২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বয়সকে যোগ্যতার ঘাটতি মানেন না হার্মার

কোনো আন্তর্জাতিক দলের কোচ হওয়ার টান কখনো কখনো বয়সকেও হার মানায়। "এই বয়সে কোনো জাতীয় দলকে কোচিং করানো আমার পক্ষে সম্ভব হবে না"- বলার পরও পাকিস্তান দলের দায়িত্ব নিয়েছিলেন বব উলমার। জন হার্মারও আগেরদিনই বলেছিলেন, একটি আন্তর্জাতিক দলের কোচ হওয়ার গৌরবানন্দে ভাসার জন্যই বাংলাদেশ দলের কোচের শুন্যপদে আবেদন করেছেন। তাই বলে কিছুতেই বয়সকে এই কাজের জন্য বাঁধা বলে মনে করেন না ৬৫ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান। বরং মনের তারুণ্যকেই এক্ষেত্রে নিজের সবচেয়ে বড়ো শক্তি মানেন অস্ট্রেলিয়ার কমনওয়েলথ ব্যাংক ক্রিকেট একাডেমীর এই সিনিয়র কোচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2007, 11:30 AM

Updated : 26 Aug 2022, 08:33 PM

ঢাকা, ১ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- কোনো আন্তর্জাতিক দলের কোচ হওয়ার টান কখনো কখনো বয়সকেও হার মানায়। "এই বয়সে কোনো জাতীয় দলকে কোচিং করানো আমার পক্ষে সম্ভব হবে না"- বলার পরও পাকিস্তান দলের দায়িত্ব নিয়েছিলেন বব উলমার। জন হার্মারও আগেরদিনই বলেছিলেন, একটি আন্তর্জাতিক দলের কোচ হওয়ার গৌরবানন্দে ভাসার জন্যই বাংলাদেশ দলের কোচের শুন্যপদে আবেদন করেছেন। তাই বলে কিছুতেই বয়সকে এই কাজের জন্য বাঁধা বলে মনে করেন না ৬৫ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান। বরং মনের তারুণ্যকেই এক্ষেত্রে নিজের সবচেয়ে বড়ো শক্তি মানেন অস্ট্রেলিয়ার কমনওয়েলথ ব্যাংক ক্রিকেট একাডেমীর এই সিনিয়র কোচ। টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ দলের বাইরে থাকা বিসিবির অন্য চুক্তিভুক্ত ক্রিকেটারদের নিয়ে শনিবার তার কাটানো ঘন্টাদুয়েকের সেশনেও এর কিছুটা বোঝালেন। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের ইনডোরের পাশে যে মাঠ, সেখানকার নেটে কড়া রোদ উপেক্ষা করে ক্রিকেটারদের ব্যাটিং বোলিং দেখলেন। হাবিবুল বাশার থেকে শুরু করে তুষার ইমরানরা যেমন তার কাছ থেকে টিপস পেলেন, তেমনি বাদ গেলেন না ফাস্ট বোলার শাহাদাত হোসেন ও তাপস বৈশ্যরাও। এরপর ইনডোরে ঢুকে গিয়ে কাটালেন আরো ঘন্টাখানেক সময়। সময়টা বেশ উপভোগ করেছেন বলেই দাবি করলেন। এমনই যে বয়স নিয়ে প্রশ্নও তার মুখের হাসি কেড়ে নিতে পারলো না। এক চিলতে হাসি মুখে ঝুলিয়ে রেখেই বললেন, "এখনো আমি যথেষ্টই তরুণ এবং মেধাবী। মনের দিক থেকে তো আমি বেশ তরুণ।" তা ৬৫ বছরের এই 'তরুণ'কে কেমন লাগলো? এই প্রশ্নে অবশ্য ক্রিকেটাররা চটজলদি কোনো সিদ্ধান্তে পৌছে যেতে চাইছেন না। দুই ঘন্টা সময় ভাগাভাগি হয়ে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার যেমন তার ভাগে পেয়েছেন ১০ মিনিট। এই সময়ে আসলে সিদ্ধান্তে পৌছানো কঠিনও, "আসলে ১০ মিনিটে তো আর কিছুই বোঝা যায় না।" তবে বিসিবির কোচ নির্বাচন প্যানেলের সদস্যরা জন হার্মারকে পেয়েছেন অনেকটা সময় ধরেই। শুক্রবার সকাল থেকে বিকেল অব্দি সময়টা তারা পার করেছেন এই অস্ট্রেলিয়ানের সঙ্গে আলোচনায় এবং তার প্রেজেন্টেশন দেখে। এরপর শনিবারও ক্রিকেটারদের সঙ্গে সেশনের পাশাপাশি আলোচনাও চলেছে তাদের মধ্যে। দু'দিনের অভিজ্ঞতায় প্যানেল সদস্য জালাল আহমেদ চৌধুরী অবশ্য হার্মারের যোগ্যতা নিয়ে একেবারে নিঃসংশয়, "আমাদের মূল উদ্দেশ্য কোচ যাচাই করা। উনি (হার্মার) ভালো কোচ। তার চেয়ে ভালো কাউকে পাওয়া যায় কিনা দেখবো আমরা। তবে টেকনিক্যাল দিকটায় ভালো তিনি। তাছাড়া বায়োমেকানিক্সেও দক্ষ। আমরা তার কাছ থেকে যা আশা করেছিলাম সেটা পেয়েছি। এটুকু বলতে পারি কোচ হওয়ার জন্য তিনি যোগ্য লোক।" এদিন ক্রিকেটারদের ছোটোখাটো ভুল-ত্র"টি শুধরে দেওয়ার চেষ্টা করেছেন হার্মার। তুষার ইমরানকে যেমন বলেছেন, ব্যাটিংয়ের সময় তার ডাউনসুইংটা আরেকটু দ্রুত হওয়া উচিত। জানেন বাংলাদেশের কোচ নির্বাচনের প্রক্রিয়াটা অনেক দীর্ঘ। তাকে তাই অপেক্ষায় থাকতে হবে। সেজন্য অবশ্য টেস্ট ক্রিকেটে মাথা তুলে দাঁড়ানোর জন্য লড়তে থাকা বাংলাদেশকে পরামর্শ দিতে কোনো আপত্তি নেই তার। বলেছেন, "টেস্ট ক্রিকেটে ভালো কিছু করতে হলে মানসিকভাবে যেমন শক্ত হওয়া চাই, তেমনি আপনার পা দুটোও শক্তিশালী হতে হবে। এই দুটো বিষয় ঠিক থাকলে আপনার স্কিল কাজে লাগতে শুরু করবে। এগুলো ঠিক হয়ে গেলেই দেখবেন, টেস্ট ক্রিকেটে বাংলাদেশ এখন যে ভুলগুলো করছে সেগুলো আর ঘটছে না।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/ওআরপি/১৭৩০ঘ.