২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট ম্যাচেও ছিল বিক্ষোভ আর কারফিউর উত্তাপ

দিনভর নগরীর চারিদিকে চলতে থাকা বিক্ষোভের খবর এসে পৌছাচ্ছিল ক্রিকেটারদের কানেও। আর বিকেলে এলো কারফিউর ঘোষণা। এর মাঝেই মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হয়ে যাওয়া প্র্যাকটিস ম্যাচে জাতীয় দল একাডেমী দলকে হারালো ১৬ রানে। ব্যবধান শুনে এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা আমেজ ছিল মনে করে বিভ্রান্তও হতে পারেন। জাতীয় দলের হাতের মুঠোয় থাকা ম্যাচে তা ছিল না ঠিকই। তাই বলে মোহাম্মদ আশরাফুলদের খেলায় মন ভরানোর কিছূ ছিল, মনে করারও কোনো কারণ নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2007, 02:46 PM

Updated : 26 Aug 2022, 08:29 PM

ঢাকা, ২২ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- দিনভর নগরীর চারিদিকে চলতে থাকা বিক্ষোভের খবর এসে পৌছাচ্ছিল ক্রিকেটারদের কানেও। আর বিকেলে এলো কারফিউর ঘোষণা। এর মাঝেই মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হয়ে যাওয়া প্র্যাকটিস ম্যাচে জাতীয় দল একাডেমী দলকে হারালো ১৬ রানে। ব্যবধান শুনে এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা আমেজ ছিল মনে করে বিভ্রান্তও হতে পারেন। জাতীয় দলের হাতের মুঠোয় থাকা ম্যাচে তা ছিল না ঠিকই। তাই বলে মোহাম্মদ আশরাফুলদের খেলায় মন ভরানোর কিছূ ছিল, মনে করারও কোনো কারণ নেই। 'ফরটি ওভারস এ সাইড' ম্যাচ। কিন্তু টুয়েন্টি-টুয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ম্যাচটা হলো ২০ ওভার করে চার ভাগে বিভক্ত হয়ে। বৃহস্পতিবার দুপুরে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হতে যাওয়া একাডেমী দল টস জিতে ব্যাট করতে পাঠায় জাতীয় দলকে। তারা ২০ ওভারে ৪ উইকেটে ৬৪ রান তুলে দান ছাড়ে। জাতীয় দলের পুরনো রোগ টপ অর্ডারের ব্যর্থতার পর ২০ ওভারে একাডেমীর ব্যাটিংকে অনেক ভালোই বলতে হয়। মাত্র ১ উইকেট খুঁইয়ে তোলে ৬০ রান। ৬৪/৪ থেকে শুরু করে পরের ২০ ওভারে ১৮৮ রানে পৌছায় আশরাফুলের দল। ৬০/১ থেকে শুরু করা একাডেমী অলআউট হয় ১৭২ রানে। মানে শেষ ২০ ওভার তুলনামূলক ভালো অবস্থায় থেকে শুরু করেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে একাডেমী। লংঅন দিয়ে বিশাল এক ওভার বাউন্ডারি। এর সঙ্গে চারটি বাউন্ডারিতে অধিনায়ক আশরাফুলের ৫৫ বলে ৫১ রানের ইনিংসটাই জাতীয় দলের ব্যাটিংয়ের উল্লেখযোগ্য দিক। দলকে ১২৮ রানে রেখে তিনি রান আউট হয়ে যাওয়ার পর তার দলের ঝিমিয়ে আসা ব্যাটিংকে অবশ্য শেষে প্রাণ দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। স্পিনার নাঈম ইসলামকে পরপর তিন বলে ছক্কা হাঁকানো এই অলরাউন্ডার করেছেন ১১ বলে ২২ রান। তাও ইনিংস ১৮০ পেরুতো কিনা সন্দেহ, যদি না আরেক পেসার জিয়াউর রহমান শেষ ওভারে মেহরাব হোসেন জুনিয়রকে টানা দুটো ছক্কা মারতেন। লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের কৃতিত্বের নমুনা থাকলেও নেই টপ অর্ডারের। পুরনো এই রোগ নিয়ে প্রশ্ন করার প্রস্তুতিও ছিল মিডিয়ার। কিন্তু বিকেলে সবই ভেস্তে দিল কারফিউর ঘোষণা। ক্রিকেটারদের যে তখন কারফিউর তাড়া। খেলা শেষে কুলডাউন করেই যে যার মতো ছুটছিলেন বাসায়। আর ঢাকার বাইরের ক্রিকেটাররা হোটেলে। অধিনায়কের বাসা মিরপুর থেকে অনেকদূরে। তাই টপ অর্ডারের ব্যর্থতা নিয়ে তাকে প্রশ্ন করার সুযোগ কই! তাও ভালো যে আশরাফুলরা মাঠে ছিলেন বলে বিক্ষোভের উত্তাপ তাদের গায়ে লাগেনি। যেমন লেগেছে মাঠের বাইরে বসা হাবিবুল বাশারের। এখন খেলার মধ্যে না থাকা বিসিবির চুক্তিভুক্ত ক্রিকেটারদের জন্য একটা রুটিন করে দেওয়া আছে। একদিন ইনডোরে প্র্যাকটিস তো আরেকদিন জিম ওয়ার্ক। হাবিবুল এসেছিলেন মিরপুর ইনডোরে। সেখানে প্র্যাকটিস সেরে তার বাসায় ফেরা বেশ কয়েক ঘন্টা বিলম্বিত হলো। কারণ ফোনে খবর পাচ্ছিলেন বিভিন্ন জায়গায় বিক্ষোভের বলি হচ্ছে যানবাহন। নিজের গাড়ীটা যদি আবার আক্রান্ত হয়! এই আশঙ্কায় সহসাই মাঠ থেকে বেরুতে পারছিলেন না হাবিবুল! সংক্ষিপ্ত স্কোর জাতীয় দল : ৪০ ওভারে ১৮৮/১০ (তামিম ১১, জুনায়েদ ২৪, নাজিমউদ্দিন ১২, আশরাফুল ৫১, সাকিব ৩, অলক ১৮, মুশফিক ২, নাদীফ অপরাজিত ১৩, ফরহাদ ১০, মাশরাফি ২২, জিয়াউর ১২, অতিরিক্ত ১০, নাজমুল ০/২৮, ডলার ১/১৬, তালহা ১/১৩, রবীন ২/১৩, মোশাররফ ১/২৮, মেহরাব ২/৪১, নাঈম ২/৪৮) একাডেমী দল : ৩৯ দশমিক ৪ ওভারে ১৭২/১০ ( সগীর ২২, ফারুক ১, রাকিবুল ৪১, মেহরাব ৪৬, নাঈম ৪, ধীমান ২৫, ডলার ১৬, নাজমুল ২, মোশাররফ ৩, রবীন অপরাজিত ১, তালহা ০, অতিরিক্ত ১১, মাশরাফি ২/২৯, রাসেল ২/২৬, সাকিব ২/২৬, রাজ্জাক ৪/৩৮, অলক ০/১৯, ফরহাদ ০/২৬) বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০১৫ঘ.