী

ডারউইনে ক্রোকোডাইল কাপে দুর্দান্ত সূচনা করেছে গ্রামীণফোন বিসিবি একাডেমী দল। তিন দিনের ম্যাচে তাসমানিয়ার দ্বিতীয় দলকে তারা হারিয়েছে ১৩২ রানের বিশাল ব্যবধানে। মঙ্গলবার ম্যাচের শেষ দিনে একাডেমী দল ৮ উইকেটে ১৬১ রান তুলে তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে প্রতিপক্ষের সামনে টার্গেট দাঁড়ায় ৯২ ওভারে ৩১৮। কিন্তু একাডেমী দলের বোলারদের দৃঢ়তায় তাসমানিয়া অলআউট হয়ে যায় মাত্র ১৮৫ রানেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2007, 12:11 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ঢাকা, ৪ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ডারউইনে ক্রোকোডাইল কাপে দুর্দান্ত সূচনা করেছে গ্রামীণফোন বিসিবি একাডেমী দল। তিন দিনের ম্যাচে তাসমানিয়ার দ্বিতীয় দলকে তারা হারিয়েছে ১৩২ রানের বিশাল ব্যবধানে। মঙ্গলবার ম্যাচের শেষ দিনে একাডেমী দল ৮ উইকেটে ১৬১ রান তুলে তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে প্রতিপক্ষের সামনে টার্গেট দাঁড়ায় ৯২ ওভারে ৩১৮। কিন্তু একাডেমী দলের বোলারদের দৃঢ়তায় তাসমানিয়া অলআউট হয়ে যায় মাত্র ১৮৫ রানেই। শুরুটা করেছিলেন পেসার মাহবুবুল আলম রবিন এবং বাঁ হাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেল। দু'জনেই চটজলদি দুটো করে উইকেট তুলে নেওয়ায় তাসমানিয়া মাত্র ৩০ রানে ৪ উইকেট হারিয়ে বসে। এরপর অবশ্য ওয়েলস (১১৮ বলে ৫৬) এবং এরভিন (১৬৩ বলে ৪২) প্রতিরোধ গড়ে তোলেন। পঞ্চম উইকেটে তারা ৮৯ রান জুড়ে দেওয়ার পর দৃশ্যপটে আবির্ভাব প্রথম ইনিংসেও ৩ উইকেট পাওয়া এনামুল হক জুনিয়রের। এরভিনকে ফিরিয়ে দিয়ে প্রতিরোধ ভাঙ্গেন এই বাঁ হাতি স্পিনারই। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তাসমানিয়া। মাত্র ৩৯ রান খরচায় ৪ উইকেট নিয়ে দ্বিতীয় ইনিংসেও দলের সেরা বোলার এনামুল। রবিন ও রুবেলের মতো একাডেমী দলের অধিনায়ক মেহরাব হোসেন জুনিয়রও নিয়েছেন দুটো উইকেট। একাডেমী দলের পরের ম্যাচ নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে। শুক্রবার ডারউইনের মারারা ওভালে হতে যাওয়া ক্রোকোডাইল কাপের এই ম্যাচটি অবশ্য এক দিনের। সংক্ষিপ্ত স্কোর গ্রামীনফোন-বিসিবি একাডেমী : ১ম ইনিংস ৩০৮/৭ এবং ২য় ইনিংস ৫২ ওভারে ১৬১/৮ (ইমরুল ৫, মেহরাব ৮, নাসিরুদ্দিন ২৭, রাকিবুল ৩১, শুভ ০, ধীমান ০, নাঈম অপরাজিত ৩৪, সগীর ৩৪, ডলার ৭, এনামুল অপরাজিত ৮, ডিভিন ৪/৪৩, ডুভাক ২/৩৪, স্মিথ ১/২৬, এরভিন ১/২৫) তাসমানিয়া : ১ম ইনিংস ১৫২/১০ এবং ২য় ইনিংস ৬৬ ওভারে ১৮৫/১০ (ওয়েলস ৫৬, এরভিন ৪২, শেলটন ২৬, এনামুল ৪/৩৯, রবিন ২/১৪, মোশাররফ ২/২০, মেহরাব ২/৫০) ফল : গ্রামীনফোন-বিসিবি একাডেমী ১৩২ রানে জয়ী। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮১০ঘ.