২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহজ জয় দিয়ে শুরু বাংলাদেশের

৩৭ বলে তিন বাউন্ডারি ও দুই ছক্কায় ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলে বাংলাদেশের সহজ জয়ের পথ খুলে গিয়েছিলেন ম্যান অফ দি ম্যাচ নাজিমউদ্দিন। তামিম ইকবালের নতুন ওপেনিং সঙ্গীর তৈরি করে দিয়ে যাওয়া ভিত্তির ওপর দাঁড়িয়ে ব্যাটিং তান্ডব চালিয়েছেন অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও। মাত্র ২০ বলের ইনিংসে এক ছক্কা ও চার বাউন্ডারিতে ৩৬ রান করে দলকে জয়ের কিনারায় পৌছে দিয়ে যান তিনি। এরপর কেবলই সময়ের ব্যাপার হয়ে যাওয়া টাইগারদের জয়টা এসেছে ১৪ বল বাকী থাকতে। অলক কাপালি (১৭*) ও মাশরাফি বিন মর্তুজা (৭*) মিলে ৫ উইকেটে ১৩৯ রানের লক্ষ্যে পৌছে দেন বাংলাদেশকে। টাইগাররা তাই কেনিয়ার এই চার জাতির টুর্নামেন্ট শুরু করলো ৫ উইকেটের সহজ জয় দিয়ে। রোববার বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে পাকিস্তানের সঙ্গে। নাইরোবির জিমখানা মাঠে এই ম্যাচটাও শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2007, 11:43 AM

