ঢাকা, ৩১ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- জয় দিয়ে ইনস্টিটিউট চ্যালেঞ্জ কাপ শুরু করা গ্রামীনফোন-বিসিবি একাডেমি দল পরপর দুই ম্যাচে হারের ধাক্কা সামলে উঠেছে। বুধবার চতুর্থ ম্যাচে তারা ডারউইনের মারারা ওভালে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরিকে (এসিটি) উড়িয়ে দিয়েছে ৭৭ রানে। টস জিতে ব্যাট করতে নামা একাডেমি দল নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেটে তোলে ১৮৩ রান। জবাবে একাডেমির বোলারদের কৃতিত্বে ৩৫ দশমিক ৩ ওভারে মাত্র ১০৬ রানে গুটিয়ে যায় এসিটি।
একাডেমি দলের ইনিংসে অবশ্য কোনো ফিফটি নেই। তবে চল্লিশোর্ধ ইনিংস আছে দুটো। ৭৩ বলে চার বাউন্ডারিতে ম্যাচ সর্বোচ্চ ৪৬ রান করেছেন নাসিরুদ্দিন ফারুক। আর জহিরুল ইসলাম অমি করেছেন ৪১ রান। তার ৬৯ বলের ইনিংসটা সাজানো ছিল পাঁচটি বাউন্ডারি দিয়ে। হিসেবী এই ইনিংস দুটোর পাশে সবচেয়ে জ্বলজ্বল করছে অবশ্য পেসার ডলার মাহমুদের আক্রমনাত্মক ইনিংসটা। মাত্র ২২ বলে ৩৪ রান করার পথে ছক্কা মেরেছেন তিনটি। বোলিংয়ে দুটো করে উইকেট নিয়েছেন নাজমুল হোসেন (২/১১), এনামুল (২/২০) এবং অধিনায়ক মেহরাব হোসেন জুনিয়র (২/২৫)। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন মোশাররফ হোসেন রুবেল ও ডলার মাহমুদ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯৪০ঘ.
bdnews24