লন্ডন, ১৪ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হাতাহাতিটাই ছিল বাকি। টিভি ক্যামেরায় মুখভঙ্গিই বলে দিচ্ছিল অনিল কুম্বলে পারলে গিলে খান কেভিন পিটারসেনকে। ব্যাপারটা বেশিদূর গড়াতে দেননি দক্ষিণ আফ্রিকান আম্পায়ার ইয়ান হাওয়েল। ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড়ও স্লিপ থেকে দৌড়ে এসে ঠাণ্ডা করেছেন তার বোলারকে। কিন্তু পিটারসেন জানাচ্ছেন, যতটা ভাবা হচ্ছে ব্যাপারটা মোটেই তেমন হয়নি। বলেছেন, "আসলে ও খুবই লড়াকু প্রতিদ্বন্দ্বী। ভারত যে কোনো মূল্যে জয় চাইছিল আর সে লড়ছিল তার দেশের জন্য। আমি বল দেখছিলাম, সেদিকেই মনযোগ থাকাতে ওর পথে পড়ে গিয়েছিলাম।"
ওভাল টেস্টের পঞ্চম দিনের এই ঘটনা একই সঙ্গে ম্যাচের হাইলাইটও। দারুণ এক সেঞ্চুরি দিয়ে ইংল্যান্ডের পরাজয় ঠেকিয়েছেন পিটারসেন। এটি সিরিজে তার দ্বিতীয় সেঞ্চুরি। অন্যদিকে কুম্বলে নিজেও করেছেন সিরিজে ভারতের পক্ষে একমাত্র সেঞ্চুরিটি এ ম্যাচেই। সেই সঙ্গে গ্লেন ম্যাকগ্রাকে টপকে টেস্ট উইকেট শিকারীদের তালিকায় উঠে এসেছেন তৃতীয় স্থানে। লড়েছেন এ দুজনই। সেটা মারাত্মক রূপ নিয়েছিল যখন ফিরতি বলে ফিল্ডিং করার সময় পিটারসেনের সঙ্গে তার ধাক্কা লাগে। মেজাজ হারিয়ে তখন গালিগালাজ করেছেন কুম্বলে, পাল্টা জবাব দিয়েছেন পিটারসেনও।
দ্রাবিড়ও সমর্থন করেছেন পিটারসেনের বক্তব্য। বলেছেন, "তেমন মারাত্মক কোনো ঘটনা ঘটেনি। অবশ্য অনিল যখন বল করে তখন বেশ উত্তেজিত থাকে, কারণ সে প্রচণ্ড পরিশ্রম করে। ভারতের হয়ে খেলার সময় মাঠে কুম্বলের চেয়ে গর্বিত আর কাউকে পাবেন না।'' তারপর জানিয়েছেন এই ম্যাচে কুম্বলের ব্যাটিংটাও দারুণ মুগ্ধ করেছে তাকে,''অনিল শীর্ষ খেলোয়াড়দের একজন, ওর সেঞ্চুরিতে আমি দারুণ খুশী- আমার দেখা সেরা সেঞ্চুরিগুলোর একটি এটি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/২১৩০ঘ.
bdnews24