Updated : 26 Aug 2022, 08:33 PM

নাইরোবি, ১ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ৩৭ বলে তিন বাউন্ডারি ও দুই ছক্কায় ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলে বাংলাদেশের সহজ জয়ের পথ খুলে গিয়েছিলেন ম্যান অফ দি ম্যাচ নাজিমউদ্দিন। তামিম ইকবালের নতুন ওপেনিং সঙ্গীর তৈরি করে দিয়ে যাওয়া ভিত্তির ওপর দাঁড়িয়ে ব্যাটিং তান্ডব চালিয়েছেন অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও। মাত্র ২০ বলের ইনিংসে এক ছক্কা ও চার বাউন্ডারিতে ৩৬ রান করে দলকে জয়ের কিনারায় পৌছে দিয়ে যান তিনি। এরপর কেবলই সময়ের ব্যাপার হয়ে যাওয়া টাইগারদের জয়টা এসেছে ১৪ বল বাকী থাকতে। অলক কাপালি (১৭*) ও মাশরাফি বিন মর্তুজা (৭*) মিলে ৫ উইকেটে ১৩৯ রানের লক্ষ্যে পৌছে দেন বাংলাদেশকে। টাইগাররা তাই কেনিয়ার এই চার জাতির টুর্নামেন্ট শুরু করলো ৫ উইকেটের সহজ জয় দিয়ে। রোববার বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে পাকিস্তানের সঙ্গে। নাইরোবির জিমখানা মাঠে এই ম্যাচটাও শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায়। বাংলাদেশের ব্যাটসম্যানদের চালানো ঝড়ের ঝাপটা সবচেয়ে বেশি গেছে কেনিয়ার রাজেশ ভুদিয়ার ওপর দিয়ে। এই পেসারের একই ওভারে দুটো ছক্কা হাকিয়েছেন তামিম ইকবালের (১২ বলে ১১) সঙ্গে ওপেন করতে নামা নাজিমউদ্দিন। ২২ রানে তামিমকে হারানোর ধাক্কা সামলে উঠতে ছোট্ট অথচ ঝড়ো ইনিংস খেলে ভূমিকা রাখা আফতাব আহমেদের (৬ বলে ১৭) বিদায়ের পর নেমেই ভুদিয়াকে ছক্কা হাকিয়েছেন অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও। এর আগে তন্ময় মিশ্র ও টমাস ওদোয়ো বাংলাদেশ অধিনায়কের কপালে চিন্তার ভাঁজই ফেলতে যাচ্ছিলেন হয়তো। কিন্তু ফরহাদ রেজা তা হতে দেননি। তার জোড়া আঘাতে শেষ দিকে দ্রুত রান তুলতে থাকা কেনিয়ার ইনিংস থমকে যায় অনেকটাই। ১৭ তম ওভারে এক বলের ব্যবধানে মিশ্র (৪১ বলে ৩৮) এবং ওদোয়োকে (১৩ বলে ২২) তুলে নেন ফরহাদ। দু'জনেই বোল্ড হয়েছেন। পরের ওভারে বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকও এক বলের ব্যবধানে আরো দুটো উইকেট তুলে নেওয়ায় শেষের দিকের ঝড়টাও তোলা হয়নি কেনিয়ার। তাই টস হেরে ব্যাট করতে নামা কেনিয়ার ইনিংস নির্ধারিত ২০ ওভারে যতোদূর যাওয়ার কথা ছিল ততোটা যায়নি। ৭ উইকেটে স্বাগতিকরা তুলেছে ১৩৮ রান। গত বছর ঠিক এই সময়েই নাইরোবিতে পরপর তিন ম্যাচে ম্যান অফ দি ম্যাচ হয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। তিন ম্যাচে ১৩ উইকেট পাওয়া বাংলাদেশ দলের মূল স্ট্রাইক বোলার শনিবার চার জাতির টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেও তার লাকি গ্রাউন্ড নাইরোবি জিমখানাতে ঝলসে ওঠেন। মিশ্র-ওদোয়োর চতুর্থ উইকেট জুটির মতো স্বাগতিকদের ওপেনিংও দিচ্ছিল বড়ো কিছুর ইঙ্গিত। ওপেনার ডেভিড ওবুয়া প্রথম ওভারেই ঝড়ের ইঙ্গিত দিলেও মাশরাফির জোড়া আঘাতেই আবার স্বাগতিকদের রান ফোয়ারা ছোটানো হয়নি। মাশরাফি বিন মর্তুজার করা প্রথম ওভারে তিন তিনটি বাউন্ডারি হাকান ওবুয়া। অবশ্য মাশরাফি তার পরের ওভারেই দেখেছেন সাফল্যের মুখ। এক্সট্রা কাভারে সৈয়দ রাসেলের ক্যাচ বানিয়েছেন আরেক ওপেনার জেসানিকে। এরপর ওবুয়াও হয়েছেন তার শিকার। মাশরাফির বাউন্ডারে হুক করে স্কয়ার লেগে ফরহাদ রেজার ক্যাচ হওয়া ওবুয়া ১৯ বলে ৪ বাউন্ডারিতে ২৩ রান করে গেছেন। আর কেনিয়ান ব্যাটিংয়ের স্তম্ভ অধিনায়ক স্টিভ টিকোলো (২১ বলে ২৪) বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে হাঁকাতে গিয়ে ডিপ মিডউইকেটে মাহমুদুল্লাহ রিয়াদের হাতে ধরা পড়েন। এই ম্যাচে ইনজুরির জন্য খেলতে পারছেন না অলরাউন্ডার সাকিব আল হাসান। ডান হাতের আঙ্গুলে চিড় ধরেছে তার। সাকিবের জায়গায় তাই একাদশে জায়গা হয়ে গেছে নাজিমউদ্দিনের। প্রথম ম্যাচে একাদশের বাইরে ছিলেন নাদীফ চৌধুরী, জিয়াউর রহমান এবং জুনায়েদ ইমরোজ সিদ্দিকী। বৃহষ্পতিবার নাইরোবিতে একটি টুয়েন্টি টুয়েন্টি প্র্যাকটিস ম্যাচ খেলার সময়ই ইনজুরিতে পড়েন সাকিব। যদিও সেসময় এটাকে গুরুতর কিছু বলে মনে হয়নি। সাকিব ওই ম্যাচে ফিফটিও করেছেন। এমনকি শুক্রবার সকালে হালকা অনুশীলনও করেছিলেন। তাই তাকে দলে রেখে একাদশ সাজানোয় কোনো দ্বিধায় ভোগেনি টিম ম্যানেজমেন্ট। কিন্তু শুক্রবার বিকেলে এক্সরে রিপোর্ট হাতে পাওয়ার পরেই জানা যায় এই ম্যাচে কোনোভাবেই খেলানো সম্ভব নয় সাকিবকে। বাংলাদেশ দলের ফিজিও আজমল আহমেদ মিঠু নিশ্চিত করেছেন, "সাকিবের ডান হাতের তর্জনীতে চিড় ধরা পড়েছে।" সংক্ষিপ্ত স্কোর কেনিয়া : ২০ ওভারে ১৩৮/৭ (ডেভিড ওবুয়া ২৩, জেসানি ১, মিশ্র ৩৮, টিকোলো ২৪, ওদোয়ো ২২, কলিন্স ওবুয়া অপরাজিত ১৪, কামান্ডে ৬, ভুদিয়া ০, ওনিয়াঙ্গো অপরাজিত ৪, অতিরিক্ত ৬, মাশরাফি ২/২৯, রাসেল ০/২০, রাজ্জাক ২/২২, আশরাফুল ১/৩২, ফরহাদ ২/৩৪) বাংলাদেশ : ১৭ দশমিক ৪ ওভারে ১৩৯/৫ (তামিম ১১, নাজিমউদ্দিন ৪৩, আফতাব ১৭, আশরাফুল ৩৬, অলক অপরাজিত ১৭, মাহমুদুল্লাহ ২, মাশরাফি অপরাজিত ৭, অতিরিক্ত ৬, ওদোয়ো ১/২৮, ওনগোন্ডো ২/২১, ওনিয়াঙ্গো ১/২১, কামান্ডে ১/২১) ফল : বাংলাদেশ ৫ উইকেটে জয়ী। ম্যান অফ দি ম্যাচ : নাজিমউদ্দিন (বাংলাদেশ)। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২০৩৫ঘ.