২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুয়েন্টি টুয়েন্টির আমেজটা পাওয়া গেলো না আশরাফুলদের খেলায়

দুটো টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ ছিল। এর শেষটায় একাডেমী দল জাতীয় দলকে টার্গেট দিয়েছিল ১০৪ রানের। মোহাম্মদ আশরাফুলের দল ৫ উইকেট হারিয়ে ১৭ দশমিক ২ ওভারে লক্ষ্যে পৌছালেও একাডেমী দলের ব্যাটিং কোচ মিনহাজুল আবেদীন নান্নু জাতীয় দলের টুয়েন্টি টুয়েন্টি খেলার ধরনে সন্তুষ্ট হতে পারলেন না, "ওরা আর কয়েক দিন পরই টুয়েন্টি টুয়েন্টির বিশ্বকাপ খেলতে যাবে। এই ম্যাচটা তো ১২/১৩ ওভারে জেতা উচিত ছিল।" ১২/১৩ ওভারে জিতলেই যে হেসেখেলে জয় বলা যেত, তা অবশ্য মানতেই চাইছেন না বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুল,"১৭ ওভারে জেতাটাও খারাপ নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2007, 02:24 PM

Updated : 26 Aug 2022, 08:29 PM

ঢাকা, ২১ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- দুটো টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ ছিল। এর শেষটায় একাডেমী দল জাতীয় দলকে টার্গেট দিয়েছিল ১০৪ রানের। মোহাম্মদ আশরাফুলের দল ৫ উইকেট হারিয়ে ১৭ দশমিক ২ ওভারে লক্ষ্যে পৌছালেও একাডেমী দলের ব্যাটিং কোচ মিনহাজুল আবেদীন নান্নু জাতীয় দলের টুয়েন্টি টুয়েন্টি খেলার ধরনে সন্তুষ্ট হতে পারলেন না, "ওরা আর কয়েক দিন পরই টুয়েন্টি টুয়েন্টির বিশ্বকাপ খেলতে যাবে। এই ম্যাচটা তো ১২/১৩ ওভারে জেতা উচিত ছিল।" ১২/১৩ ওভারে জিতলেই যে হেসেখেলে জয় বলা যেত, তা অবশ্য মানতেই চাইছেন না বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুল,"১৭ ওভারে জেতাটাও খারাপ নয়। এখানে জেতার অভ্যাসকেই বড়ো করে দেখছি আমি। তাছাড়া ম্যাচ তো আমাদের হাতের মুঠোতেই ছিল। টার্গেটও কম ছিল।" তুলনায় দিনের প্রথম ম্যাচটাই বেশি হাতের মুঠোয় ছিল জাতীয় দলের। আগে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৪ রান তোলে তারা। জবাব দিতে নামা একাডেমীর ইনিংসকে বৃষ্টি দুবার বাধাগ্রস্ত করেছিল। তবে অস্ট্রেলিয়াগামী একাডেমীর তরুণরা জাতীয় দলের জয়কে বাধাগ্রস্ত করতে পারেননি একটুও। ১৯ ওভারে তারা ৮৪ রানে অলআউট। জাতীয় দলের জয় ৬০ রানের। জিতলেও এই দুটো ম্যাচে জাতীয় দলের ব্যাটসম্যানরা বিনোদনের উপকরণ জোগান দিতে পেরেছেন কম। দুই ম্যাচেই ব্যর্থ ওপেনাররা। দ্বিতীয় ম্যাচে স্কয়ার লেগ দিয়ে বিশাল এক ছক্কা হাঁকিয়ে পরের বলেই মিড অনে ক্যাচ তুলে দিয়ে আসা তামিম প্রথম ম্যাচেও করেছেন ৬ রান। আর টুয়েন্টি টুয়েন্টির সুবাদে তার নতুন ওপেনিং সঙ্গী জুনায়েদ ইমরোজ সিদ্দিকী করেছেন ৭ ও ০ রান। বাংলাদেশে এধরনের ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ানের ব্যর্থতা নিয়ে কথা উঠতেই একটু যেন বিরক্তই হলেন অধিনায়ক, "এতো তাড়াতাড়ি কথা ওঠা ঠিক নয়।" প্রথম ম্যাচে আফতাব আহমেদ (৩২ বলে ৪৩) ও সাকিব আল হাসানের (২৫ বলে ৩৩) ইনিংস দুটো ছাড়া জাতীয় দলের উল্লেখযোগ্য আর কিছু নেই। দ্বিতীয় ম্যাচে যেমন 'সবেধন নীলমণি' আশরাফুলের ৩৩ বলে ৪৫ রান। ম্যাচ দুটোতে টুয়েন্টি টুয়েন্টি আমেজ না থাকার অভিযোগ অধিনায়ক স্বীকারও করে নিচ্ছেন। তবে এর পেছনে একটা কারণও দাঁড় করাতে ভুলছেন না, "আমরা ২৫ দিন পর ম্যাচ খেলতে নামলাম। এর আগে একদিনই ( সোমবার) স্কিল প্র্যাকটিস করেছি। তার আগে ছিলাম কমান্ডো ট্রেনিংয়ে। সেটা করে আসার পর সবাই হয়তো পুরো ফিট ছিল না। আমি বলতে চাচ্ছি, অনেকের শরীরেই একটু না একটু ব্যথা ছিল।" সংক্ষিপ্ত স্কোর প্রথম ম্যাচ জাতীয় দল : ২০ ওভারে ১৪৪/৯ ( তামিম ৬, জুনায়েদ ০, আফতাব ৪৩, আশরাফুল ৪, সাকিব ৩৩, অলক অপরাজিত ২১, মাহমুদুল্লাহ ২, ফরহাদ ৮, মাশরাফি ৭, মুশফিক অপরাজিত ১২, অতিরিক্ত ৮, নাজমুল ১/১৯, ডলার ৩/৩০, নাঈম ২/১৭, মেহরাব ১/৩৫) একাডেমী দল : ১৯ ওভারে ৮৪/১০ ( নাঈম ১২, ধীমান ২, নাসিরুদ্দিন ২১, রাকিবুল ৯, মেহরাব ৬, ডলার ৪, পাভেল ৩, নাজমুল ৫, তালহা অপরাজিত ৭, অতিরিক্ত ১৫, মাশরাফি ১/১৪, জিয়াউর ১/১৯, ফরহাদ ১/১৬, সাকিব ৩/১২, রাজ্জাক ২/৫, অলক ১/৬, মাহমুদুল্লাহ ১/৬) ফল : জাতীয় দল ৬০ রানে জয়ী। দ্বিতীয় ম্যাচ একাডেমী দল : ২০ ওভারে ১০৩/৬ (মেহরাব ৩৯, নাঈম ৩৩, ডলার ১৬, মাশরাফি ২/১৩, জিয়াউর ১/৮, রাজ্জাক ২/২৫, অলক ১/১৪) জাতীয় দল : ১৭ দশমিক ২ ওভারে ১০৪/৫ (তামিম ৬, জুনায়েদ ৭, নাজিমউদ্দিন ৮, আশরাফুল ৪৫, সাকিব ১৫, নাদীফ অপরাজিত ৮, অলক অপরাজিত ৬, অতিরিক্ত ৯, ডলার ২/১৬, নাজমুল ১/৮, তালহা ১/১৯) ফল : জাতীয় দল ৫ উইকেটে জয়ী। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০২৫ঘ.